সাতক্ষীরায় উল্টা রথযাত্রায় নিজ মন্দিরে ফিরলেন জগন্নাথদেব
সংবাদদাতা: ধূলিহর ব্রহ্মরাজপুর নিজ মন্দিরে জগন্নাথদেবের ফিরে যাওয়ার মধ্য দিয়ে সাতক্ষীরায় শেষ হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের শ্রী জগন্নাথদেবের উল্টা রথযাত্রা। শুক্রবার বিকেলে শহরের কাটিয়া (কর্মকার পাড়া) সর্বজনীন পূজা মন্দির থেকে ভক্তদের শোভাযাত্রাটি রওনা হয়।
সনাতন ধর্মবিশ্বাস মতে, কলিযুগে ভক্তদের ত্রাণে আর্বিভূত হন জগন্নাথ। তাঁর রথ টানায় পুণ্য ও সার্বিক কল্যাণ রয়েছে—এই বিশ্বাসে নানা বয়সের মানুষকে রশি টানতে দেখা যায়। মাসির বাড়িতে এক সপ্তাহের বেশি অবস্থানকালে প্রতিদিন সন্ধ্যায় ভাগবত আলোচনা ও দুপুরে হাজারো ভক্তের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
কাটিয়া সর্বজনীন পূজা মন্দিরের সভাপতি গৌর চন্দ্র দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস। বিশেষ ও সম্মানিত অতিথি হিসেবে জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আব্দুর রউফ, চেম্বার অব কমার্সের সভাপতি নাসির ফারুক খান মিঠু, সাবেক কাউন্সিলর শেখ মাসুম বিল্লাহ শাহীন, শিক্ষাবিদ কিশোরী মোহন সরকার, সমাজসেবক শেখ শফিউল্লাহ মনি, মঠাধ্যক্ষ ভীম বন্ধু দাস ও হিন্দু ধর্মীয় কল্যাণ ফান্ডের জেলা যুগ্ম আহ্বায়ক প্রীতিশ রায় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন রথযাত্রা উদ্যাপন কমিটির আহ্বায়ক শংকর কুমার রায়। ১৬ জুলাই ব্রহ্মরাজপুরের মূল মন্দির থেকে রথযাত্রার সূচনা হয়ে কাটিয়া মন্দিরে এসেছিল।






