রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

১০ মিনিটের ঝড়ে বার্সেলোনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ১১:১৫ অপরাহ্ণ
১০ মিনিটের ঝড়ে বার্সেলোনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন

শুরুতেই দুই গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে পড়ার শঙ্কায় পড়েছিল বার্সেলোনা! প্রথমার্ধে পেনাল্টি মিস, একের পর এক সুযোগ নষ্ট। কিন্তু বিরতির পর অন্য এক বার্সেলোনাকে দেখেছে সমর্থকরা। মাত্র ১০ মিনিটের ব্যবধানে তিন গোল করে ভিয়ারিয়ালকে হারিয়ে লা লিগার শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে হান্সি ফ্লিকের দল। স্পটিফাই ন্যু ক্যাম্পে ম্যাচের শুরুতে ধাক্কা খেলেও শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় তুলে নিয়েছে কাতালানরা।

ম্যাচের শুরুটা ছিল বার্সেলোনার জন্য রীতিমতো দুঃস্বপ্নের। প্রথম সাত মিনিটেই দুই গোল করে স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে দেয় ভিয়ারিয়াল। তাজন বুকানন প্রথম গোলটি করেন। এরপর তানি ওলুওয়াসেইয়ের জোরালো শটে ব্যবধান দ্বিগুণ হয়। ১৯৮১ সালের নভেম্বরের পর এই প্রথম লা লিগার কোনো ম্যাচের প্রথম সাত মিনিটে দুই গোল হজম করেছে বার্সেলোনা। সেবার রিয়াল জারাগোজার বিপক্ষে এমন পরিস্থিতিতে পড়েছিল তারা।

২৩ মিনিটে অবশ্য ম্যাচে ফেরার সুযোগ পেয়েছিল বার্সেলোনা। বক্সের মধ্যে লামিনে ইয়ামালকে ফাউল করেন ওলুওয়াসেই। ভিএআরের সাহায্যে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। কিন্তু স্পটকিক থেকে লক্ষ্যভ্রষ্ট হন ইয়ামাল। বিরতির ঠিক আগে কাছ থেকে হেড করেও গোল করতে পারেননি জেরার্ড মার্টিন।

তবে দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় বার্সেলোনা। ৬১ মিনিটে পেদ্রির ক্রস থেকে হেডে গোল করে ব্যবধান কমান জেরার্ড মার্টিন। নিজের আগের ভুলের প্রায়শ্চিত্ত করেন এই ডিফেন্ডার। এরপর ৬০ মিনিটের কাছাকাছি সময়ে ইয়ামালের পাস থেকে বক্সের মধ্যে বল জালে পাঠিয়ে সমতা ফেরান ফেরমিন লোপেজ।

সমতায় ফেরার পর বার্সেলোনার আক্রমণ আরও তীব্র হয়। ৬৭ মিনিটে এরিক গার্সিয়ার ক্রস নিজেদের জালে পাঠিয়ে দেন ভিয়ারিয়ালের ডিফেন্ডার পাউ নাভারো। তাতেই ম্যাচে প্রথমবারের মতো এগিয়ে যায় স্বাগতিকরা। মাত্র ১০ মিনিটের ব্যবধানে তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় বার্সেলোনা।

নাভারোর দুঃসময় অবশ্য সেখানেই শেষ হয়নি। যোগ করা সময়ে বার্সেলোনা অধিনায়ক রাফিনহাকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন তিনি। ফলে ১০ জনের দলে পরিণত হয় ভিয়ারিয়াল।

এই জয়ে লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে নিজেদের আধিপত্যও ধরে রাখলো বার্সেলোনা। দলটির কোচ ইনিগো পেরেজের অধীনে বার্সার বিপক্ষে ছয় ম্যাচ খেলে এখনও জয়ের দেখা পায়নি তারা। এর মধ্যে পাঁচটিতে হার, একটি ড্র।

এই জয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে তিন পয়েন্ট এগিয়ে থেকে লা লিগার শীর্ষে ফিরেছে বার্সেলোনা।

Ads small one

বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে যশোরে ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ১১:৫৩ অপরাহ্ণ
বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে যশোরে ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ

যশোর সংবাদদাতা: বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে যশোরে মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ। রোববার দুপুরে সংগঠনের জেলা কার্যালয় থেকে মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে সমাবেশে মিলিত হয়।

সংগঠনের যশোর জেলা কমিটির সভাপতি আশুতোষ বিশ্বাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাধারণ সম্পাদক কৃষ্ণালাল সরকার, সহসাধারণ সম্পাদক কামরুজ্জামান রাজেশ, জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কামাল পারভেজ বুলু ও যুগ্ম সম্পাদক আইয়ুব হোসেন।

বক্তারা বলেন, ইউরোপ, আমেরিকা, এশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে শ্রমিকেরা মজুরি বৃদ্ধি, চাকরির নিশ্চয়তা, আবাসন সংকট নিরসন, শিক্ষা ব্যয় কমানো ও জীবনযাত্রার ব্যয় হ্রাসের দাবিতে আন্দোলন করছেন। যুদ্ধ প্রস্তুতি ও সামরিক ব্যয় বৃদ্ধির বিরুদ্ধেও বিভিন্ন দেশে প্রতিবাদ চলছে।

বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে তাঁরা বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে দেশ-বিদেশের শ্রমিক আন্দোলনের মধ্যে ঐক্য ও সংহতি গড়ে তুলতে হবে। একই সঙ্গে শ্রমিক-কৃষকের অধিকার প্রতিষ্ঠায় সংগঠিত আন্দোলন জোরদারের আহ্বান জানান তাঁরা।

সম্পাদকীয়/দুবলার চরে রাস উৎসব: ভক্তি ও নিরাপত্তার মেলবন্ধন জরুরি

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ১১:৪৯ অপরাহ্ণ
সম্পাদকীয়/দুবলার চরে রাস উৎসব: ভক্তি ও নিরাপত্তার মেলবন্ধন জরুরি

বৈরী আবহাওয়া অব্যাহত থাকলেও ঐতিহ্যবাহী রাস উৎসব ও পূর্ণিমার পুণ্যস্নানকে ঘিরে সুন্দরবনের দুবলার চরে যাত্রা শুরু করেছেন সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীরা। শতাব্দীপ্রাচীন এই উৎসব কেবল একটি ধর্মীয় আচার নয়, বরং এটি উপকূলীয় সংস্কৃতি ও মানুষের অদম্য ভক্তির এক অনন্য নিদর্শন। তবে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কার মধ্যে এই বিশাল জনসমাগম নির্বিঘœ করতে সর্বোচ্চ সতর্কতা ও শৃঙ্খলার কোনো বিকল্প নেই।

প্রতিবছরের মতো এবারও ২২ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এই উৎসব ঘিরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পুণ্যার্থী দুবলার চরের আলোরকোলে সমবেত হচ্ছেন। পুণ্যার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এবং সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগ বেশ কিছু সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করেছে। পাঁচটি নির্দিষ্ট নৌপথ নির্ধারণ, রাতে নৌযান চলাচল নিষিদ্ধ করা, প্রতিটি নৌযানে পর্যাপ্ত লাইফ জ্যাকেট বা বয়া বাধ্যতামূলক করা এবং বন বিভাগ, পুলিশ, বিজিবি ও কোস্টগার্ডের সমন্বয়ে যৌথ টহল ব্যবস্থা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।

তবে কেবল প্রশাসনিক প্রস্তুতিই যথেষ্ট নয়, বৈরী আবহাওয়ার কথা মাথায় রেখে পুণ্যার্থী এবং নৌযান চালকদেরও সমানভাবে দায়িত্বশীল হতে হবে। অতিরিক্ত যাত্রী বোঝাই না করা, আবহাওয়ার পূর্বাভাস মেনে চলা এবং কেবল দিনের ভাটায় নির্ধারিত নৌপথ ব্যবহার করার নির্দেশনাগুলো কঠোরভাবে পালন করতে হবে। সামান্য অসাবধানতা বা অতি-উৎসাহ যেন কোনো বড় দুর্ঘটনার কারণ না হয়, সেদিকে সবার সজাগ দৃষ্টি রাখা প্রয়োজন।

পাশাপাশি, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের নাজুক প্রতিবেশব্যবস্থা রক্ষার বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০২১ সাল থেকে দুবলার চরে বাণিজ্যিক মেলা বন্ধ রাখা এবং সাধারণ পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করার সিদ্ধান্ত সুন্দরবনের বন্যপ্রাণী ও পরিবেশ রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখছে। এবারও বনের ভেতর একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক, মাইক, আতশবাজি ও শিকারের সরঞ্জাম নিষিদ্ধ করা হয়েছে। পুণ্যার্থীদের উচিত ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে এই পরিবেশবান্ধব নীতিমালাগুলো অক্ষরে অক্ষরে মেনে চলা, যাতে উৎসবের আনন্দে প্রকৃতির কোনো ক্ষতি না হয়।

আমরা আশা করি, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা এবং পুণ্যার্থীদের সচেতনতা ও সহযোগিতায় বৈরী আবহাওয়ার প্রতিকূলতা কাটিয়ে এবারের রাস উৎসব ও পুণ্যস্নান নিরাপদ, শান্তিপূর্ণ ও পরিবেশবান্ধবভাবে সম্পন্ন হবে।

ডুমুরিয়ায় ইজিবাইক চালককে অজ্ঞান করে গাড়ি ছিনতাই

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ১১:৪৭ অপরাহ্ণ
ডুমুরিয়ায় ইজিবাইক চালককে অজ্ঞান করে গাড়ি ছিনতাই

পাটকেলঘাটা প্রতিনিধি: খুলনার ডুমুরিয়ায় ইজিবাইক চালক তৌহিদুল ইসলামকে অজ্ঞান করে তাঁর ইজিবাইক ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ডুমুরিয়া বাজারে এ ঘটনা ঘটে।

তৌহিদুল ইসলাম সাতক্ষীরার পাটকেলঘাটা থানার সরুলিয়া গ্রামের বাসিন্দা। ভাড়ায় যাত্রী নিয়ে ডুমুরিয়া বাজারে পৌঁছানোর পর ছিনতাইকারীরা তাঁকে অজ্ঞান করে ইজিবাইক নিয়ে পালিয়ে যায় বলে জানা গেছে।

এনজিও থেকে ঋণ নিয়ে ইজিবাইকটি কিনেছিলেন তৌহিদুল। এখনো ছয় মাসের কিস্তি বকেয়া রয়েছে। জীবিকার একমাত্র অবলম্বন হারিয়ে তিনি দিশেহারা হয়ে পড়েছেন।