সুন্দরবনে পর্যটক নিখোঁজ, উদ্ধার অভিযান চালাচ্ছে বন বিভাগ ও কোস্টগার্ড
উপকূলীয় অঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: সুন্দরবন ভ্রমণে গিয়ে দুবলার চরের কাছে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে নতুন জেগে ওঠা চরে পর্যটকবাহী বোর্ড আটকে গেলে সেটি ছাড়ানোর চেষ্টার সময় তিনি নিখোঁজ হন। নিখোঁজ ব্যক্তির নাম রিয়াজ আহমেদ। তাঁর বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলার কাঠালি পশ্চিমপাড়া এলাকায় বলে জানা গেছে।
বন বিভাগ সূত্রে জানা যায়, ৫ নভেম্বর পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কদমতলা ফরেস্ট স্টেশন থেকে ১৯ জন পর্যটক নিয়ে ইকো ট্যুরিজম-২ নামের বোর্ডটি সুন্দরবনে যায়। বৃহস্পতিবার দুপুরে শরণখোলা রেঞ্জের দুবলার চরের কাছে বোর্ডটি চরে আটকে যায়। বোর্ডটি ছাড়ানোর চেষ্টায় পর্যটকেরাও পানিতে নামেন। পরে সবাই বোর্ডে উঠে এলে গণনার সময় একজনকে পাওয়া যায়নি।
বোর্ডের ট্যুর গাইড মো. মিজানুর রহমান জানান, পর্যটক নিখোঁজের বিষয়টি বুঝতে পেরে বোর্ডের কেবিনগুলো খোঁজ করা হয়। তাঁকে না পেয়ে বন বিভাগ ও কোস্টগার্ডকে জানানো হয়।
খবর পেয়ে বন বিভাগ ও কোস্টগার্ড যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেছে। পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. শাহিনুর ইসলাম বলেন, পর্যটক নিখোঁজের খবর পেয়ে তাঁকে উদ্ধারে কাজ চলছে। তবে তাঁর পরিচয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার প্রক্রিয়া চলছে।
সিনিয়র সাংবাদিক মহসিন উল হাকিম বলেন, দুবলার চরসংলগ্ন এলাকায় স্রোতের প্রবল প্রভাব রয়েছে। রিপ কারেন্টের কারণে পর্যটকটি ভেসে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে নিখোঁজের প্রকৃত কারণ এখনো জানা যায়নি।








