শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

অনভিজ্ঞ দল নিয়েও বাংলাদেশকে হারিয়েছে নিউজিল্যান্ড

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ণ
অনভিজ্ঞ দল নিয়েও বাংলাদেশকে হারিয়েছে নিউজিল্যান্ড

প্রথম ওয়ানডের সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ৪৮.৩ ওভারে ২২১/১০ (রানা ০*; তানজিদ ২, শান্ত ০, সাইফ ৫৭, লিটন ৪৬, আফিফ ২৭, মিরাজ ৬, রিশাদ ৪, শরিফুল ০, তাসকিন ২, হৃদয় ৫৫)

ফল: নিউজিল্যান্ড জয়ী ২৬ রানে।

নিউজিল্যান্ড ৫০ ওভারে ২৪৭/৮ (লেনক্স ১*, স্মিথ ২১* ; কেলি ৭, ইয়াং ৩০, ল্যাথাম ১৪, নিকোলস ৬৮, আব্বাস ১৪, ক্লার্কসন ৮, ফক্সক্রফট ৫৯, টিকনার ৭)

মিরপুরে দ্বিতীয় সারির অনভিজ্ঞ দল নিয়েও সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ২৬ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। ২৪৮ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ ৪৮.২ ওভারেই ২২১ রানে অলআউট হয়েছে।

রান তাড়ায় নাথান স্মিথের আঘাতে ২১ রানে দ্রুত দুটি উইকেট পতনের পর ভালোই জবাব দিয়েছিল বাংলাদেশ। সাইফ হাসান-লিটন দাস মিলে ৯৩ রানের জুটি গড়েছিলেন। সাইফ ৫৭ রানে ফিরলেও লিটন দাস যতক্ষণ ছিলেন ততক্ষণ সব কিছুই ঠিক মতো ছিল। উইকেটকিপার ব্যাটার ৪৬ রানে ফিরতেই নিজেদের পরিস্থিতি কঠিন করে তোলে স্বাগতিক দল। চাপের মুহূর্তে তাওহীদ হৃদয় ও আফিফ হোসেন মিলে জুটি গড়েন ঠিকই কিন্তু মন্থর সেই জুটি বলের ব্যবধান বাড়িয়েছে। তার ওপর আফিফের আউটের পর প্রয়োজনের সময় প্রতিরোধ গড়তে ব্যর্থ হন মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেনও। যার প্রভাবে পরে আর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। এই সময় দ্রুত উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে গেছে। বিশেষ করে ব্লেয়ার টিকনার টানা দুই বলে দুই উইকেটসহ শেষ দিকে এসে ৩ উইকেট নিয়ে ইনিংস গুটিয়ে দিতে ভূমিকা রেখেছেন। তাওহীদ হৃদয় এই সময় হাত খোলার চেষ্টা করলেও শেষ পর্যন্ত ৬০ বলে ৫৫ রানে আউট হওয়াতে ২২১ রানে থেমেছে বাংলাদেশের ইনিংস।

ব্লেয়ার টিকনার ৪০ রানে নেন সর্বোচ্চ ৪ উইকেট। ৪৫ রানে ৩টি নেন নাথান স্মিথ। একটি করে নিয়েছেন উইল ও’রুর্ক, জেইডেন লেনক্স ও ডিন ফক্সক্রফট। ফক্সক্রফট ব্যাট হাতেও ৫৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলায় ম্যাচসেরা হয়েছেন।

তাসকিনের বিদায়ে পড়লো নবম উইকেট

এক ওভার বিরতি দিয়ে আবার আঘাত হেনেছেন ব্লেয়ার টিকনার। বাংলাদেশকে অসম্ভব কিছু করার কোনও সুযোগই দেননি তিনি। ৪৭.৩ ওভারে তাসকিন আহমেদকে বোল্ড করেছেন। নিজের চতুর্থ শিকারের সঙ্গে বাংলাদেশ হারায় তাদের নবম উইকেট।

টানা দুই বলে ফিরলেন রিশাদ, শরিফুল

মিরাজের পর শেষ স্বীকৃত ব্যাটার হিসেবে রিশাদ হোসেনের ওপর নির্ভর করছিল অনেক কিছু। কিন্তু ৪৬তম ওভারে রিশাদকে ৪ রানে ফিরিয়েছেন কিউই পেসার টিকনার। পরের বলে বোল্ড করেন শরিফুলকেও। পর পর দুটি উইকেট পতনে ৮ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।

চাপ বাড়িয়ে সাজঘরে মিরাজ

আফিফ-হৃদয় জুটি গড়ে খেললেও তাতে ছিল মন্থর গতি। যার প্রভাব পড়েছে ম্যাচে। নতুন নামা মেহেদী হাসান মিরাজও বেশি কিছু করতে পারেননি। ৬ রানে আউট হয়ে আরও চাপ বাড়িয়ে গেছেন। দলের ১৯৪ রানে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। তাতে পড়ে দলের ষষ্ঠ উইকেট।

আফিফের আউটে ভাঙলো ৫২ রানের জুটি

লিটন দাসের বিদায়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। আফিফ হোসেন ও তাওহীদ হৃদয় জুটি গড়লেও তাদের রান তোলায় ছিল মন্থর গতি। ৭৯ বলে দুজনে যোগ করেছেন ৫২ রান। দলের ১৮৪ রানে আফিফ হোসেনের বিদায়ে ভেঙেছে এই জুটি। মেরে খেলতে গিয়ে ২৭ রানে ক্যাচ তুলে আউট হন আফিফ।

৪৬ রানে বোল্ড লিটন

সাইফ ফিরলেও প্রান্ত আগলে খেলছিলেন লিটন দাস। ব্যবধান কমাচ্ছিলেন তিনি। চলে আসেন ফিফটির কাছেও। ব্যক্তিগত ৪৬ রানে তাকে দুর্দান্ত এক ডেলিভারিতে চমকে দিয়েছেন ফক্সক্রফট। তার ঘূর্ণি বল বুঝতেই পারেননি লিটন। বোল্ড হয়েছেন। লিটনের ৬৮ বলের ইনিংসে ছিল ৩টি চারের মার। বাংলাদেশ চতুর্থ উইকেট হারায় ১৩২ রানে।

সাইফের বিদায়ে ভাঙলো ৯৩ রানের জুটি

শুরুতে দ্রুত দুই উইকেট পতনের পর বাংলাদেশ ঘুরে দাঁড়ায় সাইফ হাসান-লিটন দাসের জুটিতে। দুজনের মধ্যে সবচেয়ে বেশি আগ্রাসী ছিলেন সাইফ। তুলে নেন ফিফটি। তাকে ৫৭ রানে থামিয়ে ৯৩ রানের জুটি ভেঙেছেন ও রুর্ক। পুল করতে গিয়ে ক্লার্কসনের হাতে ধরা পড়েছেন সাইফ। বাংলাদেশ তৃতীয় উইকেট হারায় ১১৪ রানে।

সাইফের ফিফটি, একশ ছাড়ালো বাংলাদেশ

২১ রানে টানা দুই বলে দুটি উইকেট পড়লেও সেই ধাক্কা সামলে উঠেছেন অভিজ্ঞ সাইফ হাসান ও লিটন দাস। তৃতীয় উইকেটে তাদের পঞ্চাশ ছাড়ানো জুটিতে বাংলাদেশ ভালোভাবেই জবাব দিচ্ছে। সাইফ হাসান তো ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি তুলে নিয়েছেন। দুজনের ব্যাটেই বাংলাদেশের স্কোর ছাড়িয়েছে একশ।

স্মিথের জোড়া আঘাতে ফিরলেন তানজিদ, শান্ত

রান তাড়ায় শুরুটা দেখেশুনে করেছিলেন দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান। তৃতীয় ওভারে অবশ্য শেষ রক্ষা হয়নি। নাথান স্মিথের প্রথম বলে মেরে খেলতে গিয়ে ২ রানে বোল্ড হয়েছেন ওপেনার তানজিদ হাসান। পরের বলে নতুন নামা নাজমুল হোসেন শান্তকেও বোল্ড করে টানা দ্বিতীয় উইকেট তুলে নেন কিউই পেসার। ফলে ২১ রানের মধ্যেই দুই উইকেট পড়েছে বাংলাদেশের।

বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিয়েছে নিউজিল্যান্ড

প্রথম ওয়ানডেতে বল হাতে দারুণ নৈপুণ্য দেখিয়েছে বাংলাদেশ। টস হেরে বোলিং করে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে ২৪৭ রানে আটকে দিয়েছে তারা।

ব্যবহৃত পাঁচ বোলারের প্রত্যেকেই উইকেটের দেখা পেয়েছেন। তাদের মধ্যে পেসার শরিফুল ইসলাম ছিলেন সবচেয়ে সফল। ১০ ওভারে ২৭ রানে নেন ২ উইকেট। ছিল দুটি মেডেনও। লেগ-স্পিনার রিশাদ হোসেন ও পেসার তাসকিন আহমেদও নেন দুটি করে উইকেট। এছাড়া নাহিদ রানা ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজ নেন একটি করে উইকেট।

সফরকারীদের পক্ষে ওপেনার হেনরি নিকোলস ৮৩ বলে সর্বোচ্চ ৬৩ রান করেন। নিচের দিকে নেমে ডিন ফক্সক্রফট ৫৮ বলে ৫৯ রানের কার্যকর ইনিংসে গতি ফেরান।

অবশ্য পাওয়ারপ্লের পর কিছুটা গতি বাড়ালেও মাঝের ওভারে নিয়ন্ত্রণ ধরে রেখে নিউজিল্যান্ডকে চাপে ফেলে বাংলাদেশ। শুরুর ধীরগতির পর হেনরি নিকোলস ও উইল ইয়াং দ্বিতীয় উইকেটে ৭৩ রানের জুটি গড়ে দলকে ভালোই এগিয়ে নিয়েছিলেন। এক পর্যায়ে ১ উইকেটে স্কোর ছিল ৯৪। উইল ইয়াংকে রিশাদ হোসেন বিদায় দিলে তারপর দ্রুতই ইনিংসের ছন্দপতন ঘটে। মাঝে দারুণ বোলিংয়ে মাত্র ৩৭ রানে ৩ উইকেট তুলে ম্যাচের গতি নিজেদের পক্ষে নেয় স্বাগতিকরা।

শেষ দিকে বাংলাদেশ সফরকারীদের ওপর আরও চাপ বাড়ালে তারা বেশি রান নিতে পারেনি। এই সময় দায়িত্বশীল ব্যাটিংয়ে ২১ রানে অপরাজিত থাকেন নাথান স্মিথ (২১*)।

তাসকিনের দ্বিতীয় শিকার টিকনার

শেষ ওভারে গিয়ে রান বাড়াতে চেয়েছিল নিউজিল্যান্ড। কিন্তু তাসকিন আহমেদের গতির কাছে পেরে উঠেননি স্ট্রাইকে থাকা ব্লেয়ার টিকনার (৭)। ৪৯.২ ওভারে বোল্ড হয়েছেন তিনি। তাতে অষ্টম উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড। এটি তাসকিনের দ্বিতীয় শিকার।

ফক্সক্রফটকে থামালেন রানা

নিকোলসের পর নিউজিল্যান্ডকে এগিয়ে নিচ্ছিলেন মূলত ডিন ফক্সক্রফট। তার দায়িত্বশীল ব্যাটিং দলকে পথ দেখাচ্ছিল। ৫২ বলে ফিফটি তুলে নেওয়া এই ব্যাটারকে অবশেষে থামিয়েছেন নাহিদ রানা। ৪৬.৪ ওভারে ফক্সক্রফটকে ৫৯ রানে বোল্ড করেছেন তিনি। কিউই ব্যাটারের ৫৮ বলের ইনিংসে ছিল ৮টি চারের মার। নিউজিল্যান্ড সপ্তম উইকেট হারায় ২২৬ রানে।

ক্লার্কসনকে বোল্ড করলেন তাসকিন

আব্বাসকে নিয়ে ৩৪ রান যোগ করেছিলেন ফক্সক্রফট। তার পর ষষ্ঠ উইকটে ক্লার্কসনকে নিয়েও ২৭ রান যোগ করেন তিনি। এই জুটি পোক্ত হওয়ার আগেই ক্লার্কসনকে বোল্ড করে প্রথম উইকেটের দেখা পেয়েছেন তাসকিন আহমেদ। ১৬ বলে ৮ রানে ফিরেছেন কিউই ব্যাটার। নিউজিল্যান্ড ষষ্ঠ উইকেট হারায় ১৯২ রানে।

শরিফুলের আঘাতে ভাঙলো জুটি

৪ রানের ব্যবধানে দ্রুত ২ উইকেট পতনের পর পঞ্চম উইকেটে জুটি গড়েছিলেন মোহাম্মদ আব্বাস ও ফক্সক্রফট। কিন্তু ৩৬তম ওভারে শরিফুলের আঘাতে ভেঙেছে ৩৪ রানের এই জুটি। লিটনকে ক্যাচ দিয়ে ১৪ রানে ফিরেছেন আব্বাস। তাতে ১৬৫ রানে পতন হয়েছে পঞ্চম উইকেটের। শরিফুলের এটি দ্বিতীয় শিকার।

মিরাজের পর রিশাদের আঘাত

দ্বিতীয় উইকেট জুটি ভাঙার পর নেমেছিলেন অধিনায়ক ল্যাথাম। বেশিক্ষণ টিকতে পারেননি যদিও। ২৭তম ওভারে ১৫ বলে ১৪ রানে মেহেদী হাসান মিরাজের আঘাতে বোল্ড হয়েছেন। তাতে ভাঙে নিকোলস-ল্যাথামের ৩৩ রানের জুটি। পরের ওভারে রিশাদের আঘাতে ফেরেন প্রান্ত আগলে খেলতে থাকা নিকোলসও। রিভার্স সুইপ করতে গিয়ে লিটনের গ্লাভসবন্দি হয়েছেন। ৮৩ বলে থেমেছেন ৬৮ রানে। তার ইনিংসে ছিল ৯টি চারের মার। তাতে ৪ রানের ব্যবধানে পড়েছে দুটি উইকেট।

নিকোলসের ফিফটি, দলীয় শতরান ছাড়িয়েছে নিউজিল্যান্ড

দ্বিতীয় উইকেট পতন হলেও দায়িত্বশীল ব্যাটিংয়ে ১৭তম ফিফটি তুলে নিয়েছেন নিকোলস। ৭ চারে ৬৫ বলে পঞ্চাশ ছুঁয়েছেন তিনি। একই সময়ে দল শত রানও ছাড়িয়েছে।

৭৩ রানের জুটি ভাঙলেন রিশাদ

২১ রানে প্রথম উইকেট হারানোর পর দায়িত্বশীল ব্যাটিংয়ে নিউজিল্যান্ডকে পথ দেখাচ্ছিলেন হেনরি নিকোলস ও উইল ইয়াং। ধীর গতির সূচনার পর ভালো জুটিও গড়েন তারা। ২১.৩তম ওভারে এসে ৭৩ রানের জুটি ভেঙেছেন রিশাদ হোসেন। সফট ডিসমিসালে ফিরেছেন ইয়াং। রিভার্স সুইপ করতে গিয়ে ৩০ রানে বিদায় নেন তিনি। তাতে ৯৪ রানে পড়েছে দ্বিতীয় উইকেট। ইয়াং অবশ্য ১ রানে জীবন পেয়েছিলেন।

১০ ওভারে নিউজিল্যান্ডের ৩৮

পাওয়ার প্লেতে নিউজিল্যান্ডকে বেশি রান নিতে দেয়নি বাংলাদেশ। নিয়ন্ত্রিত বোলিংয়ে তাদের আটকে রাখার চেষ্টা করেছে। তাতে দশ ওভারে নিউজিল্যান্ড ১ উইকেটে তুলেছে ৩৮ রান। অবশ্য এই সময়ে একটি ক্যাচ ছাড়ার ঘটনাও ঘটেছে। নবম ওভারে শরিফুলের বলে সহজ ক্যাচ নিতে ব্যর্থ হয়েছেন স্লিপে থাকা সাইফ হাসান।

সপ্তম ওভারেই শরিফুলের সাফল্য

টস হেরে বোলিংয়ে নামলেও শুরুটা দারুণ করেছেন তাসকিন আহমেদ,শরিফুল ইসলামরা। তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সেভাবে হাতই খুলতে পারেননি দুই ওপেনার হেনরি নিকোলস ও নিক কেলি। ৫ ওভারে রান এসেছে মাত্র ১৬। সপ্তম ওভারে শরিফুলের বলে আসে প্রথম সাফল্যও। মেরে খেলতে গিয়ে ৭ রানে বোল্ড হয়েছেন ওপেনার কেলি। তার ২৩ বলের ইনিংসে ছিল ১টি চার।

টস হেরে বোলিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরেছে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নিয়েছে নিউজিল্যান্ড। ম্যাচটা শুরু হয়েছে বেলা ১১টায়। দেখাচ্ছে টি স্পোর্টস ও নাগরিক টিভি।

এবারের সিরিজে দ্বিতীয় সারির দল নিয়েই খেলতে এসেছে কিউই দল। তাই সিরিজে লড়াইটা হচ্ছে নতুন বনাম অভিজ্ঞদের। স্বাগতিক বাংলাদেশের লক্ষ্য সিরিজ জয়। বিশেষ করে ২০২৭ বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বশেষ ২০২৩ সালেও একই রকম খর্ব শক্তির দল নিয়ে সিরিজ ২-০ তে জিতেছিল নিউজিল্যান্ড। এবারও তাদের প্রেরণা দিচ্ছে সেই সিরিজ।

একাদশে কারা

পাকিস্তানের বিপক্ষে খেলা সর্বশেষ ওয়ানডে থেকে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। মোস্তাফিজুর রহমানের জায়গায় খেলছেন আরেক পেসার শরিফুল ইসলাম। সব মিলে একাদশে রয়েছেন ৩ পেসার।

বাংলাদেশ একাদশ:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটকিপার), তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

নিউজিল্যান্ড একাদশ:
উইল ইয়াং, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটকিপার), হেনরি নিকোলস, নিক কেলি, মোহাম্মদ আব্বাস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, উইলিয়াম ও’রুর্ক ও জেইডেন লেনক্স।

বিরতির পর নতুন লুক ও চরিত্র নিয়ে শুটিংয়ে দীঘি

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ণ
বিরতির পর নতুন লুক ও চরিত্র নিয়ে শুটিংয়ে দীঘি

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তরুণ নায়িকা প্রার্থনা প্রার্থনা ফারদিন দীঘি আবারও ব্যস্ত সময় পার করছেন নতুন সিনেমার শুটিং নিয়ে। তার অভিনীত বিদায় সিনেমার শুটিং ফের শুরু হয়েছে। কিছুদিন বিরতির পর আবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন এ অভিনেত্রী।
সিনেমাটির প্রথম ধাপের শুটিং শেষ হওয়ার পর সাময়িক বিরতি নেওয়া হয়েছিল। এরপর নির্মাতা মেহেদী হাসান হৃদয় অন্য একটি প্রজেক্ট নিয়ে ব্যস্ত ছিলেন। সেই কাজ শেষ করে সম্প্রতি আবার শুরু হয়েছে বিদায় সিনেমার শুটিং। আর শুটিংয়ে ফিরেই আলোচনায় দীঘি।

শুটিং সেট থেকে ছবি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেন অভিনেতা ফারুক আহমেদ। সিনেমাটিতে দীঘির উপস্থিতিও নজর কাড়ে। নতুন লুক ও চরিত্র নিয়ে তিনি দর্শকদের সামনে কেমনভাবে হাজির হবেন, তা নিয়ে এরই মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করলেও দীঘি এখন নিয়মিত নায়িকা চরিত্রে কাজ করছেন। একের পর এক নতুন সিনেমায় নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করছেন তিনি। বিদায় সিনেমাটিও তার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ কাজগুলোর একটি বলে মনে করা হচ্ছে।

এই সিনেমায় দীঘির সঙ্গে অভিনয় করছেন ফারুক আহমেদ, বাপ্পারাজ ও আলীরাজের মতো অভিজ্ঞ অভিনয়শিল্পীরা। সিনিয়র শিল্পীদের সঙ্গে কাজের অভিজ্ঞতা দীঘির অভিনয় ক্যারিয়ারে নতুন সমৃদ্ধি যোগ করবে বলেই ধারণা করা হচ্ছে।

নির্মাতা সূত্রে জানা গেছে, দ্রুত শুটিং শেষ করে সিনেমাটি মুক্তির প্রস্তুতি নেওয়া হচ্ছে। সবকিছু ঠিক থাকলে আসন্ন কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বিদায়। ফলে ঈদের সিনেমার তালিকায় দীঘির নতুন উপস্থিতি নিয়ে দর্শকদের আগ্রহ বাড়ছে।

আজ সরকারের ২ মাস পূর্তিতে সংবাদ সম্মেলন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১১:০২ পূর্বাহ্ণ
আজ সরকারের ২ মাস পূর্তিতে সংবাদ সম্মেলন

সরকারের দায়িত্ব গ্রহণের দুই মাস পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে বিকেল সাড়ে ৩টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রেস সচিব ও মুখপাত্র সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রেস উইংয়ের সদস্যরা।

গতকাল শুক্রবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে সরকারের গত দুই মাসের কার্যক্রম, অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হতে পারে বলে জানা গেছে। পাশাপাশি সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়েও বক্তব্য দেওয়া হতে পারে। সংবাদ সম্মেলনে অংশগ্রহণের জন্য সাংবাদিকদের প্রধানমন্ত্রীর কার্যালয়ের ৪ নম্বর গেট দিয়ে প্রবেশ করতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

হজের খরচ আরো কমানোর চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
হজের খরচ আরো কমানোর চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী বছর থেকে হজের খরচ আরো কমানোর চেষ্টা করবে সরকার। প্রধানমন্ত্রী বলেন, আশা করি, আগামী বছর যারা হজে যাবেন তাদের জন্য আরেকটু খরচ কমাতে পারব। আমরা চেষ্টা করছি আরো ভালো করার, যাতে আগামী বছর থেকে হজযাত্রীদের কষ্ট কম হয়।
শুক্রবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ বছরের প্রথম হজ ফ্লাইট উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমরা সরকার গঠন করেছি ফেব্রুয়ারির ১৮ তারিখ। এবার হজের ব্যবস্থাপনা হয়ে গেছে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে।সেজন্য আমরা এসে এবার খুব বেশি কিছু করার সুযোগ পাইনি। তারপরও চেষ্টা করেছি যতটুকু করা যায়, তবে এবার একটা জিনিস করতে পেরেছি সেটা হলো হজের খরচ ১২ হাজার টাকার মতো কমাতে পেরেছি।

হজযাত্রীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আপনারা আল্লাহর ঘরে যাচ্ছেন। দেশের জন্য দোয়া করবেন যাতে দেশের মানুষ শান্তিতে থাকতে পারে। আমিও দোয়া করি আপনারা যেন সুস্বাস্থ্য নিয়ে দেশে ফিরতে পারেন।

এ সময় ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ, ধর্ম সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ, বেসামরিক বিমান চলাচল সচিব ফাহমিদা আখতার, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক উপস্থিত ছিলেন।

পরে রাত ১২টা ২০ মিনিটে ৪১৮ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে রওনা হয়।