আশাশুনিতে বাঁধ নির্মাণে অনিয়ম, এক দিনে তৈরি ব্লকে আগের অর্থবছরের তারিখ
এসএম বিপ্লব হোসেন: আশাশুনিতে জাইকার অর্থায়নে টেকসই বাঁধ নির্মাণ প্রকল্পে সিডিউলবহির্ভূত কাজ ও সিসি ব্লকের মানে অনিয়মের অভিযোগ উঠেছে। পাউবো কর্মকর্তা ও ঠিকাদারদের একাংশের বিরুদ্ধে সরকারি নথিপত্রে অসঙ্গতি এবং বাতিল হওয়া প্যাকেজের কাজ অন্য স্থানে হস্তান্তরের গুঞ্জন রয়েছে।
সাতক্ষীরা পওর বিভাগ-২-এর আওতায় হাজরাখালী এলাকার ২ নম্বর প্যাকেজের কাজ বাতিল হলেও, সেই কাজ অনুমোদন ছাড়াই ৩ ও ৪ নম্বর প্যাকেজের কোলা এলাকায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে সরেজমিনে সংশ্লিষ্ট কর্মীরা এ সম্পর্কিত কোনো দাপ্তরিক আদেশ দেখাতে পারেননি।
পরিদর্শনের সময় সিসি ব্লক তৈরিতেও মানহীনতার প্রমাণ মিলেছে। ঢালাইয়ের মাত্র ১২-১৪ ঘণ্টার মধ্যে ফর্মা খুলে নেওয়া হচ্ছে এবং পর্যাপ্ত কিউরিং ছাড়াই ব্লক স্তূপ করা হচ্ছে। সবচেয়ে বড় অনিয়ম দেখা গেছে ব্লকের তারিখ তৈরিতে; ২৭ আগস্ট সরেজমিনে তৈরি করা ব্লকে দেখা গেছে জুন ২০২৬-এর তারিখ। এতে পূর্ববর্তী অর্থবছরের বিল সমন্বয় বা অগ্রগতি জালিয়াতির সুযোগ তৈরি হচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাতক্ষীরা পওর বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাযকিয়া জানান, ২ নম্বর প্যাকেজ বাতিল করা হয়েছে এবং এর কাজ ভিন্নভাবে করার দায়ভার তাদের নয়। তবে অন্য প্যাকেজে কোনো অনিয়ম হলে তা খতিয়ে দেখার আশ্বাস দেন তিনি।
উপকূলীয় এই দুর্যোগপ্রবণ এলাকায় নি¤œমানের বাঁধ নির্মাণের ফলে প্রাকৃতিক দুর্যোগে বড় ধরনের মানবিক বিপর্যয়ের আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দা আব্দুস সালাম ও মনিরুল ইসলাম। এ ঘটনায় তারা উপজেলা প্রশাসন ও পাউবোর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে মেজারমেন্ট বুক ও বিল-ভাউচার যাচাইসহ ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনি ব্যবস্থার দাবি জানিয়েছেন।









