সম্পাদকীয়/ সুন্দরবনের প্রাণ সুন্দরী গাছ রক্ষায় জরুরি পদক্ষেপ প্রয়োজন
বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষার প্রধান স্তম্ভ হলো সুন্দরী গাছ। কিন্তু দীর্ঘদিন ধরে এ বৃক্ষপ্রজাতিটি ‘আগামরা’ বা টপ-ডাইং রোগের মারাত্মক প্রকোপে ধুঁকছে। সম্প্রতি প্রকাশিত বিভিন্ন গবেষণার তথ্য উদ্বেগজনক চিত্র তুলে ধরেছে। এতে দেখা যায়, সুন্দরবনের প্রায় ৩৯ শতাংশ সুন্দরী গাছ অর্থাৎ প্রায় ১২ কোটি ৯৫ লাখ গাছ এই রোগে আক্রান্ত। শুধু উদ্ভিদের সংখ্যা হ্রাসই পাচ্ছে না, এর ফলে সুন্দরবনের সামগ্রিক কার্বন ডাই-অক্সাইড শোষণের সক্ষমতাও উল্লেখযোগ্য হারে কমে গেছে। যা কেবল বন বা পরিবেশের জন্য নয়, বরং পুরো উপকূলীয় অঞ্চলের সুরক্ষার জন্য এক গভীর অশনিসংকেত।
সুন্দরী গাছের এই বিপন্নতার পেছনে একক কোনো কারণ নেই, বরং রয়েছে নানামুখী পরিবেশগত সংকট। উজানে পানির স্বাভাবিক প্রবাহ কমে যাওয়া এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে বনের মাটি ও পানিতে লবণাক্ততা মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। মিঠাপানির তীব্র সংকটের কারণে গাছের স্বাভাবিক পুষ্টি প্রক্রিয়া ব্যাহত হচ্ছে এবং মাটির ভেতরের উপকারী ও ক্ষতিকর ছত্রাকের ভারসাম্য নষ্ট হয়ে পড়ছে। এর পাশাপাশি অতিরিক্ত পলি জমে গাছের শ্বাসমূল ঢাকা পড়ে যাওয়া এবং নতুন উপদ্রব হিসেবে পরজীবী লতার আক্রমণ সুন্দরী গাছগুলোকে আরও বেশি দুর্বল করে তুলছে। এর ফলে প্রকৃতির এই অপরূপ সুরক্ষাকবচ আজ ধ্বংসের মুখে।
ইতিবাচক দিক হলো, সামগ্রিকভাবে কিছু এলাকায় রোগাক্রান্ত গাছের হার কিছুটা কমেছে এবং নতুন কিছু অঞ্চলে সুন্দরী গাছের বিস্তার ঘটলেও তা এই বড় সংকটের সমাধান নয়। বনের প্রাকৃতিকভাবে বেঁচে থাকার এই লড়াইয়ে মানুষের কার্যকর সহায়তা এখন সময়ের দাবি।
সুন্দরবনের বাস্তুতন্ত্র টিকিয়ে রাখতে হলে উজান থেকে মিঠাপানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার পাশাপাশি লবণাক্ততা নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদি ও ফলপ্রসূ কূটনৈতিক ও অভ্যন্তরীণ পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে পরজীবী উদ্ভিদের আক্রমণ রোধে দ্রুত গবেষণা ও কার্যকর বন ব্যবস্থাপনা জরুরি। সুন্দরবন আমাদের প্রাকৃতিক ঢাল ও বিশ্ব ঐতিহ্যের অংশ; তাই এই অমূল্য সম্পদ রক্ষায় এখনই সমন্বিত ও জোরদার উদ্যোগ গ্রহণ করতে হবে।









