সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযান, শার্টের পিস ও ওষুধ আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ১১:৫০ অপরাহ্ণ
সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযান, শার্টের পিস ও ওষুধ আটক

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৫ এপ্রিল) সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধীনস্থ বিভিন্ন বিওপির সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।
বিজিবি সূত্রে জানা গেছে, জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ভারতীয় শার্টের পিস ও বিপুল পরিমাণ ওষুধ। এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৪৬ হাজার টাকা। কলারোয়া থানার ভাদিয়ালী এলাকা থেকে ১ লাখ ৬ হাজার টাকা মূল্যের ভারতীয় শার্টের পিস আটক করা হয়। একই থানার ভাদিয়ালী এলাকায় অপর এক অভিযানে ৭০ হাজার টাকার ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়। সাতক্ষীরা সদর থানার বাঁশতলা এলাকা থেকে আরও ৭০ হাজার টাকার ভারতীয় ওষুধ আটক করেন বিজিবি সদস্যরা।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) জানায়, চোরাকারবারিরা শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে এসব পণ্য অবৈধভাবে বাংলাদেশে নিয়ে এসেছিল। ভারতীয় পণ্য চোরাচালানের ফলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার বড় অঙ্কের রাজস্ব হারাচ্ছে। বিজিবি আরও জানায়, দেশের রাজস্ব ফাঁকি রোধ এবং স্থানীয় শিল্পের সুরক্ষায় এ ধরনের চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Ads small one

সাতক্ষীরার এল্লারচর বাজারে ঝুঁকিপূর্ণ কালভার্ট, দুর্ঘটনার আশঙ্কা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬, ১১:১১ অপরাহ্ণ
সাতক্ষীরার এল্লারচর বাজারে ঝুঁকিপূর্ণ কালভার্ট, দুর্ঘটনার আশঙ্কা

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা জেলার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ সড়কের এল্লারচর বাজার সংলগ্ন নদীর ওপর নির্মিত কালভার্টটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। কোনো সংস্কার না হওয়ায় প্রতিদিন স্থানীয় বাসিন্দাসহ শত শত যানবাহন জীবনের ঝুঁকি নিয়ে এই কালভার্টের ওপর দিয়ে চলাচল করছে।
স্থানীয়দের অভিযোগ, কালভার্টটির বিভিন্ন অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলেও তা পুনর্র্নিমাণ বা মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। অথচ এই সড়কটি অত্র এলাকার যোগাযোগের প্রধান মাধ্যম।
এলাকার অর্থনৈতিক প্রেক্ষাপটে সড়কটির গুরুত্ব অপরিসীম। এল্লারচর বাজারের মৎস্য আড়ত থেকে প্রতিদিন বিপুল পরিমাণ চিংড়ি ও সাদা মাছ সাতক্ষীরা জেলা শহরসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। কালভার্টটি ঝুঁকিপূর্ণ হওয়ায় মৎস্য পণ্য পরিবহনে চরম বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা।
ব্যবসায়ী ও পথচারীরা জানান, এই সড়ক দিয়ে নিয়মিত স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রশাসনের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তারা যাতায়াত করেন। এরপরও কালভার্টটির স্থায়ী সমাধানে কোনো দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়নি। বর্তমান পরিস্থিতিতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন তারা। কালভার্টটি দ্রুত পরিদর্শন করে নতুন করে নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

লাঠি খেলা ও জারির গানে কুলতলী বাজারের বর্ষপূর্তি উদযাপন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬, ১১:০৮ অপরাহ্ণ
লাঠি খেলা ও জারির গানে কুলতলী বাজারের বর্ষপূর্তি উদযাপন

মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি: ঐতিহ্যবাহী লাঠি খেলা ও জারি গানের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের কুলতলী বাজারে বর্ষপূর্তি উৎসব পালিত হয়েছে। সোমবার দিনব্যাপী কুলতলী গ্রামের ঘাইন ঘর মোড়ে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
একসময় কুলতলী গ্রামের এই ঘাইন ঘর নামক স্থানটি ছিল এলাকার ঐতিহ্যবাহী ঘানি ভাঙা খাঁটি সরিষার তেল উৎপাদনের প্রধান কেন্দ্র। গরুর চোখ বেঁধে ঘানি ঘুরিয়ে তেল তৈরির সেই ঐতিহাসিক স্মৃতিকে ধরে রেখে এখানে গড়ে ওঠে বাজারটি। সেই বাজারের বর্ষপূর্তি উপলক্ষে গ্রামীণ লাঠি খেলা এবং জারি গানের আসর বসে, যা নতুন প্রজন্মের মাঝে দারুণ উদ্দীপনার সৃষ্টি করে।
বিশিষ্ট সমাজসেবক সুবিত কুমার ম-লের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তরুণ সমাজসেবক আব্দুর রাজ্জাক সরদার, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেনসহ বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক ও সিএনআরএস-এর প্রতিনিধিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের লোকজ সংস্কৃতি ও উৎসব গ্রামীণ জনপদে পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে বড় ভূমিকা পালন করে। হারিয়ে যাওয়া ঐতিহ্যকে টিকিয়ে রাখতে প্রতিবছর এমন আয়োজন করা প্রয়োজন। রাতের দিকে মনোজ্ঞ জারি গানের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটে।

দেবহাটায় গ্রাম আদালতের সচেতনতা ক্যাম্পেইন ও শোভাযাত্রা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬, ১১:০৭ অপরাহ্ণ
দেবহাটায় গ্রাম আদালতের সচেতনতা ক্যাম্পেইন ও শোভাযাত্রা

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় গ্রাম আদালতের আইনি সেবা সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলার সখিপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‌্যালি ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সখিপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা গোলাম রব্বানী, ইউপি সদস্য মোখলেছুর রহমান, নূর মোহাম্মদ, রবিউল ইসলাম, নাজিম উদ্দিন, মোয়াজ্জেম হোসেন, নজরুল ইসলাম, আবুল হোসেন, কালাম সরদার, সাজু পারভীন, রেহেনা খাতুন ও জুলেখা খাতুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমন্বয়কারী রেবেকা সুলতানা।