অপ্রতিম হত্যা: ২ কিশোরসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র
ন্যাশনাল ডেস্ক: কুমিল্লায় স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যা মামলায় দুই কিশোরসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। মঙ্গলবার আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয় বলে বৃহস্পতিবার জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান।
অভিযোগপত্রে বলা হয়েছে, অপ্রতিমের আইফোন ছিনিয়ে নিতে বাধা দেওয়ায় বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়। এ ঘটনায় সাইফুল ইসলাম তুহিন (১৯) ও দুই কিশোর সরাসরি জড়িত এবং সিয়াম (১৯) হত্যার পরিকল্পনায় যুক্ত ছিল বলে অভিযোগ করা হয়েছে।
অপ্রতিম কুমিল্লার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র সন্তান।
গত ১৮ সেপ্টেম্বর বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হয় অপ্রতিম। পরদিন লালমাই পাহাড়ের সানন্দা এলাকার একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তদন্তে সিসিটিভি ফুটেজের সূত্র ধরে তুহিনকে শনাক্ত করা হয়। পরে তার বাসা থেকে অপ্রতিমের মোবাইল ফোন উদ্ধার এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে অন্যদের আটক করা হয়।
চার আসামিই গ্রেপ্তার রয়েছে। তুহিন ও সিয়াম কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে এবং দুই কিশোর গাজীপুর শিশু উন্নয়ন কেন্দ্রে রয়েছে।
অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার ছেলের হত্যাকারীদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।









