রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

সাতক্ষীরায় বিজিবির অভিযানে প্রায় ২০ লাখ টাকার ভারতীয় মালামাল আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ৬:৩৫ অপরাহ্ণ
সাতক্ষীরায় বিজিবির অভিযানে প্রায় ২০ লাখ টাকার ভারতীয় মালামাল আটক

পত্রদূত রিপোর্ট: রবিবার (২৬ এপ্রিল ২০২৬) তারিখ সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ তলুইগাছা, পদ্মশাখরা, হিজলদী, সুলতানপুর ও কাকডাঙ্গা বিওপি এর টহলদল দায়িত্বপূর্ণ এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ফেন্সিডিল, ঔষধ, চিংড়ি মাছের রেণু পোনা ও মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করেছে।

 

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন হেডকোয়াটার জানায়, তলুইগাছা বিওপির আভিযানে সাতক্ষীরা সদর থানার মাল্টা বাগান হতে ১ লাখ ০৫ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। পদ্মশাখরা বিওপি পৃথক দুইটি আভিযানে সাতক্ষীরা সদর থানার হাড়দ্দহা ও শাখরা আশার মোড় হতে ১৪ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ৫ লাখ টাকার ভারতীয় চিংড়ি মাছের রেণ আটক করে।

 

হিজলদী বিওপির আভিযানে কলারোয়া থানার আমবাগান হতে ১ লাখ ৫০ হাজার টাকার ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে। সুলতানপুর বিওপির আভিযানে কলারোয়া থানার তালশাড়ি হতে ১ লাখ ২০ হাজার টাকার ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে।

এছাড়াও, কাকডাঙ্গা বিওপির আভিযানে কলারোয়া থানার ভাদিয়ালী হতে ১০ লাখ ৫০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। আটক মালামালের সর্বমোট মূল্য ১৯ লাখ ৩০ হাজার ৬০০ টাকা।

বিজিবি আরো জানায়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।

 

দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

Ads small one

শ্যামনগরে গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হরিনগর ও পূর্ব মীরগাং

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ১১:১০ অপরাহ্ণ
শ্যামনগরে গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হরিনগর ও পূর্ব মীরগাং

সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের বালক ও বালিকা—উভয় বিভাগের চূড়ান্ত লড়াই অনুষ্ঠিত হয়।
বালক বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ৬৩ নম্বর হরিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। রানার্সআপ হয়েছে ৭৩ নম্বর দরগাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। অন্যদিকে বালিকা বিভাগে ৩৬ নম্বর আড়পাঙ্গাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে শিরোপা জিতেছে ১৬৫ নম্বর পূর্ব মীরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয়। টুর্নামেন্টের বিশেষ দিক হলো, বালক ও বালিকা—উভয় বিভাগেই চ্যাম্পিয়ন হওয়া দল দুটি উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাশেদ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মো. আব্দুল ওয়াহেদ ও সাবেক উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সোলায়মান কবীর।
উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ক্লাস্টারের সহকারী শিক্ষা কর্মকর্তা এবং বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা। মাঠজুড়ে দর্শকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে এই ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন হয়।

মণিরামপুরে কৃষকদের সঙ্গে ধান কাটলেন সংসদ সদস্য গাজী এনামুল হক

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ১১:০৬ অপরাহ্ণ
মণিরামপুরে কৃষকদের সঙ্গে ধান কাটলেন সংসদ সদস্য গাজী এনামুল হক

মণিরামপুর (যশোর) সংবাদদাতা: যশোরের মণিরামপুর উপজেলার নেহালপুর আড়পাতা বিলে কৃষকদের সঙ্গে ধান কাটার উৎসবে যোগ দিলেন যশোর-৫ আসনের সংসদ সদস্য গাজী এনামুল হক। রবিবার (২৬ এপ্রিল) সকালে তিনি নিজেই কাস্তে হাতে মাঠে নেমে কৃষকদের সঙ্গে ধান কাটেন।
সকাল থেকেই স্থানীয় কৃষকদের সঙ্গে মাঠে সময় কাটান সংসদ সদস্য। এ সময় তিনি কৃষকদের কাছ থেকে ফসলের ফলন ও কৃষি কার্যক্রমের খোঁজখবর নেন। ধান কাটা শেষে তিনি বলেন, “দেশের কৃষকেরা কঠোর পরিশ্রম করে আমাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করছেন। জাতীয় অর্থনীতিতে তাঁদের অবদান সবচেয়ে বেশি।”
গাজী এনামুল হক আরও বলেন, কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং তাঁদের প্রয়োজনীয় সব ধরনের সরকারি সহায়তা পৌঁছে দেওয়া বর্তমান সরকারের অগ্রাধিকার। যেকোনো প্রয়োজনে তিনি সবসময় কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
মাঠের মধ্যে সরাসরি সংসদ সদস্যকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয় কৃষকেরা। আড়পাতা বিলের কয়েকজন কৃষক জানান, এলাকার জনপ্রতিনিধি এভাবে মাঠে এসে তাঁদের সঙ্গে কাজ করায় তাঁরা উৎসাহিত বোধ করছেন। এর ফলে সরাসরি নিজেদের সমস্যার কথা তাঁকে জানানোর সুযোগ হয়েছে।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে যশোর অঞ্চলে ধানের বাম্পার ফলন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় উৎসবমুখর পরিবেশে ধান কাটার কাজ পুরোদমে চলছে।

সাতক্ষীরায় শিশুশ্রম বন্ধে কঠোর হওয়ার আহ্বান

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ১১:০৪ অপরাহ্ণ
সাতক্ষীরায় শিশুশ্রম বন্ধে কঠোর হওয়ার আহ্বান

oplus_0

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলার ইটভাটাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে শিশুশ্রম রোধে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। রবিবার (২৬ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির এক সভায় বক্তারা এসব কথা বলেন।
জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, খুলনার যৌথ উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল।
সভায় বক্তারা বলেন, শিশুশ্রম নির্মূলে কেবল আইন যথেষ্ট নয়, বরং সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। বিশেষ করে ধর্মীয় উপাসনালয়-মসজিদ ও মন্দিরের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে। শিশুদের কাজে না পাঠিয়ে স্কুলে পাঠাতে অভিভাবকদের উদ্বুদ্ধ করতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
সভায় কর্মজীবী শিশুদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পুনর্বাসনের ওপর গুরুত্ব দেওয়া হয়। এর অংশ হিসেবে বিভিন্ন ইউনিয়নে মহিলাবিষয়ক অধিদপ্তরের মাধ্যমে এবং দেবহাটা উপজেলায় কর্মরত শিশুদের বেসরকারি সংস্থা ‘সুশীলন’-এর মাধ্যমে পুনর্বাসন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর খুলনার সহকারী মহাপরিদর্শক মো. শাহিনুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন একই দপ্তরের উপমহাপরিদর্শক সানতাজ বিল্লাহ, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিউল ইসলাম, জেলা তথ্য কর্মকর্তা মো. জাহারুল ইসলাম টুটুল ও সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. সাইয়েদুর রহমান মৃধা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোজাফফর উদ্দীন, সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অপু হালদার এবং সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. মাহবুবুর রহমান প্রমুখ। সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং জেলা থেকে শিশুশ্রম নির্মূলে সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।