আশাশুনিতে ‘রেজিলিয়েন্স বিগিনস অ্যাট হোম’ প্রকল্পের অবহিতকরণ সভা
আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ‘রেজিলিয়েন্স বিগিনস অ্যাট হোম’ প্রকল্পের উপজেলা পর্যায়ের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আইডিয়াল’ এই সভার আয়োজন করে।
লিরিয়েনা ফন্ডস-এর অর্থায়নে এবং সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি)-এর সহযোগিতায় আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুন্ডু।
প্রকল্প ফোকাল মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে ভিডিও তথ্যচিত্র উপস্থাপন করেন সমন্বয়কারী মিহির কুমার দাশ ও সিডিডি প্রজেক্ট অফিসার পল্লব সরকার বাবু। সুব্রত বাছাড়ের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সিডিডি রিসার্চার তৌফিক আহমেদ ও প্রজেক্ট অফিসার মামুন আলী।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আমিরুল ইসলাম, মহিলাবিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার বর্মন এবং প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালীসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও স্থানীয় প্রতিনিধিরা।






