রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩
রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

সাতক্ষীরায় বিজিবির অভিযানে জব্দ ৭৩ কোটির মাদক ধ্বংস

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬, ৪:০৯ অপরাহ্ণ
সাতক্ষীরায় বিজিবির অভিযানে জব্দ ৭৩ কোটির মাদক ধ্বংস
এসএম বিপ্লব হোসেন: সীমান্তের অতন্দ্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছে বাহিনীর সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)। এরই ধারাবাহিকতায় সীমান্তে বিভিন্ন সময়ে জব্দ করা ৭৩ কোটি ৭৫ লক্ষাধিক টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।
আজ রবিবার (২৮ জুন) সকাল ১১টায় সাতক্ষীরা ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, যশোরের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান, পিবিজিএম, বিপিএম (সেবা), বিজিওএম, পিএসসি।
বিজিবি সূত্রে জানা যায়, গত বছরের ১ জানুয়ারি থেকে চলতি বছরের ৩০ এপ্রিল পর্যন্ত সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৪৮ জন আসামিকে আটক করা হয়। এ সময় ১২৬ কোটি ৬৬ লক্ষ ৩৬ হাজার ৮৫৬ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে ৭৩ কোটি ৭৫ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য আজ ধ্বংস করা হয়।
ধ্বংসকৃত মাদকের তালিকায় রয়েছে: ৩ হাজার ৭৯১ বোতল বিভিন্ন প্রকার মদ, ৪ হাজার ৫২৪ বোতল ফেনসিডিল ও সমগোত্রীয় মাদক, ৪৭ হাজার ২৭০ পিস ইয়াবা, ৬ লক্ষ ০৭ হাজার ৭৬৯ পিস বিড়ি/সিগারেট, ৩৩.৪০০ কেজি গাঁজা, ৬৩ লক্ষ ১৩ হাজার ১২০ পিস বিভিন্ন প্রকার অবৈধ ঔষধ, ৩৫ কেজি তামাকের গুড়া, ২ বোতল লিকুইড সীসা এবং ১০০ কেজি মাদক তৈরির বট পাতা। এছাড়াও অতি উচ্চমূল্যের মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৭২.৫০ মিলিলিটার এলএসডি, ৮.৫৮৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) এবং ২০ বোতল আফিম তৈরির কেমিক্যাল।
অনুষ্ঠানের শুরুতে ৩৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি স্বাগত বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান বলেন,  মাদকমুক্ত দেশ গড়তে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। সীমান্ত দিয়ে মাদক প্রবেশ রোধে আমাদের সদস্যরা দিন-রাত নিরলসভাবে কাজ করছেন। তবে মাদক একটি বহুমাত্রিক সামাজিক সমস্যা। এটি মোকাবিলায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সর্বস্তরের জনগণের অংশগ্রহণ ও সামাজিক সচেতনতা অপরিহার্য। তিনি বিজিবির সদস্যদের পেশাদারিত্বের প্রশংসা করেন এবং মাদক চোরাচালান প্রতিরোধে স্থানীয়দের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে খুলনা সেক্টর কমান্ডার, সাতক্ষীরার জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, কাস্টমস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ র‍্যাব-৬ এর প্রতিনিধি এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারী সকলেই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
উল্লেখ্য, জনসচেতনতা বৃদ্ধি এবং মাদকের বিরুদ্ধে কঠোর বার্তা পৌঁছে দিতে বিজিবি নিয়মিত বিরতিতে এ ধরনের ধ্বংস কার্যক্রম পরিচালনা করে আসছে।

Ads small one

সাবেক সাংসদ লায়লা পারভিন সেঁজুতিকে আরো একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
সাবেক সাংসদ লায়লা পারভিন সেঁজুতিকে আরো একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন

পত্রদূত রিপোর্ট: সাবেক সাংসদ ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতিকে আবারো একটি অপহরণ ও হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে। গত বৃহষ্পতিবার (২৫ জুন) সাতক্ষীরা বিজ্ঞ দায়রা জজ আদালত থেকে অহিদ হত্যা মামলায় জামিন লাভ করার পর কুচপুকুরের আনিছুর হত্যা মামলার তদন্তকারি কর্মকর্তা সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক আব্দুল্লাহিল আরিফ নিশাথ তাকে ওই মামলার সন্দিগ্ধ আসামী হিসেবে গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদন করেন।

২০২৫ সালের ২০ মে গভীর রাতে সাংসদ লায়লা পারভীন সেঁজুতিকে পুলিশ তার সাতক্ষীরা শহরের রাধানগরস্ত বাড়ি থেকে গ্রেপ্তার করে। পরদিন জনৈক অলিউর রহমানের দায়ের করা বাইপাস সড়কে সরকার পতনের আন্দোলনের ডাক সংক্রান্ত মিছিলের মামলায় (জিআর-৭৭/২৫ সদর) সন্দিগ্ধ আসামী হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। কারাগারে থাকাকালিন তাকে বাইপাস সড়কে মৎস্যজীবী দলের নেতা সাইফুল ইসলামের বাড়ি সংলগ্ন অফিস ভাংচুর ও অগ্নি সংযোগের মামলায় (জিআর-৯৬/২৫ সদর) সন্দিগ্ধ আসামী হিসেবে গ্রেপ্তার দেখানো হয়। একইভাবে মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বাইপাস সড়কে লাঠিসোটাসহ মিছিল ও সরকার পতনের চেষ্টার অভিযোগে জনৈক আব্দুল হামিদ সরদারের দায়েরকৃত (জিআর-২৭৮/২৫ সদর) মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

 

জিআর-৭৭/২৫ ও জিআর-৯৬ ২৫ নং মামলায় সেঁজুতি চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মহামান্য হাইকোট থেকে জামিন পান। জিআর-২৭৮/২৫ নং মামলায় গত ৩ জুন তিনি মহামান্য হাইকোর্ট থেকে জামিন পেলে ১০ জুন সাতক্ষীরা আদালত থেকে তার জামিননামা সাতক্ষীরা কারাগারে পাঠানো হয়। রাষ্ট্রপক্ষ ওই জামিনাদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে আবেদন করলে ১৬ জুন নো অর্ডার হয়। আপিল সংক্রান্ত একটি চিঠি সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট অন রেকর্ড সাতক্ষীরা জেলা কারাগারে পাঠান। ফলে সুপ্রিম কোর্টে জামিনাদেশ স্থগিত না হলেও ১০ জুন পাঠানো জামিননামা কার্যকর করেনি কারা কর্তৃপক্ষ।

এদিকে, তিনটি মামলায় জামিন পাওয়ার পর সেঁজুতিকে গত ২০২০ সালের ১৬ মার্চ ধুলিহরের অহেদ আলী অপহরণ ও হত্যার ঘটনায় তার স্ত্রী পারুল বেগমের দায়েরকৃত সাতক্ষীরা সদর থানার জিআর-২৯৯/২৪ নং মামলায় সন্দিগ্ধ আসামী হিসেবে গত ১৩ জুন গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। ওই মামলায় সাতক্ষীরা মাননীয় দায়রা জজ আদালত গত ২৫ জুন তাকে অন্তবর্তীকালীন জামিন দেন। জামিননামা ওইদিন জেলখানায় পাঠানো হলেও তার ২৭৮/২৫ নং মামলায় জামিননামার কার্যক্রম কারাগারে ঝুলে থাকে। এর বিরুদ্ধে সেঁজুতির আইনজীবীরা রবিবার সাতক্ষীরার মুখ্য বিচারিক হাকিম আদালতে আবেদন করলে তিনি কারাকর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে বলেন।

 

এরপরপরই সেঁজুতির স্বজন ও আইনজীবীরা জানতে পারেন যে, তাকে ২০১৪ সালের ১৮ জুলাই রাতে শহরতলীর কুচপুকুরের অজিহার মোড়লের ছেলে আনিছুর অপহরণ ও হত্যা মামলায় (জিআর-৪০২/২৪ সদর) সন্দিগ্ধ আসামী হিসেবে গ্রেপ্তার দেখানোর জন্য গত ২৫ জুন ধুলিহরের অহিদ হত্যা মামলায় জামিন পাওয়ার কয়েক ঘণ্টা পরপরই আবেদন করা হয়।

সোমবার (২৯ জুন) সাতক্ষীরা অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নতুন মামলায় গ্রেপ্তার সংক্রান্ত শুনানীর জন্য সাবেক সাংসদ লায়লা পারভীন সেজুঁতিকে হাজির করা হবে বলে কোর্ট ইনন্সপেক্টরের কার্যলয় সূত্রে জানা গেছে।

বৃদ্ধা মাকে পিটিয়ে দাঁত ভাঙার অভিযোগের মামলায় মাদ্রাসা শিক্ষক ছেলে গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬, ৫:১৬ অপরাহ্ণ
বৃদ্ধা মাকে পিটিয়ে দাঁত ভাঙার অভিযোগের মামলায় মাদ্রাসা শিক্ষক ছেলে গ্রেপ্তার

এম এ হালিম, উপকূলীয় অঞ্চল (শ্যামনগর): সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় পারিবারিক কলহের জেরে বৃদ্ধা মায়ের মুখে লাথি মেরে দাঁত ভেঙে দেওয়ার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে শ্যামনগর থানা পুলিশ।

গত শুক্রবার (২৬ জুন) সন্ধ্যায় উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ি গ্রামে এ হামলার ঘটনার পর রোববার (২৮ জুন) অভিযুক্ত বড় ছেলে মনিরুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

মামলার বাদী আনোয়ারা বেগম (৭২) অভিযোগ করেন, পারিবারিক বিষয় নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে তার বড় ছেলে মনিরুল ইসলাম তাকে মুখে লাথি মারেন। এতে তার সামনের একটি দাঁত ভেঙে যায় এবং তিনি গুরুতর আহত হন।

পরিবারের সদস্যরা আহত অবস্থায় আনোয়ারা বেগমকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তিনি ছেলে মনিরুল ইসলাম ও পুত্রবধূ ফেরদৌসি ইসলাম ঝর্ণার বিরুদ্ধে শ্যামনগর থানায় মামলা দায়ের করেন।

ভুক্তভোগীর ছোট ছেলে আফতাবুজ্জামান জানান, তার বড় ভাই মনিরুল ইসলাম বুড়িগোয়ালিনী দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার একজন সহকারী শিক্ষক। একই বাড়িতে বসবাসের কারণে দীর্ঘদিন ধরে তাদের মা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হচ্ছিলেন বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, শুক্রবার সন্ধ্যায় তুচ্ছ একটি পারিবারিক বিষয়কে কেন্দ্র করে বাকবিতন্ডার একপর্যায়ে মনিরুল ইসলাম তার মায়ের মুখে লাথি মারেন। এতে তার সামনের একটি দাঁত ভেঙে যায়। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে তিনি আইনের আশ্রয় নেন।

এবিষয়ে বুড়িগোয়ালিনী দারুসসুন্নাত দাখিল মাদ্রাসার সুপার আব্দুল্লাহ আল-মামুন কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি শুনেছি মাস্টার মনিরুল ইসলাম তার মায়ের মুখে লাথি মেরে একটি দাঁত ভেঙেছে এবং পরবর্তীতে থানায় মামলা হয়। মনিরুল ইসলামকে পুলিশ আটক করে আদালতে পাঠিয়েছেন।

শ্যামনগর থানার ওসি (তদন্ত) পিয়ার উদ্দীন জানান, অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। মামলার অভিযুক্ত মনিরুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

সাতক্ষীরায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬, ৫:০৩ অপরাহ্ণ
সাতক্ষীরায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন

পত্রদূত রিপোর্ট: সারা দেশের ন্যায় সাতক্ষীরায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ জুন) সকালে স্বাস্থ্য বিভাগ, সাতক্ষীরার আয়োজনে শহরের লাবসা উপস্বাস্থ্য কেন্দ্রে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্য বিভাগের যুগ্ম সচিব মোঃ আবদুছ ছালাম।

 

এসময় উপস্থিত ছিলেন, জেলা সিভিল সার্জন ডাঃ আব্দুস সালাম, স্বাস্থ্য বিভাগের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আবুল মনসুর, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ ইসমত জাহান সুমনা,
সদর উপজেলার স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ফরহাদ জামিল সহ আরো অনেকে।

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে নির্ধারিত বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মাধ্যমে শিশুদের রাতকানা রোগ প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, দৃষ্টিশক্তি সুরক্ষা এবং সুস্থ স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে সরকার এ কর্মসূচি বাস্তবায়ন করছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, জেলার ৭টি উপজেলা ও ২টি পৌরসভার মোট ১,৯৩৮টি কেন্দ্রে একযোগে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

 

জেলায় মোট ২ লাখ ৫৩ হাজার ৭২৩ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২৭ হাজার ৯২১ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ২৫,৮০২ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।