মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

আন্তর্জাতিক অ্যানিমেশন দিবস: কল্পনার জগৎকে জীবন্ত করার শিল্প

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৫:১৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক অ্যানিমেশন দিবস: কল্পনার জগৎকে জীবন্ত করার শিল্প

সাকিবুর রহমান বাবলা

২৮ অক্টোবর আন্তর্জাতিক অ্যানিমেশন দিবস। এটি শুধু কার্টুন বা বিনোদনের উপলক্ষ নয়; বরং মানুষের কল্পনাশক্তি, সৃজনশীলতা, প্রযুক্তিগত উদ্ভাবন ও দৃশ্যশিল্পের বিকাশকে উদ্‌যাপনের দিন। স্থির ছবিকে ধারাবাহিকভাবে উপস্থাপনের মাধ্যমে গতির বিভ্রম সৃষ্টির এই শিল্প আজ চলচ্চিত্র, শিক্ষা, বিজ্ঞাপন, চিকিৎসাবিজ্ঞান, স্থাপত্য ও ভিডিও গেমসহ নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অ্যানিমেশনশিল্পী, প্রযুক্তিবিদ ও নির্মাতাদের অবদান স্মরণ এবং শিল্পটির বহুমাত্রিক গুরুত্ব তুলে ধরাই এ দিবসের মূল উদ্দেশ্য।

দিবসটির সঙ্গে জড়িয়ে আছে একটি ঐতিহাসিক ঘটনা। ১৮৯২ সালের ২৮ অক্টোবর ফ্রান্সের প্যারিসের গ্রেভাঁ জাদুঘরে উদ্ভাবক চার্লস-এমিল রেনো তাঁর উদ্ভাবিত ‘থিয়েট্র অপটিক’ যন্ত্রের সাহায্যে জনসমক্ষে অ্যানিমেশন প্রদর্শন করেন। ‘পান্তোমিম লুমিনিউজ’ নামের এই প্রদর্শনীতে তিনটি অ্যানিমেটেড কাহিনি দেখানো হয়। ১৮৮৮ সালে পেটেন্ট নেওয়া যন্ত্রটির সাহায্যে হাতে আঁকা ছবির দীর্ঘ ফিতা প্রজেক্টরের মাধ্যমে পর্দায় প্রদর্শন করা হতো। রেনোর এই উদ্যোগ চলমান ছবি প্রদর্শনের ইতিহাসে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত।

২০০২ সালে আন্তর্জাতিক অ্যানিমেটেড চলচ্চিত্র সমিতি—এএসআইএফএ—২৮ অক্টোবরকে আন্তর্জাতিক অ্যানিমেশন দিবস হিসেবে উদ্‌যাপনের উদ্যোগ নেয়। পরবর্তী সময়ে আলোকচিত্রভিত্তিক চলচ্চিত্র জনপ্রিয় হয়ে উঠলে রেনোর প্রদর্শনীর প্রতি দর্শকের আগ্রহ কমে যায়। আর্থিক সংকটে পড়ে ১৯১৩ সালে তিনি তাঁর শেষ ‘থিয়েট্র অপটিক’ যন্ত্রটি ভেঙে ফেলেন এবং অধিকাংশ চলচ্চিত্র ধ্বংস করে দেন। তাঁর জীবনের এই অধ্যায় শিল্পের ইতিহাস সংরক্ষণ এবং উদ্ভাবকদের অবদান যথাযথভাবে মূল্যায়নের গুরুত্ব স্মরণ করিয়ে দেয়।

অ্যানিমেশনের ধারণা অবশ্য আধুনিক চলচ্চিত্রেরও বহু আগের। প্রাচীন গুহাচিত্রে প্রাণীর বিভিন্ন অঙ্গভঙ্গি এঁকে গতির ধারণা প্রকাশের চেষ্টা দেখা যায়। উনিশ শতকে ফেনাকিস্টিস্কোপ ও জোইট্রোপের মতো যন্ত্র স্থির ছবির মাধ্যমে গতির বিভ্রম তৈরির পথ দেখায়। পরে ১৯০৬ সালে জে. স্টুয়ার্ট ব্ল্যাকটনের ‘হিউমারাস ফেজেস অব ফানি ফেসেস’ এবং ১৯১৪ সালে উইনসর ম্যাককের ‘গার্টি দ্য ডাইনোসর’ অ্যানিমেশনের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখে।

বিশ শতকে ওয়াল্ট ডিজনি অ্যানিমেশনকে জনপ্রিয় বিনোদনের মূল ধারায় প্রতিষ্ঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ১৯২৮ সালের ‘স্টিমবোট উইলি’ সমন্বিত শব্দ ব্যবহারের জন্য পরিচিতি পায় এবং মিকি মাউস চরিত্রকে জনপ্রিয় করে তোলে। ১৯৩৭ সালে মুক্তি পাওয়া ‘স্নো হোয়াইট অ্যান্ড দ্য সেভেন ডোয়ার্ফস’ পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেটেড চলচ্চিত্রের সম্ভাবনাকে নতুন উচ্চতায় নিয়ে যায়। পরে কম্পিউটার প্রযুক্তির বিকাশ এই শিল্পে নতুন দিগন্ত উন্মোচন করে। ১৯৯৫ সালে পিক্সারের ‘টয় স্টোরি’ প্রথম পূর্ণদৈর্ঘ্য কম্পিউটার-অ্যানিমেটেড চলচ্চিত্র হিসেবে ইতিহাসে স্থান করে নেয়। অন্যদিকে, জাপানি অ্যানিমে, বিশেষ করে হায়াও মিয়াজাকির ‘স্পিরিটেড অ্যাওয়ে’, কল্পনা, সংস্কৃতি ও মানবিক অনুভূতির সমন্বয়ে বিশ্বজুড়ে দর্শকের মন জয় করেছে।

বর্তমানে অ্যানিমেশনের প্রধান ধরনগুলোর মধ্যে রয়েছে দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক অ্যানিমেশন, স্টপ-মোশন এবং মোশন গ্রাফিক্স। ভার্চ্যুয়াল রিয়েলিটি ও দৃশ্যগত প্রভাব তৈরির প্রযুক্তিও এর ব্যবহার বাড়িয়েছে। অ্যানিমেশন এখন আর শিশুদের কার্টুনে সীমাবদ্ধ নয়; জটিল বৈজ্ঞানিক বিষয় ব্যাখ্যা, স্বাস্থ্যশিক্ষা, চিকিৎসা প্রশিক্ষণ, স্থাপত্যের নকশা, বিজ্ঞাপন ও ডিজিটাল যোগাযোগেও এটি কার্যকর ভূমিকা রাখছে। আন্তর্জাতিক অ্যানিমেশন দিবস উপলক্ষে বিভিন্ন দেশে চলচ্চিত্র প্রদর্শনী, কর্মশালা, সেমিনার ও শিল্পকর্ম প্রদর্শনের আয়োজন করা হয়। এসব উদ্যোগ শিল্পীদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় এবং নতুন প্রজন্মকে সৃজনশীল কাজে উৎসাহিত করে।

তবে বর্তমান অ্যানিমেশনশিল্পে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নতুন সম্ভাবনার পাশাপাশি চ্যালেঞ্জও তৈরি করেছে। এআইয়ের সাহায্যে ধারণাচিত্র তৈরি, পুনরাবৃত্তিমূলক কাজ সহজ করা এবং প্রাথমিক দৃশ্য পরিকল্পনা দ্রুত সম্পন্ন করা সম্ভব হচ্ছে। এতে নবীন ও স্বল্প বাজেটের নির্মাতারা উপকৃত হতে পারেন। অন্যদিকে, কর্মসংস্থান, শিল্পীর ন্যায্য পারিশ্রমিক, মেধাস্বত্ব এবং অনুমতি ছাড়া শিল্পকর্ম ব্যবহারের নৈতিকতা নিয়ে উদ্বেগ রয়েছে। তাই এআইকে মানুষের সৃজনশীলতার বিকল্প না বানিয়ে সহায়ক প্রযুক্তি হিসেবে ব্যবহার এবং শিল্পীদের অধিকার সুরক্ষিত রাখা জরুরি। প্রযুক্তি যতই উন্নত হোক, মানবিক অনুভূতি, সাংস্কৃতিক উপলব্ধি ও স্বতন্ত্র গল্প বলার ক্ষমতাই অ্যানিমেশনকে গভীরতা দেয়।

বাংলাদেশেও অ্যানিমেশনশিল্প বিকাশের যথেষ্ট সুযোগ রয়েছে। এ জন্য তরুণদের প্রশিক্ষণ, শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যানিমেশন শিক্ষা, দেশীয় শিল্পীদের কাজ প্রদর্শনের সুযোগ এবং স্থানীয় গল্প ও ইতিহাসভিত্তিক চলচ্চিত্র নির্মাণে উৎসাহ দেওয়া প্রয়োজন। বাংলা ভাষা, লোকসংস্কৃতি, মুক্তিযুদ্ধের ইতিহাস ও প্রকৃতিকে কেন্দ্র করে মানসম্মত অ্যানিমেশন তৈরি করা গেলে দেশের সংস্কৃতিকে আন্তর্জাতিক দর্শকের কাছে তুলে ধরার নতুন পথ তৈরি হবে। পাশাপাশি মেধাস্বত্ব সম্পর্কে সচেতনতা, ন্যায্য পারিশ্রমিক এবং আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংযোগ বাড়ানোও গুরুত্বপূর্ণ।

অ্যানিমেশন কেবল স্থির ছবিকে চলমান করার কৌশল নয়; এটি কল্পনাকে দৃশ্যমান করা, অনুভূতি প্রকাশ করা এবং সংস্কৃতির সীমানা অতিক্রম করে মানুষের সঙ্গে মানুষের সংযোগ স্থাপনের শক্তিশালী মাধ্যম। তাই আন্তর্জাতিক অ্যানিমেশন দিবস হোক শিল্পীদের স্বীকৃতি, নতুন সৃষ্টির অনুপ্রেরণা, ঐতিহ্য সংরক্ষণ এবং প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহারের অঙ্গীকার। কল্পনার জগৎকে জীবন্ত করে তোলার এই শিল্পের ভবিষ্যৎ নির্ভর করবে সৃজনশীলতা, মানবিকতা ও উদ্ভাবনের সমন্বয়ের ওপর।

Ads small one

নোনা জলে মানচিত্র হারাচ্ছে উপকূল: লোকসংস্কৃতির বিনাশ ও স্থায়ী সমাধানের দাবি

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১২:০১ পূর্বাহ্ণ
নোনা জলে মানচিত্র হারাচ্ছে উপকূল: লোকসংস্কৃতির বিনাশ ও স্থায়ী সমাধানের দাবি

আসাদুজ্জামান সরদার: সাতক্ষীরার উপকূলীয় জনপদের জীবন থেকে স্বজন হারানোর বেদনা এবং গ্রাম ছেড়ে শহরমুখী বাস্তুচ্যুতির হৃদয়বিদারক চিত্রের মধ্য দিয়ে শুরু হয় এই পর্ব। ভৌগোলিক নাজুকতা, নদীভাঙন ও লবণাক্ততার কারণে প্রতিনিয়ত বদলে যাচ্ছে এখানকার মানচিত্র। জলবায়ু উদ্বাস্তু মানুষের এই স্রোত এবং অরক্ষিত ভূগোলের বাস্তবতায় দাঁড়িয়ে আজ উপকূলের মানুষ স্থায়ী টেকসই বাঁধ ও দীর্ঘমেয়াদী পুনর্বাসনের দাবি জানাচ্ছে।

প্রাকৃতিক দুর্যোগ ও বাস্তুসংস্থানের বিনাশ
পরিবেশকর্মী ও গবেষক পিযুষ বাউলিয়া পিন্টু উপকূলীয় সংকটের সামগ্রিক চিত্র তুলে ধরে বলেন, “এই অঞ্চলে পরবর্তী সময়ে জলবায়ু পরিবর্তনের প্রভাবে মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়; বিশেষ করে সিডর থেকে শুরু করে আইলা, তারপরে আম্পান, ইয়াস, বুলবুল এবং মোট ১১-১২টা দুর্যোগ গত পাঁচ-সাত বছরের ভিতরে এই উপকূলে আঘাত হেনেছে। উপকূলে অপরিকল্পিত চিংড়ি ঘের করার কারণে এবং অপরিকল্পিত স্লুইসগেট নির্মাণের ফলে বাঁধগুলো এতটাই দুর্বল হয়ে গেছে যে, সামান্য আঘাতে বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে পুরো কৃষি জমি লবণপানিতে প্লাবিত হয়েছে। এর ফলে এই অঞ্চলের মানুষ বাস্তুচ্যুত হয়ে বিভিন্ন জায়গায় চলে যেতে বাধ্য হয়েছে।”


তিনি আরও জানান, উপকূলী এলাকার দুর্গাবাটি, হরিণনগর, সিংহড়তলী, গাবুরা ও জেলেখালী, প্রতাপনগরের হালদার বাড়ি, পদ্মপুকুরের বন্যতলার মতো অনেক এলাকা নদী ভাঙতে ভাঙতে বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। জীবিকার তাগিদে মানুষ বাধ্য হয়ে এমন পেশায় নামছে যা সে জানে নাÑযেমন এনজিও থেকে ঋণ নিয়ে ভ্যান কেনা। কিন্তু সেই ঋণ শোধ করতে না পেরে ভিটেমাটি ছেড়ে অন্য অঞ্চলে চলে যেতে হচ্ছে।

 

 

হারিয়ে যাচ্ছে লোকসংস্কৃতি ও অ-অর্থনৈতিক ক্ষতি ও হচ্ছে মানবাধিকার লঙ্ঘন
মানবাধিকারকর্মী ও স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত বলেন, “জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট যেসব ক্ষতি বা হারানো সম্পদ সহজে অর্থে পরিমাপ করা যায় না, সেগুলোকে আন্তর্জাতিক পরিভাষায় অ-অর্থনৈতিক ক্ষতি ও ক্ষয়ক্ষতি বলা হয়। এর ফলে মানুষের নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য, স্বকীয় পরিচয়, মানসিক স্বাস্থ্য, শিক্ষা, ভবিষ্যতের স্বপ্ন, প্রাকৃতিক জীববৈচিত্র্য এবং সামাজিক মেলবন্ধন চিরতরে হারিয়ে যাচ্ছে। তবে বৈশ্বিক জলবায়ু সম্মেলন কিংবা সরকারি ক্ষতিপূরণ নীতিমালায় কেবল ভেঙে যাওয়া রাস্তাঘাট, বাঁধ বা নষ্ট হওয়া ফসলের মতো দৃশ্যমান আর্থিক ক্ষতির হিসাব করা হয়; কিন্তু মানুষের মনস্তাত্ত্বিক, সামাজিক ও সাংস্কৃতিক এই অপূরণীয় ক্ষতিগুলো নীতিমালার কাঠামোর বাইরেই রয়ে যায়। জলবায়ু পরিবর্তনের দায় কম থাকা সত্ত্বেও আমরা ন্যায্য ক্ষতিপূরণ পাচ্ছি না ।

 

 

তিনি আরো বলেন, প্রতাপনগর ও গাবুরার মতো এলাকাকে বাঁচাতে হলে জিও ব্যাগ নয়, সিসি ব্লকের তৈরি স্থায়ী টেকসই বাঁধ নির্মাণ জরুরি। একই সাথে যারা জমিজমা হারিয়ে নিঃস্ব হয়েছেন, তাঁদের খাস জমিতে পুনর্বাসন এবং বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। না হলে মানচিত্র থেকে এই উপকূলীয় ইউনিয়নগুলো একদিন চিরতরে হারিয়ে যাবে।

পরিবেশ সংগঠক পিযুষ বাউলিয়া পিন্টু ও স্থানীয় সংস্কৃতিকর্মীদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে এ অঞ্চলের নদীকেন্দ্রিক সংস্কৃতিÑপৌষ-পার্বণ, নৌকা বাইচ, কবিগান এবং বনজীবী সংস্কৃতির ‘বনবিবি পূজা’ কিংবা মনসার ভেলা ভাসানোর মতো লোকজ ঐতিহ্যগুলো আজ আর খুঁজে পাওয়া যায় না। অতীতে বাওয়ালি, মৌয়াল ও জেলেরা সুন্দরবনে যাওয়ার আগে বিপদ-আপদ থেকে বাঁচতে অসাম্প্রদায়িক ‘বনবিবির পূজা’ ও বিশেষ গান গাইত। কিন্তু মানুষ পেশা ও এলাকা পরিবর্তন করায় নতুন প্রজন্মের কাছে এসব ঐতিহ্য হারিয়ে যাচ্ছে।

দাতিনাখালী এলাকার ভক্ত মুন্ডা বলেন, “মানুষ যখন পেটের তাগিদে সংক্ষুব্ধ হয়, তখন আর গান-বাজনা বা সংস্কৃতির চর্চা থাকে না। আম্পান আর ইয়াসের পর মানুষ বেঁচে থাকার চিন্তায় এত বেশি মগ্ন যে উৎসব-পার্বণের আনন্দ উবে গেছে। প্রতিবেশীদের মধ্যকার সেই সামাজিক বন্ধন বা অকৃত্রিম সহমর্মিতাও দিন দিন বিলুপ্ত হচ্ছে।

গ্রাম ছেড়ে শহরমুখী তরুণরা ও অভিবাসনের চিত্র
আইলা ও আম্পানের মতো একের পর এক আঘাত এবং তীব্র লবণাক্ততাই এই অভ্যন্তরীণ স্থায়ী ও অস্থায়ী অভিবাসনের মূল অনুঘটক। আন্তর্জাতিক গবেষণা সাময়িকী ‘রিসার্চগেট’ ও ‘গ্লোবাল এনভারমেন্টাল চেঞ্জ’-এর বিভিন্ন প্রতিবেদনে দেখা যায়, ২০০৯ সালের ঘূর্ণিঝড় আইলার পর সুন্দরবন সংলগ্ন শ্যামনগর ও কয়রা অঞ্চল থেকে প্রায় ১৫ থেকে ২০ শতাংশ পরিবার স্থায়ীভাবে অন্যত্র স্থানান্তরিত হয়েছে। অন্যদিকে, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের (ঝজউও) সমীক্ষা বলছে, উপকূলীয় এলাকার প্রায় ৬২ শতাংশ জমি ক্ষতিকর লবণাক্ততায় আক্রান্ত হওয়ায় সনাতন কৃষি সম্পূর্ণ ব্যহত হয়েছে, যা স্থানীয় জনগোষ্ঠীকে বাধ্য হয়ে পেশা পরিবর্তন ও শহরমুখী অভিবাসনের পথ বেছে নিতে বাধ্য করছে।


স্থায়ী টেকসই বাঁধ ও দীর্ঘমেয়াদী পুনর্বাসনের দাবি
গাবুরা ইউনিয়নের জনপ্রতিনিধি ও স্থানীয় বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ ও নদীভাঙনের প্রভাবে উপকূলীয় এলাকা থেকে মানুষের ক্রমাগত শহরমুখী হওয়ার কারণে গ্রামগুলোতে প্রবীণদের অনুপাত আশঙ্কাজনকভাবে বেড়ে যাচ্ছে। টেকসই নদীবাঁধ, বিকল্প জীবনজীবিকা এবং পর্যাপ্ত মানসিক স্বাস্থ্য সহায়তার অভাবে জলবায়ুঝুঁকিতে থাকা এই জনপদগুলো ধীরে ধীরে ‘প্রবীণদের নিঃসঙ্গ দ্বীপে’ পরিণত হচ্ছে।

গাবুরা ইউনিয়নের সংরক্ষিত নারী ইউপি সদস্য ফরিদা পারভীন স্থানান্তরের মূল কারণ ব্যাখ্যা করে বলেন, “গাবুরা থেকে মানুষের ভিটেমাটি ছেড়ে চলে যাওয়ার প্রধান অনুঘটক হলো জলবায়ু পরিবর্তনÑবিশেষ করে ধারাবাহিক নদীভাঙন, জলোচ্ছ্বাস ও তীব্র ঘূর্ণিঝড়। পাশাপাশি এলাকায় আয়ের উৎস অত্যন্ত সীমিত। আগে যেখানে ধান চাষের মৌসুমে ২০ জন শ্রমিকের কর্মসংস্থান হতো, সেখানে নোনা পানির মাছ বা চিংড়ি চাষে মাত্র ১ জন শ্রমিক দিয়েই কাজ চলে যায়। ফলে বাকি ১৯ জন মানুষ পুরোপুরি কর্মহীন হয়ে এলাকা ছাড়তে বাধ্য হচ্ছেন।”

তিনি আরও যুক্ত করেন, “বিশেষ করে হতদরিদ্র পরিবারগুলো জীবিকার সন্ধানে সবচেয়ে বেশি স্থানান্তরিত হচ্ছে। সাধারণত তরুণ ছেলে-বউ ও নাতি-নাতনিরা কাজের খোঁজে শহরমুখী হয়, আর বৃদ্ধ বাবা-মায়েরা গ্রামে একাকী থেকে যান। প্রবীণদের নিজস্ব আয়-রোজগার না থাকায় অনেক ক্ষেত্রে সন্তানরা তাঁদের বোঝা মনে করে রেখে যায়। পরিসংখ্যান অনুযায়ী, গাবুরার প্রতি ১০টি পরিবারের মধ্যে প্রায় ২টি পরিবারই এলাকা ছেড়ে স্থানান্তরিত হয়েছেÑযার মধ্যে নদী তীরবর্তী ও দুর্গম মধ্যবর্তী অঞ্চলের মানুষের হার সবচেয়ে বেশি।”

ত্রাণ ও দীর্ঘমেয়াদী সমাধানের বিষয়ে তিনি বলেন, “দূর্যোগের পর সরকার ও সংস্থার পক্ষ থেকে যেসব ত্রাণ বরাদ্দ আসে, আমরা তা প্রকৃত দুস্থদের মাঝে বণ্টন করি। কিন্তু প্রতিটি দুর্যোগের পর কেবল কিছু ত্রাণ বা সাময়িক সহায়তা দিয়ে দীর্ঘমেয়াদী সংকটের সমাধান সম্ভব নয়।

সমাধানে করণীয়
সাতক্ষীরা জলবায়ু পরিষদের আহ্বায়ক আশেক-ই-এলাহী বলেন, জলবায়ু পরিবর্তন এখন আর কেবল কোনো পরিবেশগত সংকট নয়; এটি স্পষ্টতই মানবাধিকার লঙ্ঘন। জলবায়ুজনিত লবণাক্ততা ও দুর্যোগের কারণে এলাকার কর্মক্ষম মানুষ কাজ না পেয়ে এলাকা ছাড়তে বাধ্য হচ্ছে। ফলে গ্রামগুলোতে চাষাবাদের জন্য তরুণ ও কর্মক্ষম মানুষ পাওয়া যাচ্ছে না; যাঁদের পাওয়া যাচ্ছে, তাঁরা মূলত প্রবীণ ও বৃদ্ধ।

তিনি আরও বলেন, ৬০-৭০ বছরের এই প্রবীণ মানুষ ও নারীদের ওপর পরিবারের দায়িত্বের চাপ মারাত্মকভাবে বেড়ে যাওয়ায় তাঁরা চরম নিরাপত্তাহীনতা ও অসহায়ত্বের মধ্যে দিন কাটাচ্ছেন। এই সংকট মোকাবেলায় আমাদের প্রস্তাব হলোÑকৃষি খাতে তরুণদের ধরে রাখতে সরকারি ও বেসরকারিভাবে সহজ শর্তে ঋণ ও উদ্যোক্তা তৈরির উদ্যোগ নিতে হবে। আর সবচেয়ে বড় কথা, আন্তর্জাতিকভাবে জলবায়ু পরিবর্তনের জন্য যারা দায়ী, তাদের কাছ থেকে যে ক্ষতিপূরণ বা তহবিল আদায় করা হবে; তার প্রধান অংশ এই অঞ্চলের প্রবীণ ও কৃষিবান্ধব সমাজ গঠনে ব্যয় করাই হওয়া উচিত সরকারের প্রধান কাজ।

এ বিষয়ে মনের বন্ধু-র সাইকোসোশ্যাল কাউন্সেলর সোনিয়া আক্তার পুষ্প বলেন, উপকূলীয় অঞ্চলে বারবার প্রাকৃতিক দুর্যোগের কারণে কর্মক্ষম যুবকরা শহরমুখী হওয়ায় বাড়িতে থাকা নারী ও প্রবীণদের ওপর মারাত্মক মানসিক চাপ তৈরি হচ্ছে। স্বামী বা পরিবারের প্রধান ব্যক্তি দূরে থাকায় নারীদের একাকীত্ব, অনিশ্চয়তা ও হতাশার পাশাপাশি বৃদ্ধ বাবা-মায়েরাও চরম নিরাপত্তাহীনতায় ভোগেন।


এই মানসিক সংকট কাটিয়ে উঠতে তিনি কিছু সুপারিশ তুলে ধরেছেন:
জীবন ও জীবিকার তাগিদে বারবার যেন দূরে চলে যেতে না হয়, সেজন্য স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। নিয়মিত যোগাযোগ ও মানসিক ভরসা দিতে হবে। পরিবারের যে সদস্যটি দূরে অবস্থান করছেন, তার সাথে নিয়মিত যোগাযোগ রাখা এবং মানসিকভাবে সবসময় পাশে থাকার ভরসা দিতে হবে।

দুর্যোগের ধাক্কা সামলে উঠতে কমিউনিটি পর্যায়ে মানসিক স্বাস্থ্য কাউন্সেলিং ও চিকিৎসার ব্যবস্থা করা জরুরি। এছাড়া মানসিক সমস্যাকে কুসংস্কার বা অবহেলা না করে সঠিক চিকিৎসার আওতায় নিয়ে আসতে হবে।
সাতক্ষীরার আশাশুনি ও গাবুরার এই ক্ষয়িষ্ণু বাস্তবতা নিছক কোনো স্থানীয় সমস্যা নয়; এটি বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের একটি নির্মম প্রতিচ্ছবি। আন্তর্জাতিক জলবায়ু তহবিল থেকে প্রকৃত অ-অর্থনৈতিক ক্ষতির ক্ষতিপূরণ আদায় এবং জাতীয় পর্যায়ে স্থায়ী টেকসই পরিকল্পনা গ্রহণ না করলে প্রতাপনগরের হাওলাদার বাড়ির মতো শত শত ভিটেমাটি শুধু নোনা জলে তলিয়েই যাবে না, হারিয়ে যাবে একটি জনপদের শতবর্ষী ইতিহাস ও অস্তিত্ব। (দুই পর্বের শেষ পর্ব প্রতিবেদনটি ইন্টারনিউজের আর্থ জার্নালিজম নেটওয়ার্কের ফেলোশিপের অন্তর্ভুক্ত)।

আশাশুনির বন্যতলায় ফের নদীভাঙন, ঝুঁকিতে প্রতাপনগর

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১১:৩১ অপরাহ্ণ
আশাশুনির বন্যতলায় ফের নদীভাঙন, ঝুঁকিতে প্রতাপনগর

Oplus_131072

সাড়ে ৩০০ ফুট বাঁধে ভাঙন, রাতভর স্বেচ্ছাশ্রমে রক্ষার চেষ্টা
বিএম আলাউদ্দীন, আশাশুনি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার বন্যতলা এলাকায় ফের নদীভাঙন দেখা দিয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ঝোড়ো হাওয়া ও নদীর উত্তাল ঢেউয়ের আঘাতে বেড়িবাঁধের প্রায় সাড়ে ৩০০ ফুট অংশ ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যায়। এতে প্রতাপনগর ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ, ঘরবাড়ি, ফসলি জমি ও মৎস্যঘের প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। নতুন করে দুর্যোগের শঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার হাজারো মানুষ।

স্থানীয় সূত্রে জানা যায়, বাঁধের ঝুঁকিপূর্ণ অংশে ভাঙন শুরু হলে মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক করা হয়। খবর পেয়ে হাজারো মানুষ ঘটনাস্থলে ছুটে এসে বসতভিটা ও জনপদ রক্ষায় বালুর বস্তা ও জিও ব্যাগ দিয়ে জরুরি ভিত্তিতে ডাম্পিং শুরু করেন। রাতের আঁধারেও স্বেচ্ছাশ্রমে বাঁধ রক্ষার চেষ্টা চলে।

স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ভাঙন ঠেকানো না গেলে নদীর ভাটার টানে ক্ষতিগ্রস্ত অংশ আরও বিস্তৃত হতে পারে। এতে প্রতাপনগরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। অতীতে বেড়িবাঁধ ভেঙে জনপদ প্লাবিত হওয়ার অভিজ্ঞতার কারণে নতুন করে বড় ধরনের দুর্যোগের আশঙ্কা করছেন তাঁরা।

এলাকাবাসীর অভিযোগ, ভাঙন প্রতিরোধে ডাম্পিংয়ের ব্যবস্থা করার কথা থাকলেও ঝুঁকিপূর্ণ অংশে যথাসময়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়নি। এ কাজে ব্যবহারের জন্য হাজার হাজার জিও ব্যাগ প্রস্তুত রাখা হলেও সেগুলো সময়মতো কাজে লাগানো হয়নি বলে দাবি তাঁদের।

বন্যতলার ভাঙন পরিস্থিতি সম্পর্কে আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু বলেন, “ভাঙনের খবর পেয়েছি। খুব খারাপ অবস্থা। আমি সঙ্গে সঙ্গে পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। জেলা প্রশাসক মহোদয়কে জানিয়েছি। এ ছাড়া শ্যামনগর ইউএনওকেও জানিয়েছি। স্থানীয়রা স্বেচ্ছাশ্রমে জিও ব্যাগ দিয়ে ডাম্পিংয়ের কাজ করছেন।”

এদিকে, নদীভাঙন রোধে জরুরি ভিত্তিতে পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী। তাঁদের আশঙ্কা, দ্রুত পর্যাপ্ত জিও ব্যাগ দিয়ে ডাম্পিং ও ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত করা না হলে প্রতাপনগর আবারও ভয়াবহ প্লাবনের মুখে পড়তে পারে।

 

সম্পাদকীয়/উপকূলের জলবায়ু উদ্বাস্তু ও প্রবীণদের মানবিক সংকট

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১১:২২ অপরাহ্ণ
সম্পাদকীয়/উপকূলের জলবায়ু উদ্বাস্তু ও প্রবীণদের মানবিক সংকট

জলবায়ু পরিবর্তনের সুদূরপ্রসারী ও নির্মম অভিঘাত বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় জনপদকে কীভাবে এক গভীর সামাজিক ও মানবিক বিপর্যয়ের মুখে ঠেলে দিচ্ছে, সাতক্ষীরার আশাশুনি ও শ্যামনগরের সাম্প্রতিক চিত্র তা প্রমান করে। সুপার সাইক্লোন ‘আম্পান’-এর নোনা জলের তোড়ে হারিয়ে যাওয়া ভিটেমাটি, ধসে পড়া গ্রামীণ অর্থনীতি এবং ক্রমাগত মাটির উর্বরতা হ্রাসের ফলে নিঃস্ব হয়ে পড়েছে এই অঞ্চলের অসংখ্য পরিবার।
মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের (এসআরডিআই) তথ্য অনুযায়ী, সাতক্ষীরার নদীর পানিতে লবণাক্ততার মাত্রা যেখানে ২০১৯ সালে ২২ থেকে ২৫ ডেসিসিমেন্স ছিল, ২০২৬ সালে তা ৫০ থেকে ৫৫ ডেসিসিমেন্সে রূপ নিয়েছে। সাগরের নোনা পানির ক্রমাগত অনুপ্রবেশ ও মাটির তলার পানি লবণাক্ত হয়ে পড়ার কারণে উপকূলের বিপুল আবাদযোগ্য জমি অনাবাদী হয়ে পড়ছে। ফলে কৃষিভিত্তিক ঐতিহ্যগত জীবিকা হারিয়ে হাজার হাজার পরিবার চরম আর্থিক অনিশ্চয়তায় পড়তে বাধ্য হচ্ছে।

জীবিকার তাগিদে তরুণ ও কর্মক্ষম প্রজন্ম গ্রাম ছেড়ে জেলা শহরের বস্তি কিংবা দূরদূরান্তে পাড়ি জমাচ্ছে। এই স্থানান্তরের সবচেয়ে করুণ শিকার হচ্ছেন প্রবীণরা ও শারীরিকভাবে অসমর্থ নারীরা। সন্তান ও স্বজনদের হারানো ভিটেমাটিতে রেখে যেতে বাধ্য হওয়ায় প্রবীণরা আজ চরম একাকীত্ব, শারীরিক অসুস্থতা ও পুষ্টিহীনতার মুখোমুখি। জীর্ণ খুপরিতে বসে প্রবীণদের বেঁচে থাকার এই লড়াই কোনো একক পরিবারের বিচ্ছিন্ন গল্প নয়; বরং বৈশ্বিক জলবায়ু সংকটের কারণে স্থানান্তরিত কোটি মানুষের অভ্যন্তরীণ বাস্তবতার এক প্রতিচ্ছবি।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা ও বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী, বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে ২০৫০ সালের মধ্যে বাংলাদেশে অভ্যন্তরীণ জলবায়ু-অভিবাসীর সংখ্যা বিপুল পরিমাণে বৃদ্ধি পাবে। কিন্তু উপকূলীয় এই বাস্তবতায় কেবল তথ্য-উপাত্তের হিসেব যথেষ্ট নয়; প্রয়োজন টেকসই ও সুনির্দিষ্ট জাতীয় উদ্যোগ।

উপকূলের জীবন ও জীবিকা রক্ষায় সুপেয় পানির প্রাপ্যতা নিশ্চিত করা, লবণাক্ততা-সহনশীল কৃষি উদ্ভাবন ও সম্প্রসারণ এবং ভাঙনপ্রবণ এলাকায় মজবুত বেড়িবাঁধ নির্মাণ অত্যন্ত জরুরি। পাশাপাশি, প্রবীণদের নিরাপত্তা ও সুরক্ষায় সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতা বৃদ্ধি এবং জলবায়ু উদ্বাস্ত রাজনৈতিকভাবে পুনর্বাসিত করার সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করতে হবে। জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক সংকটের খেসারত দিতে গিয়ে আমাদের প্রবীণদের জীবন যেন নিঃসঙ্গতা ও অবহেলায় ফুরিয়ে না যায়Ñরাষ্ট্র ও সমাজকে এই বিষয়ে এখনই সর্বাধিক গুরুত্ব ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।