আশাশুনিতে শিক্ষার্থীদের নিয়ে পরিবেশ ও মাদকবিরোধী সচেতনতা কার্যক্রম
আশাশুনি প্রতিনিধি: শিক্ষার্থীদের মধ্যে সামাজিক দায়বদ্ধতা, নৈতিক মূল্যবোধ, মাদকবিরোধী সচেতনতা এবং পরিবেশ সংরক্ষণে ইতিবাচক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সাতক্ষীরার আশাশুনিতে এক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টায় উপজেলার কলিমাখালী আজিজিয়া সিদ্দিকিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় ‘উদারতা যুব ফাউন্ডেশন’ এই কার্যক্রমের আয়োজন করে।
কর্মসূচিতে বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকবিরোধী সচেতনতা, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং পরিবেশ সংরক্ষণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মাদ্রাসার প্রভাষক আঃ বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের প্রশাসনিক কর্মকর্তা আল-আমিন, সেশন পরিচালক দেলোয়ার হোসেনসহ অন্য বক্তারা বক্তব্য দেন।
বক্তারা বলেন, বাল্যবিবাহ ও মাদকাসক্তি সমাজ ও তরুণ প্রজন্মের বিকাশের প্রধান অন্তরায়। বিশেষ করে উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় তরুণদের পরিবেশ রক্ষা ও বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।
উদারতা যুব ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জুবায়ের আহম্মেদের নির্দেশনা এবং প্রধান সমন্বয়ক আবু তাহেরের তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক রায়হান মোস্তফা, মাওলানা মিজানুর রহমানসহ সংগঠনের স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে পরিবেশ ও সামাজিক সচেতনতা বিষয়ক একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে উপজেলা বন বিভাগের সহযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে বিলুপ্তপ্রায় বিভিন্ন প্রজাতির গাছের চারা পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয়।









