রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৪:৫৩ অপরাহ্ণ
সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সংবাদদাতা: সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায়, উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে এবং ‘রূপান্তর’-এর আয়োজনে শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় শহরের ম্যানগ্রোভ সভাঘরে এ সভা অনুষ্ঠিত হয়।

মাধব চন্দ্র দত্তের সভাপতিত্বে এবং রূপান্তরের প্রোগ্রাম অফিসার দীপঙ্কর মন্ডলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন রূপান্তরের প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম, রাইটস যশোরের প্রোগ্রাম অফিসার মো. সাইফুল ইসলাম, ব্র্যাকের জেলা সমন্বয়কারী এসকে আশরাফ, সিডিও-র শ্যামল কুমার বিশ্বাস, প্রেরণার নাসরিন সুলতানা, অগ্রগতি সংস্থার মো. জিয়াউর রহমান, আরার শেখ আবুল কালাম আজাদ, সিডাব্লিউসিএস-এর আরিফুর রহমান খান, ক্রিসেন্টের মো. হাসান আহম্মেদ এবং সক্রিয় কর্মী শরিফুল ইসলাম ও মো. মোকাররম জিন্নাহ সহ আরও অনেকে ও সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন ।

সভায় বক্তারা বলেন, “সীমান্তবর্তী জেলাগুলোতে মানব পাচারের প্রবণতা রোধে সরকারি ও বেসরকারি সংস্থা, আইনশৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় সচেতন কর্মীদের মধ্যে জোরালো সমন্বয় বজায় রাখা অত্যন্ত জরুরি। পাচারের শিকার সারভাইভারদের সঠিক পুনর্বাসন ও সুরক্ষা নিশ্চিত করতে রেফারেল সিস্টেম কার্যকর করা এবং সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়নই পারে মানব পাচার মুক্ত সমাজ গড়ে তুলতে।”

সভায় অংশগ্রণকারীরা ‘আশ্বাস’ প্রকল্প, যশোর ও সাতক্ষীরা অঞ্চলের মানব পাচারের বর্তমান পরিস্থিতি ও প্রবণতা, সীমান্ত এলাকায় মানব পাচার প্রতিরোধে বিদ্যমান উদ্যোগ ও চ্যালেঞ্জ, এবং এনআরএম অনুযায়ী সেবা ও রেফারেল সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া খুলনা জেলা কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক, মানব পাচার প্রতিরোধ কমিটি, সক্রিয় কর্মী দল, সারভাইভারস লিডার ও সরকারি-বেসরকারি দপ্তরের মধ্যকার পারস্পরিক সংযোগের উপকারিতা তুলে ধরা হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে দলগত আলোচনার মাধ্যমে ভবিষ্যৎ কার্যক্রমের স্থায়িত্ব টেকসই পরিকল্পনা ও চূড়ান্ত কর্মপরিকল্পনা তৈরি করা হয়।

উল্লেখ্য, সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় ‘আশ্বাস’ প্রকল্পের অধীনে রূপান্তর বর্তমানে খুলনা, সাতক্ষীরা, যশোর ও ঝিনাইদহ জেলায় মানব পাচার প্রতিরোধ ও সারভাইভারদের সহায়তায় বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।

Ads small one

২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল ও অলিম্পিক বাছাই নিয়ে যা বললেন তামিম

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ১১:১১ অপরাহ্ণ
২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল ও অলিম্পিক বাছাই নিয়ে যা বললেন তামিম

২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে বাংলাদেশ ও ভারত। সেই বিশ্বকাপের অন্তত একটি সেমিফাইনাল বাংলাদেশের মাটিতে আয়োজন করতে চান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। এ লক্ষ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে আলোচনাও শুরু করেছেন তিনি। একই সঙ্গে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের ক্রিকেট বাছাইপর্ব আয়োজনকে বাংলাদেশের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন বিসিবি সভাপতি।

বালিতে অনুষ্ঠিত আইসিসির সাম্প্রতিক সভা শেষে রবিবার সংবাদ সম্মেলনে নিজের পরিকল্পনার কথা জানান তামিম।

সাত শহরে বিসিবির ক্রিকেট একাডেমি, বিনা খরচে প্রশিক্ষণ পাবেন ৫০-৬০ জনসাত শহরে বিসিবির ক্রিকেট একাডেমি, বিনা খরচে প্রশিক্ষণ পাবেন ৫০-৬০ জন
তিনি বলেন, ‘২০৩১ বিশ্বকাপ বাংলাদেশ ও ভারত যৌথভাবে আয়োজন করবে, এই সিদ্ধান্ত অনেক আগেই হয়েছে। তখন আমি কিংবা আমার বোর্ডের কোনও ভূমিকা ছিল না। তবে অন্তত একটি সেমিফাইনাল বাংলাদেশে আয়োজনের চেষ্টা করছি।’

শুধু সেমিফাইনাল আয়োজনেই সীমাবদ্ধ থাকতে চান না তামিম। ২০১১ সালের বিশ্বকাপের তুলনায় ২০৩১ সালের আসরে বাংলাদেশে আরও বেশি ম্যাচ আয়োজনের প্রত্যাশা তার। এ নিয়ে আইসিসির সঙ্গে আলোচনা চলছে বলেও জানিয়েছেন বিসিবি সভাপতি।

তামিম বলেন, ‘আমি ইতোমধ্যে আইসিসির সঙ্গে এ বিষয়ে আলোচনা শুরু করেছি। ইতিবাচক কিছু হবে বলে আমি আশাবাদী।’

উল্লেখ্য, ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ৯ অক্টোবর থেকে ২৩ নভেম্বর। ভারত ও বাংলাদেশ যৌথভাবে আয়োজন করবে ৫০ ওভারের এই বিশ্ব আসর।

অলিম্পিক বাছাই নিয়ে

এদিকে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের ক্রিকেট ইভেন্টের বাছাইপর্ব আয়োজনের দায়িত্ব পাওয়াকেও বড় অর্জন হিসেবে দেখছেন তামিম। আট দলের অংশগ্রহণে পুরুষদের এই বাছাই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে বাংলাদেশে। অলিম্পিকে খেলার শেষ একটি জায়গার জন্য লড়বে দলগুলো।

বিসিবি সভাপতি জানিয়েছেন, গত তিন-চার মাস ধরে এই টুর্নামেন্ট বাংলাদেশে আয়োজনের জন্য কাজ করেছেন তিনি। বাছাইপর্বের সব ম্যাচ ঢাকায় আয়োজনের পরিকল্পনা রয়েছে বোর্ডের। তবে ম্যাচের ভেন্যু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি।

ঘরের মাঠে খেলার সুযোগ বাংলাদেশের অলিম্পিকের টিকিট পাওয়ার সম্ভাবনাও বাড়িয়ে দেবে বলে মনে করেন তামিম। তাই বাছাইপর্ব আয়োজনকে শুধু আন্তর্জাতিক ক্রিকেটের বড় একটি ইভেন্ট হিসেবে নয়, দেশের ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবেও দেখছেন তিনি।

দাদাসাহেব ফালকে পুরস্কারে টেইলর সুইফট, নেটদুনিয়ায় হাসির রোল

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ১১:০৩ অপরাহ্ণ
দাদাসাহেব ফালকে পুরস্কারে টেইলর সুইফট, নেটদুনিয়ায় হাসির রোল

বিশ্বসংগীতের জনপ্রিয় তারকা টেইলর সুইফটের পুরস্কারের তালিকায় যুক্ত হলো আরও একটি সম্মাননা। ভারতের দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২০২৬ সালের আয়োজনে ‘ইন্টারন্যাশনাল আর্টিস্ট অব দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছেন এই মার্কিন সংগীতশিল্পী।

গত ২০ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেন আয়োজকেরা। সেখানে টেইলর সুইফটকে আন্তর্জাতিক বর্ষসেরা শিল্পী হিসেবে সম্মানিত করার কথা জানানো হয়।

আয়োজকদের ঘোষণায় বলা হয়, সমসাময়িক সংগীত, গান রচনা ও সরাসরি সংগীত পরিবেশনায় অসাধারণ অবদান, বিশ্বজুড়ে সাংস্কৃতিক প্রভাব এবং সংগীতশৈলীর স্বীকৃতি হিসেবে টেইলরকে এই সম্মাননা দেওয়া হয়েছে।

এদিকে এমন ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা ও হাস্যরস। ভারতের চলচ্চিত্রের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব দাদাসাহেব ফালকের নামে আয়োজিত পুরস্কারে বিশ্বসংগীতের এই তারকার নাম দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। কেউ কেউ বিষয়টি নিয়ে মজার মন্তব্যও করেছেন।

একজন লিখেছেন, ‘টেইলর সুইফটের হাতে দাদাসাহেব ফালকে পুরস্কার! ২০২৬ সাল আর কতটা অদ্ভুত হতে পারে!’

আরেকজন মজা করে লিখেছেন, ‘অবশেষে তিনি রাফতারের পর্যায়ে পৌঁছেছেন। অভিনন্দন!’

অন্য একজন লিখেছেন, ‘গ্র্যামি আবার কী! টেইলর সুইফট তো দাদাসাহেব ফালকে থেকেই বছরের সেরা অ্যালবামের পুরস্কার জিতে নিয়েছেন।’

আরেকজনের মন্তব্য, ‘আশা করি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি ‘চিগি উইগি’ অথবা অন্তত ‘ধুম মাচালে’ গাইবেন।’

টেইলর সুইফটের পাশাপাশি ২০২৬ সালের এই আয়োজনের আন্তর্জাতিক বিভাগে আরও কয়েকজন তারকাকে সম্মানিত করা হয়েছে। বিশ্ব চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য স্বীকৃতি পেয়েছেন নির্মাতা জেমস ক্যামেরন। ‘সিনার্স’ সিনেমার জন্য সম্মাননা পেয়েছেন মাইকেল বি জর্ডান, ‘হ্যামনেট’-এর জন্য জেসি বাকলি এবং ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’-এর জন্য পল থমাস অ্যান্ডারসন।

‘মিস ইউনিভার্স’ থেকে নতুন খবর দিলেন মাহি

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ১০:৫৯ অপরাহ্ণ
‘মিস ইউনিভার্স’ থেকে নতুন খবর দিলেন মাহি

৭৫তম ‘মিস ইউনিভার্সে’ ব্যস্ত সময় পার করছেন মডেল-অভিনেত্রী সামিরা খান মাহি। সেখান থেকেই এবার নতুন খবর দিলেন তিনি।

ছোট পর্দা থেকে বড় পর্দায় নাম লিখছেন মাহি। ‘মস্তান’ সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হবে তার।

সিনেমাটি নির্মাণ করছেন নাটক ও বিজ্ঞাপন নির্মাতা কিসলু গোলাম হায়দার। বিজ্ঞাপন নির্মাতা হিসেবে দুই দশকের বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে তার। নাটক ও টেলিছবি নির্মাণেও রয়েছে সুনাম।

‘মিস ইউনিভার্স’-এ দিন থেকে রাত কী করছেন মাহি‘মিস ইউনিভার্স’-এ দিন থেকে রাত কী করছেন মাহি
এবারই প্রথমবারের মতো চলচ্চিত্র নির্মাণে যাচ্ছেন তিনি। এদিকে প্রথম সিনেমাতেই মাহি সহশিল্পী হিসেবে পাচ্ছেন চঞ্চল চৌধুরী, আরিফিন শুভ ও তমা মির্জাকে।

২৫ নভেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানান নির্মাতা কিসলু গোলাম হায়দার।