সাতক্ষীরায় ১৬ জানুয়ারি আজহারীর মাহফিল, অনুমতি চেয়ে ডিসির কাছে আবেদন
পত্রদূত ডেস্ক: জনপ্রিয় ইসলামি আলোচক ড. শায়খ মিজানুর রহমান আজহারীর আগমন উপলক্ষে আগামী ১৬ জানুয়ারি ২০২৭ সাতক্ষীরায় ইসলামী মাহফিল আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপলক্ষে মাহফিল আয়োজনের অনুমতি চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করেছে সম্মিলিত ওলামা মাশায়েখ ঐক্য পরিষদ, সাতক্ষীরা।
রোববার (২৯ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের গোপনীয় শাখায় আবেদনপত্র জমা দেন সংগঠনের নেতারা। জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত না থাকায় তাঁর গোপনীয় শাখায় আবেদনটি জমা দেওয়া হয়।
আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, ১৬ জানুয়ারি শনিবার বিকেল ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত সাতক্ষীরা সদর উপজেলার লাবসা জিরো পয়েন্টের উত্তর পাশে বিল এলাকায় এ মাহফিল অনুষ্ঠিত হবে। এতে দেশের বিভিন্ন স্থান থেকে ৫ থেকে ১০ লাখ মানুষের সমাগম হতে পারে বলে আশা করছেন আয়োজকরা।
আয়োজকরা জানান, বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি বিবেচনায় আইনশৃঙ্খলা রক্ষা, যানজট নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছে। এ জন্য বিপুলসংখ্যক স্বেচ্ছাসেবক নিয়োগের পাশাপাশি সিসি ক্যামেরা, ড্রোন ক্যামেরা, ওয়াকিটকি ও এলইডি মনিটরের ব্যবস্থা রাখার পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া মুসল্লিদের জন্য পর্যাপ্ত পানি, অজু ও টয়লেটের ব্যবস্থা এবং নারী মুসল্লিদের জন্য পৃথক ব্যবস্থাপনা রাখার পরিকল্পনার কথাও জানিয়েছেন আয়োজকরা।
তাদের দেওয়া তথ্য অনুযায়ী, মাহফিলে প্রধান বক্তা হিসেবে ড. শায়খ মিজানুর রহমান আজহারী এবং অপর বক্তা হিসেবে মাওলানা মনিরুল ইসলাম মজুমদারের উপস্থিত থাকার কথা রয়েছে।
আয়োজকদের পক্ষে আবেদনটিতে স্বাক্ষর করেছেন সম্মিলিত ওলামা মাশায়েখ ঐক্য পরিষদ, সাতক্ষীরার সভাপতি এস এম রুহুল্লাহ বিলালী ও সেক্রেটারি মাওলানা মনিরুল ইসলাম ফারুকী। জেলা প্রশাসনের অনুমতি ও সার্বিক সহযোগিতা চেয়েছেন তাঁরা।






