সাতক্ষীরা আদালত এলাকায় বিস্ফোরণ, ঘটনাস্থলে জেলা প্রশাসক
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালত চত্বরসংলগ্ন জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের ক্যান্টিনের টিনের চালে বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ছয় দিনের ব্যবধানে একই স্থানে দ্বিতীয়বার এ ধরনের ঘটনা ঘটল। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি।
এদিকে ঘটনার পর জেলা প্রশাসক কাউসার আজিজ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পাশের চায়ের দোকানদার ইলিয়াস হোসেন জানান, দুপুর ১২টার দিকে এলাকাটি কর্মচঞ্চল ছিল। এ সময় হঠাৎ ক্যান্টিনের চালে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।
তবে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ককটেল নয়, পটকা ফোটানো হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করছে পুলিশ। জড়িতদের ছাড় দেওয়া হবে না।
উল্লেখ্য, গত ২৬ নভেম্বর একই ক্যান্টিনের চালে অজ্ঞাত ব্যক্তিরা ককটেলসদৃশ একটি বস্তু ছুড়ে মারে। সেটি বিস্ফোরিত না হয়ে নিচে পড়ে যায়। পরে কালো টেপে মোড়ানো ক্রিকেট বলের আকৃতির বস্তুটি উদ্ধার করে পুলিশ।






