শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩
শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩

সাতক্ষীরায় বুক শেল্ফ পেল সেরা দুটি প্রাথমিক বিদ্যালয়

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬, ২:৩৪ অপরাহ্ণ
সাতক্ষীরায় বুক শেল্ফ পেল সেরা দুটি প্রাথমিক বিদ্যালয়

oppo_32

সংবাদদাতা: সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের এক মহতি ও ব্যতিক্রমী উদ্যোগে জেলার সেরা দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে বিশেষ উপহার হিসেবে আকর্ষণীয় ‘বুক শেল্ফ’ প্রদান করা হয়েছে। শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি আগ্রহ সৃষ্টি এবং বিদ্যালয়গুলোর চমৎকার পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: রুহুল আমিন এই উদ্যোগ গ্রহণ করেন।

 

শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, সমগ্র জেলায় বিশেষ কৃতিত্বপূর্ণ অবদানের জন্য মাত্র দুটি বিদ্যালয় এই গৌরব ও উপহার লাভ করেছে। নির্বাচিত সেরা বিদ্যালয় দুটি হলো— কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সাতক্ষীরা সিলভার জুবেলি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিদ্যালয় দুটির প্রধান শিক্ষকদ্বয়।

 

কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান এবং সাতক্ষীরা সিলভার জুবেলি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চায়না ব্যানার্জি জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের এই উদ্যোগকে সাধুবাদ জানান। তাঁরা বলেন, এই প্রাপ্তি বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে এবং এর মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বই পড়ার অভ্যাস আরও বৃদ্ধি পাবে।

 

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: রুহুল আমিন জানান, প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং বিদ্যালয়গুলোর মাঝে ইতিবাচক প্রতিযোগিতা তৈরি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীতেও জেলার অন্যান্য ভালো কাজের স্বীকৃতিস্বরূপ এ ধরনের উৎসাহমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Ads small one

মণিরামপুরে জামায়াতের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৬:৫২ অপরাহ্ণ
মণিরামপুরে জামায়াতের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোরের মণিরামপুর উপজেলার ৯ নম্বর ঝাঁপা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ব্যক্তিকে মানবিক সহায়তা হিসেবে নগদ ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে। শনিবার ঝাঁপা ইউনিয়ন শাখা জামায়াতের পক্ষ থেকে ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. জিল্লুর রহমানের হাতে এ আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন ৯ নম্বর ঝাঁপা ইউনিয়ন পরিষদে জামায়াতে ইসলামীর মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী সেলিম রেজা রাজু, ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির মকবুল হোসেন, আয়ুব হোসেন, আসাদুজ্জামান, আমিনুর রহমান, তারিকুল ইসলাম, নুরুল হক, রিসাদ হোসেন এবং ৭ নম্বর ওয়ার্ড সভাপতি ওজিয়ার রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় নেতৃবৃন্দ অসুস্থ জিল্লুর রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা ও সার্বিক মঙ্গল কামনা করেন। তারা জানান, মানবিক কার্যক্রমের অংশ হিসেবে অসহায় ও প্রয়োজনমতো মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

চুকনগরে মাদক, অনলাইন জুয়া ও দুর্নীতি নির্মূলের দাবিতে মানববন্ধন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৬:৪৯ অপরাহ্ণ
চুকনগরে মাদক, অনলাইন জুয়া ও দুর্নীতি নির্মূলের দাবিতে মানববন্ধন

সংবাদদাতা: ‘মাদক, অনলাইন জুয়া ও দুর্নীতিমুক্ত সমাজ চাই’-এই স্লোগানকে সামনে রেখে খুলনার ডুমুরিয়ার চুকনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৭ জুন) সকাল ১০টায় চুকনগর বাসস্ট্যান্ড চত্বরে ‘নিরাপদ খুলনা চাই’-এর চুকনগর আঞ্চলিক শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

সংগঠনের চুকনগর আঞ্চলিক শাখার সভাপতি ওলিয়ার রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মোড়লের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘নিরাপদ খুলনা চাই’-এর কেন্দ্রীয় সভাপতি সরদার বাদশা। প্রধান অতিথির বক্তব্যে সরদার বাদশা বলেন “বর্তমান তরুণ প্রজন্মের ওপর মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহ প্রভাব পড়েছে।

 

মাদকের সহজলভ্যতা এবং অনলাইন জুয়ার নেশা যুবসমাজকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে, যা পারিবারিক ও সামাজিক স্থিতিশীলতা নষ্ট করছে।” তিনি আরও বলেন, “চুকনগর ব্যবসা-বাণিজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট হওয়ায় মাদক কারবারীরা এটিকে কেন্দ্র হিসেবে ব্যবহার করছে। দেশের টেকসই উন্নয়নের পথে দুর্নীতিকে প্রধান বাধা হিসেবে উল্লেখ করে তিনি মাদক কারবারিদের তালিকা তৈরি করে প্রশাসনের হাতে তুলে দেওয়ার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।”

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টামন্ডলীর সদস্য ও চুকনগর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ মোঃ দেলোয়ার হোসেন, নির্বাহী সভাপতি এম এম দেলোয়ার হোসেন, উপদেষ্টা মন্ডলীর সদস্য ও খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি মাহমুদুল কালাম মিতু, ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেম্বার সরদার দৌলত হোসেন, চুকনগর সদর ওয়ার্ডের ইউপি সদস্য আলাউদ্দিন আলী, ‘নিরাপদ খুলনা চাই’ ডুমুরিয়া উপজেলা শাখার আহ্বায়ক শাহাজান জমাদার, সদস্য সচিব ফরহাদ হোসেন এবং ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহাতাব হোসেন।

 

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন চুকনগর আঞ্চলিক শাখার নির্বাহী সভাপতি হামিদুর রহমান আনু, সিনিয়র সহ-সভাপতি সরদার আব্দুল কুদ্দুস, অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ লোকমান হোসেন, অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ হাসান আলী, অবসরপ্রাপ্ত সিনিয়র অডিটর অফিসার মোঃ শহিদুল ইসলাম মোড়ল, আঞ্চলিক শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ ও মিজানুর রহমান বাবু, ইউপি সদস্য চায়না বেগম, সোহেল গাজী, জাহাঙ্গীর মোড়ল, আখতারুজ্জামান, আসাদুজ্জামান মোড়ল, সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ রাসেল শান্ত, হাসান মোড়ল, এনামুল হোসেন, সাদিয়া আক্তার, মাহিয়া আক্তার, আসমা বেগম, মফিজ শেখ, আলামিন মোড়ল প্রমুখ।

 

মানববন্ধনে বক্তারা বলেন, “একটি সুন্দর ও নিরাপদ সমাজ গড়তে হলে মাদক ও দুর্নীতির বিরুদ্ধে আমাদের সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে। চুকনগরসহ পুরো খুলনা অঞ্চলকে অপরাধমুক্ত করতে আমরা ধারাবাহিক সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখব।” পরিশেষে, উপস্থিত সকলে এলাকাটিকে একটি নিরাপদ ও বাসযোগ্য জনপদ হিসেবে গড়ে তোলার শপথ গ্রহণ করেন।

 

 

তালায় আত্মসাতকৃত বীমার টাকা ফেরতের দাবিতে সংবাদ সম্মেলন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৬:৪৩ অপরাহ্ণ
তালায় আত্মসাতকৃত বীমার টাকা ফেরতের দাবিতে সংবাদ সম্মেলন

oplus_0

তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালা প্রেসক্লাবে শনিবার দুপুরে আত্মসাৎকৃত বীমার টাকা ফেরতের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তালা উপজেলার ডাঙ্গানলতা গ্রামের বাসিন্দা সাজ্জাত আলী শেখের স্ত্রী লিলিমা বেগম।

তিনি নিজেকে “পপুলার হেলথ এন্ড এডুকেশন সঞ্চয় ও ঋণদান কো-অপারেটিভ সোসাইটি”-এর সদস্য পরিচয় দিয়ে অভিযোগ করেন, তালা ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য শাহিদা বেগম সংস্থাটির মাঠকর্মী হিসেবে সদস্য সংগ্রহ ও সঞ্চয় গ্রহণ করতেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০১৮ সাল থেকে শাহিদা বেগমের আশ্বাসে ১০৮ জন সদস্য সমিতিতে সঞ্চয় ও বীমার টাকা জমা দেন। ২০২৩ সালে সংস্থাটির কার্যক্রম বন্ধ হয়ে গেলে সদস্যরা তাদের জমাকৃত অর্থ ফেরত চাইলে বিভিন্ন সময়ে আশ্বাস দিলেও কোনো টাকা ফেরত দেওয়া হয়নি। তাদের দাবি, সদস্যদের কাছ থেকে প্রায় ২৫ লাখ টাকা সংগ্রহ করা হয়েছে এবং পরে বিভিন্ন অজুহাতে সদস্যদের পাসবইও নিয়ে নেওয়া হয়। তাদের অভিযোগ, ওই অর্থ আত্মসাৎ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, বিষয়টি নিয়ে গত ১৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি সালিশ অনুষ্ঠিত হয়। সেখানে শাহিদা বেগম ১৭ এপ্রিল ২০২৫-এর মধ্যে ১২ লাখ টাকা পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে প্রতিনিধি মো. আরিজুল ইসলাম মালীর নামে ১২ লাখ টাকার একটি ব্যাংক চেক এবং ৫০০ টাকার স্ট্যাম্পে অঙ্গীকারনামা প্রদান করেন। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তিনি টাকা পরিশোধ করেননি বলে অভিযোগ করা হয়।

লিখিত বক্তব্যে আরও অভিযোগ করা হয়, সদস্যদের প্রতিনিধি আরিজুল ইসলাম মালী টাকা আদায়ের জন্য তাগিদ দিলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলন ও হয়রানিমূলক মামলা করার চেষ্টা করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত সদস্যরা জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে সঠিক তদন্তের মাধ্যমে আত্মসাৎকৃত অর্থ উদ্ধার করে ক্ষতিগ্রস্ত সদস্যদের পাওনা টাকা ফিরিয়ে দেওয়ার দাবি জানান। এছাড়া তাদের বিরুদ্ধে চালানো কথিত মিথ্যা প্রচারণারও তীব্র প্রতিবাদ জানানো হয়।