সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ১২ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা সদর ও কলারোয়া সীমান্তে পৃথক বিশেষ চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে প্রায় ১২ লাখ টাকার ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৮ জুলাই) সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধীনস্থ কুশখালী ও কাকডাঙ্গা বিওপি এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের টহলদল তাদের নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে কুশখালী বিওপির টহলদল সাতক্ষীরা সদর উপজেলার বাঘামারা এলাকা থেকে ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের মোবাইল যন্ত্রাংশ জব্দ করে। একই দিনে কাকডাঙ্গা বিওপির টহলদল কলারোয়া উপজেলার কেরাগাছি এলাকা থেকে ৭ লাখ ৬০ হাজার টাকার মালামাল আটক করে। এছাড়া ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের বিজিবি সদস্যরা সাতক্ষীরা সদরের মুক্তি মোড় থেকে ২ লাখ ৮২ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল স্পেয়ার পার্টস উদ্ধার করেন। তিনটি অভিযানে সর্বমোট ১১ লাখ ৯২ হাজার টাকা মূল্যের চোরাচালানি মালামাল জব্দ করা হয়।



