আশাশুনিতে মৎস্য ঘের দখলের চেষ্টায় হামলা, নারীসহ আহত ৩
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার কলিমাখালীতে একটি মৎস্য ঘের জবরদখলের চেষ্টায় বাধা দেওয়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ তিনজন আহত হয়েছেন। শনিবার (১৩ জুন) সকাল ১০টার দিকে কলিমাখালী গ্রামে এই ঘটনা ঘটে। গুরুতর আহত মর্জিনা খাতুন নামের এক নারীকে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় থানায় একটি লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
মৎস্য ঘেরের মালিক শাহজাহান হাবিবের দায়ের করা এজাহার সূত্রে জানা গেছে, কলিমাখালী মৌজায় তাঁর পৈতৃক সূত্রে পাওয়া প্রায় ১২ বিঘা জমির একটি মৎস্য ঘের রয়েছে। প্রতিপক্ষরা দীর্ঘদিন ধরে ওই ঘেরটি দখলের ষড়যন্ত্র করে আসছিল। গতকাল সকালে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে একদল লোক ঘেরে অনধিকার প্রবেশ করে জবরদখলের চেষ্টা চালায়। এ সময় শাহজাহান হাবিব, তাঁর ভাই জাহাঙ্গীর হোসেন ও ভাইয়ের স্ত্রী মর্জিনা খাতুন বাধা দিলে তাঁদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।
হামলাকারীরা লোহার হাতুড়ি দিয়ে মর্জিনা খাতুনের মাথায় আঘাত করার চেষ্টা করলে তিনি সরে যান, তবে আঘাতটি তাঁর ঘাড়ে লেগে গুরুতর জখম হয়। এ সময় হামলাকারীরা মৎস্য বিক্রির নগদ ৫০ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয় এবং ঘেরের বাঁধ কেটে প্রায় ২ লাখ টাকার ক্ষতিসাধন করে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা হুমকি দিয়ে চলে যায়। এই ঘটনায় ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।








