সুন্দরবনে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিনিধি: সুন্দরবনে ভ্রমণকালে নিখোঁজ পর্যটক রিয়াজ আহমেদের (৩২) মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ ও কোস্টগার্ড। উদ্ধারকারী দলের যৌথ অভিযানে দুবলার চরসংলগ্ন মাতারখাল এলাকা থেকে উদ্ধার করা হয় তার মরদেহ।
শনিবার রাত সাড়ে নয়টার দিকে মাতারখাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রিয়াজ আহমেদ ময়মনসিংহের ভালুকা উপজেলার কাঠালি পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।
এর আগে গত ৫ নভেম্বর পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কদমতলা ফরেস্ট স্টেশন থেকে ১৯ জন পর্যটক নিয়ে ‘ইকো ট্যুরিজম-২’ নামের একটি ট্রলার সুন্দরবন ভ্রমণে যায়। গত ৬ নভেম্বর দুপুরে শরণখোলা রেঞ্জের দুবলার চরের কাছে পৌঁছানোর পর ট্রলারটি নতুন জেগে ওঠা চরে আটকে পড়ে। ট্রলারটি চরের বালু থেকে সচল করার উদ্দেশ্যে পর্যটকরা পানিতে নামেন। চালক ও যাত্রীরা পুনরায় ট্রলারে উঠলে উপস্থিতির গণনায় রিয়াজ আহমেদ অনুপস্থিত ছিলেন।
পর্যটক নিখোঁজের বিষয়টি টের পাওয়ার পরপরই সম্পূর্ণ ট্রলারে তল্লাশি চালানো হয়। সন্ধান না পেয়ে তাৎক্ষণিকভাবে বিষয়টি বন বিভাগ ও কোস্টগার্ডকে জানানো হয়।
সংবাদ পেয়ে বন বিভাগ ও কোস্টগার্ড উদ্ধার অভিযান পরিচালনা করে। পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শাহিনুর ইসলাম নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
সুন্দরবনের দুবলার চরসংলগ্ন এলাকায় প্রবল স্রোত থাকায় এমন দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে।








