আন্তর্জাতিক পরী দিবস: কল্পনা, সংস্কৃতি ও প্রজন্মের গল্পবন্ধনে
সাকিবুর রহমান বাবলা
প্রতি বছর ২৪ জুন পালিত আন্তর্জাতিক পরী দিবস কেবল রূপকথার জাদুকরী চরিত্রদের স্মরণ করার দিন নয়; এটি মানবজাতির কল্পনাশক্তি, লোকঐতিহ্য, পারিবারিক গল্পচর্চা এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের এক অনন্য উদযাপন। পৃথিবীর নানা দেশ, জাতি ও সংস্কৃতিতে পরী, জাদুকরী আত্মা, বনরক্ষক কিংবা অতিপ্রাকৃত সত্তার গল্প শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের মুখে মুখে প্রবাহিত হয়েছে। এসব গল্প শৈশব থেকেই মানুষের আনন্দ, শিক্ষা, নৈতিকতা ও স্বপ্নের জগৎকে সমৃদ্ধ করে আসছে।
একসময় সন্ধ্যা নামলেই পরিবারের বয়োজ্যেষ্ঠ দাদা-দাদী, নানা-নানী কিংবা বাবা-মায়েরা শিশুদের ঘিরে বসে পরী, রাজকন্যা, জাদুর বন-পাহাড়, কথা বলা পাখি, উড়ন্ত ঘোড়া কিংবা রহস্যময় রাজ্যের গল্প শোনাতেন। আকাশ থেকে নেমে আসা যাদুর কাঠিধারী, ফুলের মালা ও সোনা-রুপার মুকুট পরিহিত ডানাওয়ালা পরীদের সেই গল্প ছিল শিশুদের কল্পনার অন্যতম অনুষঙ্গ।
এসব গল্প শুধু বিনোদনের মাধ্যম ছিল না; বরং সাহস, সততা, দয়া, ভালোবাসা ও মানবিকতার শিক্ষা দেওয়ার এক অনন্য পদ্ধতি ছিল। আজকের প্রযুক্তিনির্ভর যুগে আন্তর্জাতিক পরী দিবস আমাদের সেই হারিয়ে যেতে বসা পারিবারিক গল্প বলার ঐতিহ্যের কথা নতুন করে স্মরণ করিয়ে দেয়। যদিও এসব কল্পনার গল্পের অনেকগুলো এখন কার্টুন, অ্যানিমেশন ও ভিডিওর মাধ্যমে নতুন রূপে উপস্থাপিত হচ্ছে, তবু গল্পের আবেদন অমলিন। এ ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা যেন এক আধুনিক ‘যাদুর কাঠি’ হয়ে কল্পনার জগৎকে আরও বিস্তৃত করতে সহায়তা করছে। বিশ্বের বিভিন্ন সংস্কৃতিতে পরীদের রূপ ভিন্ন হলেও তাদের মূল বার্তা প্রায় একই। ইউরোপের কেল্টিক লোককথায় পরীরা প্রকৃতির রক্ষক হিসেবে পরিচিত।
চীন ও জাপানের লোকবিশ্বাসে বন ও পাহাড়ের আত্মাদের ঘিরে রয়েছে অসংখ্য কিংবদন্তি। আফ্রিকার বিভিন্ন জাতিগোষ্ঠীর লোককাহিনীতেও রহস্যময় জাদুকরী সত্তার উপস্থিতি লক্ষ করা যায়। দক্ষিণ এশিয়ার লোকসাহিত্যে যাদুর কাঠি হাতে, ডানাওয়ালা ঘোড়ায় চেপে স্বর্গ থেকে আসা পরী, অপ্সরা ও অলৌকিক চরিত্রগুলো মানুষের কল্পনার জগৎকে রঙিন করে তুলেছে। এই বৈচিত্র্য প্রমাণ করে যে গল্প বলার ঐতিহ্য মানবসভ্যতার এক সর্বজনীন সাংস্কৃতিক সম্পদ।
আন্তর্জাতিক পরী দিবস শিশুদের সৃজনশীলতা বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গল্প শোনা ও গল্প বলা তাদের কল্পনাশক্তি, ভাষাদক্ষতা, বাচনভঙ্গি এবং চিন্তার পরিধি প্রসারিত করে। একই সঙ্গে এটি পরিবারে আন্তঃপ্রজন্মীয় সম্পর্ককে আরও দৃঢ় করে, যেখানে বয়োজ্যেষ্ঠদের অভিজ্ঞতা ও স্মৃতি নতুন প্রজন্মের কাছে পৌঁছে যায়।
আন্তর্জাতিক সাংস্কৃতিক পরিম-লে এই দিবসের গুরুত্ব আরও গভীর। এটি বিভিন্ন দেশের লোককাহিনি, ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয়কে সম্মান জানায় এবং পারস্পরিক সংস্কৃতির প্রতি আগ্রহ ও শ্রদ্ধাবোধ গড়ে তোলে। গল্পের মাধ্যমে মানুষ ভৌগোলিক ও ভাষাগত সীমা অতিক্রম করে একে অপরের অনুভূতি, স্বপ্ন ও মূল্যবোধের সঙ্গে সংযুক্ত হয়। পরী ও লোককাহিনি নিয়ে বিশ্বজুড়ে অসংখ্য বই, গবেষণা এবং সংগ্রহশালা গড়ে উঠেছে, যা এই সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বকেই তুলে ধরে।









