আশাশুনিতে সংলাপ ফোরামের নির্বাচন: ঋতু সভাপতি, জ্যোতি সম্পাদক
আশাশুনি প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্পের আওতায় সাতক্ষীরার আশাশুনিতে উপজেলা সংলাপ ফোরামের ‘এপেক্স কাঠামো নির্বাচন-২০২৬’ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ হলরুমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সাস’ ও ‘স্ট্রমী ফাউন্ডেশন বাংলাদেশ’ এই নির্বাচনে সহযোগিতা করে।
নির্বাচনে ৭টি পদের বিপরীতে মোট ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। দুপুরের দিকে আশাশুনি উপজেলার ১০টি ফোরামের মোট ১০০ জন ভোটার ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বিরতিহীনভাবে এই ভোটগ্রহণ চলে।
নির্বাচনের ফলাফল অনুযায়ী, সভাপতি পদে ৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ঋতু পারভিন এবং ৩২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জ্যোতি দাস।
এ ছাড়া অন্যান্য পদের মধ্যে সাংগঠনিক সম্পাদক পদে সাথী খাতুন, অর্থ সম্পাদক পদে জয়া সরকার, মানসিক স্বাস্থ্য কাউন্সিলিং বিষয়ক সম্পাদক পদে হেনা খাতুন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সংরক্ষণ বিষয়ক সম্পাদক পদে রূপা খাতুন এবং গবেষণা, অ্যাডভোকেসি ও রিপোর্টিং বিষয়ক সম্পাদক পদে সোনালী রায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। নবনির্বাচিত এই কমিটি আগামীতে এলাকার জলবায়ু বিপর্যয় ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে জোরালো ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।









