সম্পাদকীয়/বাল্যবিয়ে প্রতিরোধে শিক্ষার্থীদের লাল কার্ড: একটি আশাব্যঞ্জক সামাজিক জাগরণ
বাল্যবিয়ে আমাদের সমাজের এক দীর্ঘস্থায়ী ও গভীর ব্যাধি, যা কেবল একজন কিশোরীর শৈশব ও শিক্ষাজীবনকেই ধ্বংস করে না, বরং একটি সুস্থ ও সমৃদ্ধ প্রজন্ম গড়ার পথকেও রুদ্ধ করে দেয়। আইন থাকা সত্ত্বেও সামাজিক অসচেতনতা, দারিদ্র্য এবং নিরাপত্তাহীনতার অজুহাতে দেশের উপকূলীয় ও প্রান্তিক জনপদে এখনো গোপনে কিংবা প্রকাশ্যে বাল্যবিয়ের মতো অনাকাক্সিক্ষত ঘটনা ঘটছে। এমন প্রেক্ষাপটে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভেটখালী এ. করিম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাল্যবিয়ের বিরুদ্ধে ‘লাল কার্ড’ প্রদর্শন নিঃসন্দেহে এক অত্যন্ত ইতিবাচক ও অনুকরণীয় দৃষ্টান্ত।
মাঠের খেলায় যেমন নিয়ম ভঙ্গের চূড়ান্ত শাস্তি হিসেবে রেফারি লাল কার্ড দেখান, তেমনি সমাজের এই ভয়াবহ ব্যাধির বিরুদ্ধে কোমলমতি শিক্ষার্থীদের এই প্রতীকী প্রতিবাদ এক শক্তিশালী বার্তা বহন করে। ‘বাল্যবিয়ে দিব না, বাল্যবিয়ে করব না’Ñএই অঙ্গীকারের পাশাপাশি ‘শিশুর হাতে বই চাই, বিয়ের শাড়ি নয়’ কিংবা ‘শিশুর শৈশব কেড়ে নেবেন না’ শীর্ষক স্লোগানগুলো প্রমাণ করে যে আমাদের নতুন প্রজন্ম নিজেদের অধিকার ও ভবিষ্যৎ সম্পর্কে আগের চেয়ে অনেক বেশি সচেতন। বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাকশনএইডের উদ্যোগে আয়োজিত র্যালি, বক্তৃতা, কুইজ ও সচেতনতামূলক নাটকের মাধ্যমে শিক্ষার্থীরা যেভাবে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে, তা সত্যিই প্রশংসনীয়।
তবে মনে রাখতে হবে, বাল্যবিয়ে প্রতিরোধের দায়িত্ব কেবল শিক্ষার্থী বা হাতেগোনা কয়েকটি উন্নয়ন সংস্থার ওপর ছেড়ে দিলে চলবে না। শ্যামনগরের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ ও অর্থনৈতিক সংকটের কারণে অনেক অভিভাবক কন্যাশিশুকে বোঝা মনে করে অল্প বয়সে বিয়ে দিতে বাধ্য হন। এই মানসিকতা পরিবর্তনে পরিবার ও সমাজকে সবার আগে এগিয়ে আসতে হবে।
বাল্যবিয়ে নির্মূলে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম-পুরোহিত এবং নিকাহ রেজিস্ট্রারদের সমন্বিত ভূমিকা অপরিহার্য। আইন প্রয়োগের পাশাপাশি দরিদ্র পরিবারগুলোর জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী জোরদার করা এবং মেয়েদের শিক্ষাজীবন নির্বিঘœ রাখতে রাষ্ট্রীয় ও সামাজিক পৃষ্ঠপোষকতা বাড়ানো জরুরি।
ভেটখালী এ. করিম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এই লাল কার্ড প্রদর্শনের চেতনা দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ুক। কিশোর-কিশোরীদের হাতের বই যেন কখনোই বিয়ের পিঁড়িতে বসে হারিয়ে না যায়Ñসমাজ ও রাষ্ট্রকে সেই নিশ্চয়তা দিতে হবে। তবেই গড়ে উঠবে একটি সুস্থ, শিক্ষিত ও বাল্যবিয়েমুক্ত আগামীর বাংলাদেশ।











