রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরা আদালত এলাকায় ক্যান্টিনের চালে বিস্ফোরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ৩:৪৭ অপরাহ্ণ
সাতক্ষীরা আদালত এলাকায় ক্যান্টিনের চালে বিস্ফোরণ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালত চত্বরসংলগ্ন জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের ক্যান্টিনের টিনের চালে বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ছয় দিনের ব্যবধানে একই স্থানে দ্বিতীয়বার এ ধরনের ঘটনা ঘটল। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি।

ঘটনার পর জেলা প্রশাসক ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পাশের চায়ের দোকানদার ইলিয়াস হোসেন জানান, দুপুর ১২টার দিকে এলাকাটি কর্মচঞ্চল ছিল। এ সময় হঠাৎ ক্যান্টিনের চালে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।

তবে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ককটেল নয়, পটকা ফোটানো হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করছে পুলিশ। জড়িতদের ছাড় দেওয়া হবে না।

উল্লেখ্য, গত ২৬ নভেম্বর একই ক্যান্টিনের চালে অজ্ঞাত ব্যক্তিরা ককটেলসদৃশ একটি বস্তু ছুড়ে মারে। সেটি বিস্ফোরিত না হয়ে নিচে পড়ে যায়। পরে কালো টেপে মোড়ানো ক্রিকেট বলের আকৃতির বস্তুটি উদ্ধার করে পুলিশ।

Ads small one

সাতক্ষীরা পোস্ট অফিস চত্বরে গাড়ির চাকায় পিষ্ট হয়ে ৪ কুকুরছানার মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ৬:৫৮ অপরাহ্ণ
সাতক্ষীরা পোস্ট অফিস চত্বরে গাড়ির চাকায় পিষ্ট হয়ে ৪ কুকুরছানার মৃত্যু

 

আসাদুজ্জামান সরদার: সাতক্ষীরা শহরের পোস্ট অফিস চত্বরে গাড়ির চাকায় পিষ্ট হয়ে চারটি কুকুরছানার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুটি কুকুরছানা আহত হয়েছে। রোববার (২৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সাতক্ষীরা সরকারি কলেজের দিক থেকে আসা কালো রঙের একটি টয়োটা আরএভিফোর গাড়ি (ঢাকা মেট্রো-ঘ ১৩-৩৪২০) পোস্ট অফিস চত্বরে প্রবেশ করে। এ সময় মা কুকুরটি তার সাতটি বাচ্চা নিয়ে সেখানে ঘুমিয়ে ছিল। চালক বিষয়টি খেয়াল না করায় গাড়ির চাকার নিচে চাপা পড়ে চারটি কুকুরছানা মারা যায়। বেঁচে থাকা তিনটির মধ্যে দুটি আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের কয়েকজন চালকের আচরণ নিয়ে প্রশ্ন তুলে তিনি নেশাগ্রস্ত বা স্বাভাবিক অবস্থায় ছিলেন কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। এ সময় গাড়িতে একজন নারীও ছিলেন বলে জানান তাঁরা। ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয় এবং চালকের সঙ্গে বাকবিতণ্ডা হয়।

সাতক্ষীরা পোস্ট অফিসের পোস্টমাস্টার দেবাশীষ কর্মকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চালকের অসতর্কতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। সাতটি কুকুরছানার মধ্যে চারটি মারা গেছে। গাড়ির মালিকানা ও ঘটনার বিস্তারিত জানতে খোঁজ নেওয়া হচ্ছে।

সাতক্ষীরা প্রকৃতি ও জীবন ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মনির উদ্দিন এ ঘটনায় দুঃখ ও ক্ষোভ প্রকাশ করে বলেন, চালকের অবহেলায় নিরীহ প্রাণীগুলোর মৃত্যু অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। গাড়ি চালানো বা পেছনে নেওয়ার আগে আশপাশে এবং চাকার নিচে কোনো প্রাণী রয়েছে কি না, তা দেখে নেওয়া জরুরি। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ী চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

পরিবেশকর্মী সাকিবুর রহমান বাবলা বলেন, শীতের শুরুতে কুকুর, বিড়ালসহ বিভিন্ন প্রাণী উষ্ণতার জন্য রাস্তার পাশে, পার্কিং স্পটে ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রাঙ্গণে আশ্রয় নেয়। বিশেষ করে মা কুকুরেরা বাচ্চাদের নিরাপত্তার জন্য গাড়ির নিচেও আশ্রয় নিতে পারে। তাই শীতকালে গাড়ি চালানো ও পার্কিংয়ের সময় চালকদের বাড়তি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান, আসাবুর বাহিনীর প্রধান আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ৬:৪৮ অপরাহ্ণ
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান, আসাবুর বাহিনীর প্রধান আটক

জিম্মি জেলে উদ্ধার, দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড কার্তুজ জব্দ

পত্রদূত ডেস্ক: সুন্দরবনে পৃথক অভিযান চালিয়ে কুখ্যাত আসাবুর বাহিনীর প্রধান আসাবুর সানাকে (৪৫) আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় মুক্তিপণের দাবিতে জিম্মি করে রাখা এক জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। অভিযানে দুটি দেশীয় ওয়ান শুটার গান ও তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। একই দিনে সন্দেহজনক একটি নৌকা থেকে ডাকাতদের রসদও জব্দ করা হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।

কোস্ট গার্ড জানায়, সুন্দরবনের দস্যুতা দমনে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে বিশেষ অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গত ২৮ নভেম্বর শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ানের সদস্যরা। এ সময় একটি কাঠের নৌকাসহ জিম্মি থাকা এক জেলেকে জীবিত উদ্ধার করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা সুন্দরবনের গভীরে পালিয়ে যায়।

পরে ২৯ নভেম্বর মধ্যরাতে খুলনার দাকোপ থানার মল্লিকবাড়ি এলাকা থেকে পালানোর চেষ্টাকালে আসাবুর বাহিনীর প্রধান আসাবুর সানাকে আটক করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে সুতারখালী ফরেস্ট অফিসসংলগ্ন এলাকা থেকে দুটি দেশীয় ওয়ান শুটার গান ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড সূত্র জানায়, ২০২৪ সালের ১২ নভেম্বরও আসাবুর সানাকে আটক করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছিল। পরে জামিনে মুক্ত হয়ে তিনি আবারও সুন্দরবনে দস্যুতায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে।

আটক আসাবুর সানা দাকোপ থানার বাসিন্দা। তাঁকে, জব্দ করা নৌকা এবং উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধার করা জেলেকে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, সরকারের নির্দেশনা, জনসাধারণের সহযোগিতা এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করা সম্ভব হবে বলে তাঁরা আশাবাদী।

সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের ১৪ ইউনিয়ন আমীরের শপথ অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ৬:৪০ অপরাহ্ণ
সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের ১৪ ইউনিয়ন আমীরের শপথ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলার ২০২৭-২০২৮ সেশনের নবনির্বাচিত ১৪টি ইউনিয়ন আমীরের শপথ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) কাজী শামসুর রহমান মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা আমীর মাওলানা মোশাররফ হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক ওবায়দুল্লাহ।

অনুষ্ঠানে উপজেলা আমীর মাওলানা মোশাররফ হোসেন নবনির্বাচিত ১৪ ইউনিয়ন আমীরের নাম ঘোষণা করেন এবং তাঁদের শপথবাক্য পাঠ করান। একই অনুষ্ঠানে উপজেলা নায়েবে আমীর হিসেবে মাষ্টার হাবিবুর রহমান ও মো. শহীদ হাসানও শপথ নেন।

নবনির্বাচিত ইউনিয়ন আমীররা হলেন— বাঁশদহায় মাওলানা নাজমুল হুদা, কুশখালীতে মাওলানা গোলাম রসুল, বৈকারীতে জালাল উদ্দীন, ঘোনায় মাওলানা আব্দুল ওয়াদুদ, শিবপুরে মাওলানা মনিরুজ্জামান, ভোমরায় আনোয়ার কবীর, আলীপুরে মাওলানা মাহমুদুন্নবী, ধুলিহরে মাওলানা আব্দুস সালাম, ব্রহ্মরাজপুরে মাওলানা জাকির হুসাইন, আগরদাঁড়ীতে মাওলানা মিজানুর রহমান, ঝাউডাঙ্গায় প্রভাষক ইকবাল হোসেন, বল্লীতে মিজানুর রহমান, লাবসায় হাফেজ আমিরুল ইসলাম এবং ফিংড়ীতে শাহিনুজ্জামান।

উল্লেখ্য, গত ২১ নভেম্বর রুকন সদস্যদের গোপন ভোটে তাঁরা নির্বাচিত হন। অনুষ্ঠানে উপজেলা সহকারী সেক্রেটারি মুহাদ্দিস আলাউদ্দীন, অধ্যাপক সহিদুর রহমান, মাওলানা আব্দুস সবুর, মাওলানা আনিছুর রহমানসহ উপজেলা জামায়াতের কর্মপরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।