শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

সালমানে মুগ্ধ চিত্রাঙ্গদা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৩:৪৬ অপরাহ্ণ
সালমানে মুগ্ধ চিত্রাঙ্গদা

বিনোদন ডেস্ক: বলিউডের ভাইজান সালমান খানের সান্নিধ্য পাওয়া যেকোনো অভিনেত্রীর জন্যই যেন আজন্ম লালিত স্বপ্নের মতো। তবে বলিউড অভিনেত্রী চিত্রাঙ্গদা সিংয়ের কাছে এই অভিজ্ঞতা শুধু গ্ল্যামারের চাকচিক্য নয়, বরং ছিল এক জীবনদর্শন। ‘মাতৃভূমি’ সিনেমার সেটে সালমানের কাজের প্রতি চরম নিষ্ঠা আর সাধারণ মানুষের প্রতি তার নিঃস্বার্থ ভালোবাসা দেখে রীতিমতো স্তব্ধ হয়ে গিয়েছিলেন এই অভিনেত্রী, যা পর্দার পেছনের সালমানকে চিত্রাঙ্গদার চোখে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। সম্প্রতি এ বিষয়ে কথা বলেছেন এই সুন্দরী।
ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে সালমানের বিষয়ে অভিনেত্রী বলেন, সালমানের আসলে কোনো ছুটির দিন নেই। তিনি সারাক্ষণ সিনেমাটি কিভাবে আরো উন্নত করা যায়, তা ভিএফএক্স হোক বা ফ্রেমের ছোট কোনো অংশ তা নিয়ে ভাবেন।

চিত্রাঙ্গদা বলেন, একদিন আমার একটি খুব আবেগঘন দৃশ্যের শুটিং ছিল। সেখানে সালমানের থাকার কোনো দরকার ছিল না। কিন্তু শুধু আমার সংলাপের সঠিক প্রতিক্রিয়া দিতে তিনি সেটে চলে এসেছিলেন। শিল্পের প্রতি এই নিবেদন সত্যিই শেখার মতো।

শুটিং সেটে সালমানকে কোনো বড় তারকার চেয়ে বরং সাধারণ কর্মীদের সঙ্গে বেশি আড্ডা দিতে দেখা যায়। চিত্রাঙ্গদা জানান, সালমান সেটের লাইট বয় থেকে শুরু করে সবার সঙ্গেই খুব সহজভাবে মেশেন। চিৎকার-চেঁচামেচি করে কাজ করানোয় তিনি বিশ্বাসী নন। বরং সেটের পরিবেশ আনন্দদায়ক রাখতেই তিনি বেশি পছন্দ করেন।

চিত্রাঙ্গদা আরো জানান, সালমান তার টিমের প্রতিটি মানুষের খুব খেয়াল রাখেন। বিশেষ করে সবাইকে খাওয়ানো তার অন্যতম প্রিয় কাজ। নাস্তার বিরতি থেকে শুরু করে দুপুরের বা রাতের খাবার ,সবাই ঠিকমতো পাচ্ছে কি না, সেদিকে তার কড়া নজর থাকে।

সব মিলিয়ে, মাতৃভূমি ছবির শুটিং অভিজ্ঞতা চিত্রাঙ্গদার জন্য কেবল কাজ নয়, বরং সালমান খানের মানবিকতা এবং পেশাদারিত্বকে কাছ থেকে দেখার এক স্মরণীয় সুযোগ হয়ে দাঁড়িয়েছে।

উল্লেখ্য, ২০২৬ সালের অন্যতম প্রতীক্ষিত সিনেমা হতে চলেছে ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’। নির্মাতা অপূর্ব লাখিয়ার পরিচালনায় এই সিনেমায় সালমান-চিত্রাঙ্গদার পাশাপাশি আরও অভিনয় করেছেন, অঙ্কুর ভাটিয়া, অভিলাস চৌধুরী সহ আরও অনেকে।

কলারোয়ায় পিটমোড়া দিয়ে বেঁধে তিন যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৭:০৭ অপরাহ্ণ
কলারোয়ায় পিটমোড়া দিয়ে বেঁধে তিন যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন
নিজস্ব প্রতিনিধি: অপরাধ ও অপরাধী জন্য আছে আইন। আইনকে তোয়াক্ত না করে, নিজের হাতেই আইন তুলে নিয়ে তিন যুবককে পিটমোড়া দিয়ে বেঁধে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) কলারোয়া পৌরসভার ৫ নং ওয়ার্ড ঝিকরা প্রাইমারি স্কুলের পাশে অমানবিক ওই ঘটনা ঘটে। এর একটি ভিডিও শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয় ও নিন্দার ঝড় উঠে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইজিবাইকের ব্যাটারি চুরির সন্দেহে ও অভিযোগে ঝিকরা গ্রামের (৫ নং ওয়ার্ড) তিন যুবককে ধরে নিয়ে এসে পিটমোড়া দিয়ে বেঁধে বেধড়ক মারপিট করেন ওই গ্রামের সাকিব নামে এক ব্যক্তি। লাঠি ও হাত দিয়ে বেশ কিছুক্ষণ মারপিট করার একপর্যায়ে উপস্থিত কয়েকজন ব্যক্তি মারপিট থামানোর চেষ্টা করেন।
এমনই একটি ভিডিও শুক্রবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। একই সাথে ধিক্কার ও নিন্দার ঝড় উঠে। মারপিটের শিকার যুবকরা হলেন ওই গ্রামের নজরুলের ছেলে মামুন, মিজানুর ওরফে মেঙ্গলের ছেলে জুয়েল ও চৌধুরী বিল্লালের ছেলের সম্রাট।
এলাকাবাসী বলছেন, তিন যুবক যদি সত্যি অপরাধ করে থাকেন তাহলে সেই অপরাধে তাদেরকে পুলিশের সোপর্দ করা যেত অথবা আইনানুগ ব্যবস্থা নেয়া যেত। সেটা না করে স্থানীয় প্রভাবশালী কয়েকজন ব্যক্তির প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে প্রকাশ্যে পিঠমোরা দিয়ে বেঁধে অমানুষিক মারপিট করাও বড় অপরাধ।
এ ঘটনায় কলারোয়া থানার ওসি এইচএম শাহিন জানান, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ভ্রমণে যাওয়ার আগে গুগল ম্যাপসের ৩ টিপস জেনে নিন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৩:৫৮ অপরাহ্ণ
ভ্রমণে যাওয়ার আগে গুগল ম্যাপসের ৩ টিপস জেনে নিন

অনলাইন ডেস্ক: ভ্রমণের আগে ব্যাগ গোছানো শেষ, যাওয়ার প্রস্তুতিও প্রায় সম্পন্ন। গন্তব্যে পৌঁছাতে আমাদের প্রায় সবারই ভরসার নাম গুগল ম্যাপস। নতুন কোনো জায়গা বা রেস্তোরাঁ খোঁজা থেকে শুরু করে রাস্তায় জ্যাম কেমন, সবকিছুর সমাধান এক অ্যাপেই।
তবে আমরা অনেকেই শুধু রাস্তায় বের হওয়ার পরই ম্যাপস চালু করি। কিন্তু আপনি কি জানেন, বাসা থেকে পা বাড়ানোর আগেই গুগল ম্যাপস আপনার ভ্রমণটাকে আরো সহজ ও নিখুঁত করে তুলতে পারে।

আর তাই একটু আগাম প্রস্তুতি নিলেই রাস্তার অনেক অনাকাঙ্ক্ষিত ঝামেলা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

তো চলুন, আজ জেনে নিই গুগল ম্যাপসের এমন ৩টি দারুণ টিপস, যা ভ্রমণের আগে আপনার ভীষণ কাজে আসবে। বিষয়টি গণমাধ্যমে বিস্তারিত তুলে ধরেছেন- কমল দাস (প্রাক্তন শিক্ষার্থী, গণিত বিভাগ, সরকারি তিতুমীর কলেজ, ঢাকা)

(১) অফলাইন ম্যাপ ডাউনলোড করে রাখুন
আমরা সব সময় ইন্টারনেটের সঙ্গে যুক্ত থাকি ঠিকই, কিন্তু রাস্তায় বের হলে সব জায়গায় যে মোবাইল নেটওয়ার্ক পূর্ণমাত্রায় পাওয়া যাবে, এমন কোনো নিশ্চয়তা নেই। বিশেষ করে পাহাড়ি বা দুর্গম কোনো এলাকায় গেলে নেটওয়ার্কের সমস্যা খুবই সাধারণ ব্যাপার। এই বিপদের ত্রাতা হতে পারে গুগল ম্যাপসের অফলাইন ফিচার। ইন্টারনেট না থাকলেও এটি আপনাকে সঠিক রাস্তা দেখাবে।

কীভাবে করবেন?

অ্যান্ড্রয়েড বা আইওএস অ্যাপের ওপরের ডান কোণায় আপনার প্রোফাইল পিকচারে ট্যাপ করুন। এরপর ‘অফলাইন ম্যাপস’ নির্বাচন করে ‘সিলেক্ট ইওর ওন ম্যাপ’ ক্লিক করুন। এবার ম্যাপটি জুম করে বা আঙুল দিয়ে টেনে আপনার গন্তব্যের এলাকাটি স্ক্রিনে আনুন। ম্যাপটি আপনার ফোনে কতটুকু জায়গা নেবে, তা-ও নিচে লেখা থাকবে। সব ঠিক থাকলে ‘ডাউনলোড’ বাটনে ট্যাপ করুন। অফলাইন ম্যাপের সেটিংসে গিয়ে আপনি চাইলে এগুলো স্বয়ংক্রিয়ভাবে আপডেট হওয়ার অপশনও চালু করে রাখতে পারেন।

(২) ভবিষ্যতের যাত্রার পরিকল্পনা করুন এখনই
ধরুন, আপনি আগামীকাল বা আগামী সপ্তাহে কোথাও যাওয়ার পরিকল্পনা করছেন। কিন্তু এখন যদি ম্যাপে রাস্তার খোঁজ নেন, তবে ম্যাপ আপনাকে এই মুহূর্তের জ্যাম বা ট্রাফিকের ওপর ভিত্তি করে সময় দেখাবে। আগামীকাল ঠিক ঐ সময়ে রাস্তায় কেমন জ্যাম থাকবে, তা কিন্তু আপনি এখনকার ম্যাপ দেখে বুঝতে পারবেন না।

এরও দারুণ একটি সমাধান আছে। গন্তব্যের রাস্তা বের করার পর, ওপরের দিকে থাকা ড্রপ-ডাউন মেনু থেকে আপনি ঠিক কবে এবং কখন রওনা দিতে চান, তা নির্দিষ্ট করে দিতে পারেন। গুগল ম্যাপস হয়তো ভবিষ্যৎ হুবহু দেখতে পায় না, কিন্তু তাদের কাছে থাকা বিশাল ডেটাবেস ঘেঁটে ঐ দিন এবং ঐ নির্দিষ্ট সময়ে রাস্তায় সাধারণত কেমন জ্যাম থাকে, তার ওপর ভিত্তি করে আপনাকে পৌঁছানোর একটি সম্ভাব্য সময় জানিয়ে দেবে। ফলে আপনি আগেভাগেই যাত্রার নিখুঁত পরিকল্পনা সাজিয়ে নিতে পারবেন। তবে হ্যাঁ, যাওয়ার ঠিক আগমুহূর্তে বর্তমান জ্যামের অবস্থা দেখতে সেটিংটি আবার ‘প্রেজেন্ট’-এ ফিরিয়ে আনতে ভুলবেন না।

(৩) গন্তব্যে কেমন ভিড় থাকবে, তা আগে থেকেই জেনে নিন
পরিবার বা বন্ধুদের নিয়ে কোনো ক্যাফে বা শপিং মলে যাওয়ার আগে অনেকেই চান অতিরিক্ত ভিড়ভাট্টা বা কোলাহল এড়িয়ে চলতে। আবার কেউ কেউ হয়তো জমজমাট জায়গাই বেশি পছন্দ করেন। আপনার পছন্দ যেমনই হোক না কেন, গন্তব্যের ভিড় সম্পর্কে গুগল ম্যাপস আপনাকে আগে থেকেই চমৎকার ধারণা দিতে পারে।

কীভাবে দেখবেন? ম্যাপে স্ক্রল করার সময় আপনি যদি দেখেন নির্দিষ্ট কোনো এলাকায় মানুষের অনেক জটলা বা ভিড়, তবে সেখানে ‘বিজি এরিয়া’ নামে একটি লেবেল দেখতে পাবেন। সেখানে ট্যাপ করলেই ওই এলাকার ভিড়ের বিস্তারিত তথ্য চলে আসবে। এ ছাড়া আপনি ম্যাপে নির্দিষ্ট কোনো জায়গা সিলেক্ট করে তার ইনফো কার্ডটিও দেখতে পারেন। সেখানে একটি বার চার্ট বা গ্রাফের মাধ্যমে দেখানো হয়, সপ্তাহের কোন দিন বা কোন সময়ে জায়গাটিতে সবচেয়ে বেশি বা কম ভিড় থাকে। এমনকি মানুষ সাধারণত সেখানে গড়ে কতক্ষণ সময় কাটায়, তা-ও জানা যায় এখান থেকে।

সূত্র: পপুলার সায়েন্স

দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে এখন: জ্বালানি প্রতিমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৩:৫৩ অপরাহ্ণ
দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে এখন: জ্বালানি প্রতিমন্ত্রী

বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
শুক্রবার (১৭ এপ্রিল) চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, সরকার জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ধারাবাহিকভাবে কাজ করছে এবং কোনো ঘাটতির আশঙ্কা নেই।

তিনি আরো বলেন, এপ্রিল ও মে মাসের জন্য দেশে প্রয়োজনীয় জ্বালানির পূর্ণ মজুত রয়েছে। একইসঙ্গে জুন মাসের চাহিদা বিবেচনায় নিয়ে পর্যাপ্ত মজুত নিশ্চিত করার প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রতিমন্ত্রী এরপর বলেন, জ্বালানি চাহিদা নিরবচ্ছিন্ন রাখতে সরকার বিকল্প উৎস থেকে পরিশোধিত ও অপরিশোধিত জ্বালানি আমদানির উদ্যোগ নিচ্ছে। বিশেষ করে ইস্টার্ন রিফাইনারির জন্য মালয়েশিয়াসহ বিভিন্ন দেশ থেকে অপরিশোধিত জ্বালানি তেল আমদানির পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।

তিনি বলেন, বর্তমানে দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মজুত রয়েছে, যা জাতীয় চাহিদা পূরণে সক্ষম। পাশাপাশি পরিশোধিত জ্বালানি তেলের সরবরাহ আরো বৃদ্ধি করা হচ্ছে।

এর আগে, গত ১৫ এপ্রিল জ্বালানি মন্ত্রণালয়ের মুখপাত্র যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরীও জানান, দেশে অকটেন ও পেট্রোলের মজুত আগামী দুই মাসের জন্য যথেষ্ট।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ও হরমুজ প্রাণালিতে চলমান অবরোধের প্রভাব দেখা যাচ্ছে দেশে; জ্বালানি তেল মজুতে মেতে উঠেছে অসাধু চক্র। ফলে, অস্থিরতা তৈরি হয়েছে ক্রেতাসাধারণের মনেও। ফিলিং স্টেশনগুলোতে প্রতিদিনই ভিড় করছে মানুষ, বিশেষ করে অকটেন ও পেট্রোলের জন্য দেখা যাচ্ছে দীর্ঘ সারি। ধারণা করা হচ্ছে, আতঙ্কের কারণে বিক্রি স্বাভাবিক সময়ের তুলনায় কয়েকগুণ বেড়েছে।