সাতক্ষীরার দুই সরকারি বিদ্যালয়ে আসন ৫৯১, ভর্তি শুরু ১ ডিসেম্বর
পত্রদূত রিপোর্ট: সাতক্ষীরার দুটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে অনলাইনে ভর্তি আবেদন শুরু হবে, চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় ও সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে তৃতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত মোট ৫৯১টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। এর মধ্যে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ২৯৮টি এবং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ২৯৩টি আসন রয়েছে।
জেলা পর্যায়ের ভর্তি কমিটির প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে প্রভাতি ও দিবা শাখায় ১১০টি করে মোট ২২০টি আসন রয়েছে। ষষ্ঠ শ্রেণিতে দিবা শাখায় ১৭টি, সপ্তম শ্রেণিতে প্রভাতি শাখায় ৬টি ও দিবা শাখায় ৮টিসহ মোট ১৪টি, অষ্টম শ্রেণিতে প্রভাতি শাখায় ১৩টি ও দিবা শাখায় ১২টিসহ মোট ২৫টি এবং নবম শ্রেণিতে প্রভাতি শাখায় ৯টি ও দিবা শাখায় ১৩টিসহ মোট ২২টি আসন রয়েছে।
অন্যদিকে, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে প্রভাতি ও দিবা শাখায় ১১০টি করে মোট ২২০টি আসন রয়েছে। পঞ্চম শ্রেণিতে প্রভাতি শাখায় ৬টি ও দিবা শাখায় ১৫টিসহ মোট ২১টি, ষষ্ঠ শ্রেণিতে দিবা শাখায় ৯টি, সপ্তম শ্রেণিতে দিবা শাখায় ১৫টি, অষ্টম শ্রেণিতে দিবা শাখায় ৬টি এবং নবম শ্রেণিতে প্রভাতি শাখায় ২টি ও দিবা শাখায় ২০টিসহ মোট ২২টি আসন রয়েছে।
বয়সের ক্ষেত্রে বিজ্ঞপ্তিতে জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুসরণের কথা বলা হয়েছে। প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে ২০২৭ সালের ১ জানুয়ারি শিক্ষার্থীর বয়স ছয় বছর বা তার বেশি, তবে সাত বছরের কম হতে হবে। এ ক্ষেত্রে জন্মতারিখ ১ জানুয়ারি ২০২০ থেকে ৩১ ডিসেম্বর ২০২০-এর মধ্যে হতে হবে। তৃতীয় শ্রেণিতে ভর্তির জন্য বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ১ জানুয়ারি ২০১৮ থেকে ৩১ ডিসেম্বর ২০১৮ পর্যন্ত। অন্যান্য শ্রেণিতে বয়সসীমা ধারাবাহিকভাবে প্রযোজ্য হবে। শিক্ষার্থীর বয়স নির্ধারণের জন্য অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত কপি আবেদনের সঙ্গে জমা দিতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের বয়স নির্ধারণে সর্বোচ্চ পাঁচ বছরের অতিরিক্ত সুবিধা দেওয়া হবে।
ভর্তির আবেদন ১ ডিসেম্বর ২০২৬ থেকে ১০ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে করতে হবে। আবেদন ফরম পূরণ ও ভর্তি-সংক্রান্ত বিস্তারিত নিয়মাবলি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.dshe.gov.bd)-এর Secondary Circular/Order এবং http://gsa.teletalk.com.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।
ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৯ ডিসেম্বর ২০২৬, শনিবার। আবেদন করা বিদ্যালয়েই পরীক্ষা নেওয়া হবে। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির পরীক্ষা সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এবং অন্যান্য শ্রেণির পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
পরীক্ষার নম্বর বণ্টনে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির জন্য পূর্ণমান ৫০ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে বাংলা ১৫, ইংরেজি ১৫ ও গণিতে ২০ নম্বর থাকবে। অন্যান্য শ্রেণির জন্য পূর্ণমান ১০০। এর মধ্যে বাংলা ৩০, ইংরেজি ৩০ ও গণিতে ৪০ নম্বর বরাদ্দ রয়েছে।
আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২৫০ টাকা। টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে এসএমএস করে এ ফি জমা দিতে হবে। লিখিত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে। এ ছাড়া শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত সর্বশেষ ভর্তি নীতিমালার ১৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী কোটা অনুসরণ করা হবে।
বিজ্ঞপ্তিতে ভর্তি-সংক্রান্ত নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন এবং পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে অভিভাবক ও শিক্ষার্থীদের নির্দেশনা দেওয়া হয়েছে।
সাতক্ষীরা জেলা পর্যায়ের ভর্তি কমিটির সভাপতি ও জেলা প্রশাসক এবং সদস্যসচিব ও সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি ২৬ নভেম্বর ২০২৬ তারিখে প্রকাশ করা হয়েছে।













