ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষককে পেটালেন অভিভাবক
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল খায়েরের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। ৭ নভেম্বর (শনিবার) সকালে স্কুলে প্রাইভেট পড়ানোর সময় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে। নিপীড়নের শিকার শিক্ষার্থীর বরাতে সূত্র জানায়, স্কুলের টয়লেটের দরজা বন্ধ করে ওই শিক্ষার্থীকে নির্যাতন করা হয়। এতে ওই শিক্ষার্থী আতঙ্কিত হয়ে কাঁদতে কাঁদতে তার পিতাকে বিষয়টি জানায়। এরপর ওই শিক্ষার্থীর অভিভাবক ক্ষুব্ধ হয়ে শিক্ষককে বেধড়ক মারধর করেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক আবুল খায়ের মোবাইল ফোন বন্ধ করে আত্মগোপনে রয়েছেন বলে খবর পাওয়া গেছে। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য জানা যায়নি। এর আগেও ওই শিক্ষকের বিরুদ্ধে প্রাইভেট পড়ানোর সময় আরও একাধিক অভিযোগ আছে বলে এলাকাবাসী জানিয়েছেন।
এ ঘটনায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. মমিনুর রহমান মুকুল জানান, এঘটনায় এখনো কেউ কিছু আমাকে জানায়নি। তবে অভিযোগ পেলে কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।
বিষয়টি জানতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আসাদুজ্জামান ও জেলা শিক্ষা অফিসার রুহুল আমিনের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও রিসিভ না করায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।









