সাইবার নিরাপত্তা ও নিরাপদ ইন্টারনেট সচেতনতায় শিশুদের দলীয় সভা
নিজস্ব প্রতিনিধি: সাইবার অপরাধ রোধ এবং নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরায় শিশুদের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ‘ব্রেকিং দ্য সাইলেন্স’ পরিচালিত ‘স্পিক আপ’ প্রকল্পের আওতায় চেঞ্জ এজেন্ট গ্রুপের সদস্যদের নিয়ে এই আয়োজন করা হয়।
রোববার (১৪ জুন) বিকেলে ব্রেকিং দ্য সাইলেন্স-এর কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে আগরদাঁড়ী ইউনিয়নের ৩টি ও বল্লী ইউনিয়নের ২টি ওয়ার্ডের ২৫ জন শিশু ও তরুণ সদস্য অংশগ্রহণ করে।
সভায় সাতক্ষীরা সাইবার ক্রাইম অ্যালার্ট টিমের পরিচালক ও ব্রেকিং দ্য সাইলেন্স-এর সিএসও প্রতিনিধি শেখ মাহবুবুল হক সাইবার অপরাধের ধরণ, এর আইনি শাস্তি, হ্যাকিংয়ের বিভিন্ন পদ্ধতি এবং ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের সুরক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় ফেসবুক হ্যাক হলে বা সাইবার হয়রানির শিকার হলে কীভাবে আইনি সহায়তা নেওয়া ও রিপোর্ট করা যায়, সে বিষয়ে ব্যবহারিক সমাধানও দেখানো হয়।
তিনি বলেন, সাতক্ষীরা সাইবার ক্রাইম অ্যালার্ট টিম সব সময় ভুক্তভোগীদের পাশে আছে। সময়ের প্রয়োজনে ব্রেকিং দ্য সাইলেন্স এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ করছে, যার সাথে তার প্রতিষ্ঠান সমন্বয় করে কাজ চালিয়ে যেতে চায়।
সভার উদ্দেশ্য ও গুরুত্ব তুলে ধরেন ‘স্পিক আপ’ প্রকল্পের কমিউনিটি সোশ্যাল ওয়ার্কার আফরোজা সুলতানা। এছাড়া স্বাগত বক্তব্য দেন প্রকল্পের প্রজেক্ট অফিসার মো. আব্দুল মান্নান এবং শিশু-তরুণদের বিভিন্ন উদ্যোগ নিয়ে কথা বলেন কমিউনিটি সোশ্যাল ওয়ার্কার মো. মনির হোসেন।
অংশগ্রহণকারী শিশুরা জানায়, এ ধরনের ব্যবহারিক সেশন তাদের আত্মবিশ্বাস বাড়াতে এবং নতুন অনেক কিছু শিখতে সাহায্য করছে।












