পাটকেলঘাটায় নারিকেলগাছ থেকে পড়ে কিশোর গুরুতর আহত
পাটকেলঘাটা প্রতিনিধি: সাতক্ষীরার পাটকেলঘাটায় নারিকেলগাছ থেকে পড়ে বাবলা রহমান (১৬) নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে। বর্তমানে সে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।
শনিবার সকালে পাটকেলঘাটা থানার চোমরখালী গ্রামের ছাত্তার সরদারের ছেলে বাবলা মদনপুর গ্রামে তার খালা কোহিনূরের বাড়িতে বেড়াতে যায়। সেখানে ডাব খাওয়ার ইচ্ছা প্রকাশ করলে খালা তাকে গাছ থেকে ডাব পেড়ে খেতে বলেন। পরে বাবলা নারিকেলগাছে উঠে ডাব পাড়ার সময় নিচে পড়ে যায়। এতে তার পা ও মেরুদণ্ডে গুরুতর আঘাত লাগে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতাল কর্তৃপক্ষের পরামর্শে পরিবারের সদস্যরা তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে নিয়ে যান।
এ ঘটনায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। গ্রামবাসী বাবলার দ্রুত সুস্থতা কামনা করেছেন।






