সন্তানের ব্যর্থতায় দায় শিক্ষকের ওপর চাপানোর সংস্কৃতি
আজহারুল ইসলাম সাদী
একজন শিক্ষার্থীর সাফল্যের পেছনে যেমন সম্মিলিত প্রচেষ্টা থাকে, তেমনি তার ব্যর্থতার দায়ও কোনো একক ব্যক্তির ওপর চাপানো যায় না। কিন্তু আমাদের সমাজে বর্তমানে একটি উদ্বেগজনক প্রবণতা দেখা যাচ্ছে। কোনো শিক্ষার্থী পরীক্ষায় আশানুরূপ ফল করতে না পারলে কিংবা অকৃতকার্য হলে অনেক অভিভাবক নিজেদের দায়িত্বের কথা ভুলে সরাসরি শিক্ষকের ওপর ক্ষোভ ঝাড়েন। এমনকি কোথাও কোথাও শিক্ষকদের অপমান ও শারীরিকভাবে লাঞ্ছিত করার মতো ঘটনাও ঘটছে। একটি সুস্থ ও শিক্ষাবান্ধব সমাজে এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সম্প্রতি যশোরের ঝিকরগাছায় এমনই একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এসএসসির নির্বাচনী পরীক্ষায় ছেলে ছয় বিষয়ে অকৃতকার্য হওয়ায় সেন্ট লুইস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে ওই শিক্ষার্থীর বাবা ইউনুস আলীর বিরুদ্ধে।
গত ১৭ নভেম্বর সকালে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের সেন্ট লুইস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে এ ঘটনা ঘটে। লাঞ্ছিত প্রধান শিক্ষকের নাম ব্রাদার সঞ্চয় ম্যাথিয়াস রোজারিও। এ ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ ঝিকরগাছা থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ অভিযুক্ত অভিভাবক ইউনুস আলীকে আটক করে।
বিদ্যালয়ের ১২ জন শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যদের স্বাক্ষরিত অভিযোগ সূত্রে জানা যায়, ১৬ নভেম্বর এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে আরফিন আহমেদ নামে এক শিক্ষার্থী ছয় বিষয়ে অকৃতকার্য হয়। ফলাফলে অসন্তোষ প্রকাশ করে পরদিন ওই শিক্ষার্থীর বাবা ইউনুস আলী প্রধান শিক্ষকের কার্যালয়ে প্রবেশ করেন। অভিযোগ অনুযায়ী, সেখানে কোনো কিছু বুঝে ওঠার আগেই তিনি প্রধান শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির স্ত্রীর বিরুদ্ধেও বিদ্যালয়ে এসে শিক্ষক-কর্মচারীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এতে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে বিদ্যালয় কর্তৃপক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছে।
প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঝিকরগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতি। সমিতির সভাপতি মো. আহাছান উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন সোহাগ এক যৌথ বিবৃতিতে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করার মতো ন্যক্কারজনক ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ধরনের হামলা শুধু একজন শিক্ষকের ওপর নয়, বরং সমগ্র শিক্ষকসমাজ ও শিক্ষাব্যবস্থার ওপর আঘাত। তাঁরা অবিলম্বে অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত ইউনুস আলীকে আটক করা হয়েছে।
এবার মূল আলোচনায় আসা যাক। একটি শিক্ষার্থীর শিক্ষাজীবন মূলত তিনটি গুরুত্বপূর্ণ স্তম্ভের ওপর দাঁড়িয়ে থাকে—শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী নিজে। শিক্ষক শ্রেণিকক্ষে পাঠদান করেন, প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং শিক্ষার্থীর মেধা ও মনন বিকাশে সহায়তা করেন। কিন্তু একজন শিক্ষার্থী দিনের একটি নির্দিষ্ট সময়ই শিক্ষকের সান্নিধ্যে থাকে। বাকি দীর্ঘ সময় কাটে পরিবারে, অভিভাবকদের তত্ত্বাবধানে। বাড়িতে সে নিয়মিত পড়াশোনা করছে কি না, প্রযুক্তির অপব্যবহারে জড়িয়ে পড়ছে কি না কিংবা মানসিক কোনো চাপে রয়েছে কি না, সেদিকে নজর রাখার গুরুত্বপূর্ণ দায়িত্ব অভিভাবকের।
দুঃখজনক হলেও সত্য, অনেক অভিভাবক সন্তানের প্রতিদিনের পড়াশোনার খোঁজখবর রাখেন না। অথচ বছরের শেষে পরীক্ষার ফল প্রকাশ হলে তাঁদের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ দেখা দেয়। সন্তান অকৃতকার্য হলে নিজেদের দায়িত্ব ও ভূমিকা পর্যালোচনা না করে শিক্ষকের পাঠদান পদ্ধতি কিংবা খাতা মূল্যায়নের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন। এটি শুধু শিক্ষকের মর্যাদাকে ক্ষুণ্ণ করে না, শিক্ষার্থীর মনেও শিক্ষকের প্রতি অশ্রদ্ধা তৈরি করে। যে শিক্ষার্থী নিজের অভিভাবককে শিক্ষককে অসম্মান করতে দেখে, তার পক্ষে শিক্ষকের প্রতি যথাযথ শ্রদ্ধা ও আস্থা বজায় রাখা কঠিন হয়ে পড়ে। এতে শিক্ষার স্বাভাবিক পরিবেশও ব্যাহত হয়।
আমাদের মনে রাখতে হবে, পরীক্ষায় অকৃতকার্য হওয়া মানেই জীবনের সব সম্ভাবনার সমাপ্তি নয়। প্রতিটি শিশুর মেধা, মনোযোগ ও শেখার সক্ষমতা এক রকম নয়। কারও ভালো ফলের জন্য বেশি সময় ও সহযোগিতার প্রয়োজন হয়। তাই ফলাফল খারাপ হলে অভিভাবকের প্রথম কাজ হওয়া উচিত সন্তানের দুর্বলতার জায়গাগুলো চিহ্নিত করা। প্রয়োজনে শিক্ষকের সঙ্গে খোলামেলা আলোচনা করে সমস্যার কারণ অনুসন্ধান এবং সমাধানের পথ খুঁজে বের করা।
শিক্ষক ও অভিভাবক একে অপরের প্রতিপক্ষ নন; তাঁরা শিক্ষার্থীর ভবিষ্যৎ গঠনের সহযোগী। একজনের দায়িত্ব অন্যজনের ওপর চাপিয়ে দিয়ে কখনোই কাঙ্ক্ষিত ফল পাওয়া সম্ভব নয়। বরং পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও সহযোগিতার ভিত্তিতে কাজ করলেই শিক্ষার্থীর প্রকৃত উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।
পরিশেষে বলতে চাই, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। তাঁদের যথাযথ সম্মান, মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা পরিবার, সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব। শিক্ষার্থীর ফলাফল খারাপ হলে আবেগের বশবর্তী হয়ে শিক্ষকের ওপর দায় চাপানো কিংবা তাঁকে অপমান-লাঞ্ছিত করা কোনো সমাধান নয়। বরং অভিভাবকদের উচিত সন্তানের পড়াশোনার প্রতি আরও দায়িত্বশীল ও যত্নশীল হওয়া এবং শিক্ষকের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা। মনে রাখতে হবে, শিক্ষার্থীর সাফল্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সম্মিলিত প্রচেষ্টার ফল। এই বোধ তৈরি হলেই গড়ে উঠবে একটি সুস্থ, সুন্দর ও আলোকিত শিক্ষাব্যবস্থা।
আজহারুল ইসলাম সাদী, সাংবাদিক ও কলামিস্ট









