হত্যাচেষ্টা মামলায় হাই কোর্টে আগাম জামিন পেলেন এমপি গাজী নজরুল
নিজস্ব প্রতিনিধি: রাজধানীর পল্লবী থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাই কোর্ট।
সোমবার বিচারপতি কে এম জাহিদ সরওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেওয়া ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। অন্যদিকে গাজী নজরুল ইসলামের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান।
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনাকে কেন্দ্র করে গত ২১ জুলাই গাজী নজরুলসহ পাঁচজনের বিরুদ্ধে পল্লবী থানায় মামলাটি করেন তাঁরই ব্যক্তিগত গাড়িচালক ওবায়দুর রহমান। এজাহারে অভিযোগ করা হয়, সংসদ সদস্যের ‘অনৈতিক সম্পর্কের’ প্রতিবাদ করায় এবং ভিডিও ফাঁসের ঘটনায় সম্পৃক্ততার সন্দেহ করে গাড়িচালককে মারধর করা হয়েছে। এক নারীর সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও প্রকাশ্যে আসার পর গত জুন মাসে গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার করে জামায়াত।












