শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬, ২:০৯ অপরাহ্ণ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু

সংবাদদাতা: দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শুরু হয়েছে ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬’। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী বিদ্যালয় পর্যায় থেকে বিভাগীয় পর্যায় পর্যন্ত ধাপে ধাপে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

 

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (সেকশন-২, মিরপুর, ঢাকা) জারি করা এক স্মারকে জানানো হয়, শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ, সৃজনশীলতা বৃদ্ধি এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ এবং কাবিং- এই চারটি বিভাগে অংশগ্রহণের সুযোগ থাকবে। ক্রীড়া বিভাগে ১০০ মিটার দৌড়, দীর্ঘ লাফ, উচ্চ লাফসহ বিভিন্ন ইভেন্ট রয়েছে।

 

সাংস্কৃতিক বিভাগে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, নৃত্য, গান, গল্প বলা, উপস্থিত বক্তৃতা ও বিতর্কসহ মোট ১১টি বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান নিয়ে অনুষ্ঠিত হবে কুইজ প্রতিযোগিতা। সময়সূচি অনুযায়ী, বিদ্যালয় পর্যায়ে প্রতিযোগিতা সম্পন্ন করে ১৯ মে’র মধ্যে ইউনিয়ন পর্যায়ে অংশগ্রহণকারীদের তালিকা পাঠাতে হবে।

 

ইউনিয়ন পর্যায়ের প্রতিযোগিতা ১৯-২০ মে, উপজেলা পর্যায় ২২-২৩ মে, জেলা পর্যায় ৬-৭ জুন এবং বিভাগীয় পর্যায় ৮-৯ জুন অনুষ্ঠিত হবে। নীতিমালা অনুযায়ী, শুধুমাত্র তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে এবং ছেলে-মেয়ে পৃথক গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রতিযোগিতার সব ধাপ প্রাথমিক শিক্ষা পদক প্রদান নীতিমালা-২০২৬ অনুসরণ করে আয়োজন করতে হবে।

 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানায়, ১৯৮৫ সাল থেকে চালু থাকা এ পদক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা ও সংশ্লিষ্টদের সৃজনশীল অবদানকে স্বীকৃতি দেওয়া হয়। এর মাধ্যমে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করার পাশাপাশি দক্ষ ও আত্মনির্ভরশীল নাগরিক হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

 

Ads small one

পরিবেশ রক্ষায় দেশে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১:১৫ পূর্বাহ্ণ
পরিবেশ রক্ষায় দেশে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা

পত্রদূত ডেস্ক: পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় সরকার দেশব্যাপী ব্যাপকহারে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার করেছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

শনিবার খুলনা সিটি করপোরেশন ও বিকাশের যৌথ উদ্যোগে সোনাডাঙ্গা সোলার পার্কে বনায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, পরিবেশ সংরক্ষণ, নগর সবুজায়ন ও জলবায়ু সহনশীল নগর গড়ে তোলার লক্ষ্যে আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে। বনায়ন বৃদ্ধির মাধ্যমে জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য। সামাজিক সচেতনতা ছাড়া সরকারের এই সবুজায়নের প্রচেষ্টা সফল করা সম্ভব নয় উল্লেখ করে তিনি সবাইকে এ কাজে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি আরও বলেন, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে প্লাস্টিক ও পলিথিনমুক্ত করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে এবং সরকারের প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ চলছে।

খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে ওয়াসার চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান, কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ ও বন সংরক্ষক ইমরান আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

কলারোয়ায় টিসিবির পণ্য বিক্রিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১:১২ পূর্বাহ্ণ
কলারোয়ায় টিসিবির পণ্য বিক্রিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

সংবাদদাতা: কলারোয়া পৌরসভায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রিতে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। ব্যাগের দাম ও খুচরা টাকার অজুহাতে গ্রাহকদের কাছ থেকে এই অর্থ নেওয়া হচ্ছে।

২৬ সেপ্টেম্বর কলারোয়া পৌরসভা এলাকায় মেসার্স স্বপ্নিল স্টোর নামের একটি ডিলার প্রতিষ্ঠানের পণ্য বিতরণকালে এ ঘটনা ঘটে। ৫টি পণ্যের নির্ধারিত খুচরা মূল্য ৪৫৮ টাকা এবং ৬ টাকার একটি ব্যাগের দামসহ সর্বমোট ৪৬৪ টাকা হওয়ার কথা থাকলেও, গ্রাহকদের কাছ থেকে ৪৭০ টাকা করে আদায় করা হয়। এর ফলে একদিনে ৯২৮ জন কার্ডধারীর কাছ থেকে মোট ৫,৫৬৮ টাকা অতিরিক্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।

অভিযুক্ত ডিলার ওহিদুজ্জামানের স্থায়ী নিবাস লাঙ্গলঝাড়া ইউনিয়নে হলেও তিনি পৌরসভায় কার্যক্রম চালাচ্ছেন। এ ছাড়া নামে-বেনামে কলারোয়া ও সাতক্ষীরা সদরে একাধিক ডিলারশিপ দখলের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর সেলফোন বন্ধ পাওয়া যায়। সাধারণ মানুষ এ ঘটনায় তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

 

সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত ১

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত ১

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা-খুলনা মহাসড়কে পণ্যবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মেহেদী হাসান সবুজ (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার রাতে মহাসড়কের পাটকেলঘাটা ওভারব্রিজের ওপর মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক জেলার আশাশুনি উপজেলা সদরের আব্দুল জলিলের ছেলে। তিনি একমি কোম্পানিতে সেলস অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী শাহিন বিশ্বাস ও আল আমিনসহ স্থানীয় লোকজনের সূত্রে জানা যায়, শনিবার রাতে কাজ শেষে কুমিরা থেকে মোটরসাইকেলে সাতক্ষীরা শহরের দিকে যাচ্ছিলেন মেহেদী হাসান। পথে পাটকেলঘাটা ওভারব্রিজের ওপর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের সামনের চাকার নিচে পিষ্ট হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পাটকেলঘাটা থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর ইসলাম জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। তবে ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে।

এদিকে সাতক্ষীরা-যশোর মহাসড়কের মাধবকাটি বাজার সংলগ্ন এলাকায় শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মোটরসাইকেল দুর্ঘটনায় ১জন নিহত ও ১ জন আহত হয়েছেন। নিহতের নাম সোহান (১৯)। সে ঝাউডাঙ্গা ইউনিয়নের বলাডাঙ্গা মিস্ত্রিপাড়ার মৃত সবুরের ছেলে।

 

আহত জিম একই গ্রামের রওশন আলীর ছোট ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেল যোগে মাধবকাটি বাজার এলাকায় মেইন রোডে দুর্ঘটনার শিকার হন তারা। এ সময় তাদেরকে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসা অবস্থায় সোহান হোসেন মারা যান। আর আহত জিমকে সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে।