বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

সাতক্ষীরায় হাটে চোরাই গরু বিক্রি করতে গিয়ে আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ১১:০৪ অপরাহ্ণ
সাতক্ষীরায় হাটে চোরাই গরু বিক্রি করতে গিয়ে আটক ২

জিএম আমিনুল হক: সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর পশুর হাটে চোরাই গরু বিক্রি করতে গিয়ে হাট কমিটির হাতে দুই যুবক আটক হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ব্রহ্মরাজপুর ডিবি ইউনাইটেড হাইস্কুল মাঠে বসা কোরবানির পশুর হাটে এ ঘটনা ঘটে। পরে আটককৃতদের চোরাই গরু ও একটি ইজিবাইকসহ পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেনÑসাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বরজো পাটুরি গ্রামের আদর আলী গাজীর ছেলে মো. রাজু হোসেন (২৫) এবং গরু বহনকারী ইজিবাইকচালক ও সদর উপজেলার পরানদহা সানারডাঙ্গা এলাকার আব্দুল মান্নান গাজীর ছেলে মো. শাকিল হোসেন (২২)। হাট কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে রাজু হোসেন হাটে একটি গরু ৫৫ হাজার টাকায় বিক্রি করেন।

 

বিক্রির পর নিয়ম অনুযায়ী হাটের হাসিল বা ‘পাশ’ কাটতে গেলে রাজুর কথাবার্তায় অসংলগ্নতা প্রকাশ পায়। এতে হাট কমিটির সদস্যদের সন্দেহ হলে তারা তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে রাজু স্বীকার করেন যে, গরুটি তিনি সদর উপজেলার লাবসা বা খেজুরডাঙ্গা এলাকার একটি মাঠ থেকে চুরি করে এনেছেন।

বিষয়টি জানাজানি হলে পুরো হাট এলাকায় ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ সময় ক্ষুব্ধ জনতা রাজু এবং চুরির কাজে ব্যবহৃত ইজিবাইকের চালক শাকিলকে আটকে রাখে। পরে খবর পেয়ে ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে দুজনকে হেফাজতে নেন।
ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) হাবিবুর রহমান বলেন, “চোরাই গরু বিক্রির অপরাধে দুজনকে আটক করা হয়েছে। গরু ও চুরির কাজে ব্যবহৃত ইজিবাইকটি জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত আটক দুই যুবক এবং উদ্ধার হওয়া চোরাই গরুটি ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির হেফাজতে ছিল। এই ঘটনায় থানায় একটি চুরির মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

 

 

 

 

Ads small one

কলারোয়ায় অভ্যন্তরীণ ইরি-বোরো মৌসুমের ধান সংগ্রহের উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২২ মে, ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ণ
কলারোয়ায় অভ্যন্তরীণ ইরি-বোরো মৌসুমের ধান সংগ্রহের উদ্বোধন

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় অভ্যন্তরীণ ইরি-বোরো মৌসুমের ২০২৬ ধান সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তালা সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ এ ধান সংগ্রহের উদ্বোধন করেন। এই ধান সংগ্রহ আগামী ৩১ আগষ্ট পর্যন্ত চলমান থাকবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা হাফিজুর রহমান, গুদাম কর্মকর্তা হাসান, উপজেলা সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার জিয়াউর রহমান, ব্যবসায়ী আতিয়ার রহমান, আব্দুল হাকিম প্রমুখ। এ বছর ১২৪৫ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে বলে উপজেলা গুদাম কর্মকর্তা হাসান নিশ্চিত করেন।

তালায় সাংবাদিকদের সঙ্গে জামায়াত নেতার মতবিনিময়

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২২ মে, ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ণ
তালায় সাংবাদিকদের সঙ্গে জামায়াত নেতার মতবিনিময়

তালা প্রতিনিধি: তালা প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ও সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ডা. মাহমুদুল হক। বৃহস্পতিবার বিকেল পাঁচটায় তালা প্রেসক্লাবের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দারের সভাপতিত্বে ও সিনিয়র সহসভাপতি গাজী জাহিদুর রহমানের সঞ্চালনায় সভায় ডা. মাহমুদুল হক বলেন, “জামায়াতে ইসলামীতে কেউ নিজে পদ বা প্রার্থী হতে চায় না, সংগঠন দায়িত্ব দিলে তখন নির্বাচন করতে হয়। দল দায়িত্ব দিলে এবং নির্বাচিত হলে তালাকে একটি আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে কাজ করব।”
সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন তালা পানি কমিটির মীর জিল্লুর রহমান ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠু। মতবিনিময় শেষে উপস্থিত সাংবাদিকদের সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহর পক্ষ থেকে আম উপহার দেওয়া হয়।

 

 

 

তালায় জলবায়ু পরিবর্তন ও ঝুঁকি মোকাবিলায় সেমিনার, বৃক্ষ চারা বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২২ মে, ২০২৬, ১২:২০ পূর্বাহ্ণ
তালায় জলবায়ু পরিবর্তন ও ঝুঁকি মোকাবিলায় সেমিনার, বৃক্ষ চারা বিতরণ

 

তালা প্রতিনিধি: দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় করণীয় নির্ধারণ এবং কমিউনিটি পর্যায়ে অভিযোজন ও ঝুঁকি মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরার তালায় বার্ষিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকালে তালা সদরের একটি মিলনায়তনে এই সেমিনারের আয়োজন করা হয়। কারিতাস খুলনা অঞ্চলের বাস্তবায়নাধীন আইডিপিডিসি প্রকল্প এই অনুষ্ঠানের আয়োজন করে।
কারিতাসের তালা উপজেলা কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার সুকুমার দাসের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ্ জান্নাতুল আফরোজ স্বর্ণা। বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফ হোসেন ও তালা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক। সিডিএ লিটন সেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক জুলফিকার রায়হান, দলিত নেতা দিলিপ দাশ, ওয়ার্ল্ড কর্নার্স বাংলাদেশের প্রকল্প ব্যবস্থাপক রনজিৎ দাশ, কারিতাসের কমলেশ মিস্ত্রি এবং জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতিগ্রস্ত এলাকার কমিউনিটি প্রতিনিধি পূর্ণিমা সরকার, পার্বতী দাশ, সাবিত্রী দাশ, স্বর্ণালী দাশ ও শান্তা রায় প্রমুখ।