সুন্দরবনে নিষিদ্ধ সময়ে মাছ শিকার, ৫ জেলে কারাগারে
কয়রা (খুলনা) প্রতিনিধি: সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা চলাকালে অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে আটক পাঁচ জেলেকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার (৪ জুলাই) কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ আদেশ দেন।
কোবাদক ফরেস্ট স্টেশনের কর্মকর্তা শেখ মো. আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সুন্দরবনের আড়পাঙ্গাসিয়া নদীর টেকের খাল এলাকায় মাছ শিকারের সময় ওই পাঁচ জেলেকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নাপিতখালী গ্রামের সাদ্দাম (৩২), ফরহাদ (২), আসাদুল (১৯), আমিরুল (২৭) ও আরাফাত (২৪)। এ সময় তাঁদের কাছ থেকে নিষিদ্ধ জাল ও মাছ শিকারের অন্যান্য সরঞ্জামসহ একটি ইঞ্জিনচালিত ট্রলার জব্দ করা হয়।
সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান বলেন, সুন্দরবনের মৎস্য সম্পদ রক্ষায় বর্তমানে তিন মাস সব ধরনের মাছ শিকার ও বনজ সম্পদ আহরণে নিষেধাজ্ঞা রয়েছে। এই নিষেধাজ্ঞা অমান্য করায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।












