আশাশুনিতে সয়াবিন তেলের ‘কৃত্রিম’ সংকট, দাম নিয়ে দিশাহারা ক্রেতারা
আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে বোতলজাত সয়াবিন তেলের বাজারে চরম অস্থিরতা দেখা দিয়েছে। সরবরাহ সংকটের অজুহাতে খুচরা বাজারে বোতলজাত তেল প্রায় পাওয়া যাচ্ছে না। এই সুযোগে খোলা সয়াবিন তেল চড়া দামে বিক্রি করছেন ব্যবসায়ীরা। প্রভাবশালী সিন্ডিকেটের কারসাজিতে এই কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে বলে অভিযোগ ক্রেতা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের।
উপজেলার বুধহাটা, দরগাপুর, বড়দল ও গোয়ালডাঙ্গা বাজার ঘুরে দেখা গেছে, দোকানগুলোতে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ নেই বললেই চলে। খুচরা ব্যবসায়ীরা বলছেন, পাইকারি পর্যায় থেকে তেলের সরবরাহ কমিয়ে দেওয়া হয়েছে। ফলে নিরুপায় হয়ে ক্রেতারা খোলা তেলের দিকে ঝুঁকছেন। তবে সেখানেও অস্বস্তি; সরকার নির্ধারিত ১৭৬ টাকার পরিবর্তে খোলা সয়াবিন ২০৫ থেকে ২১০ টাকা দরে বিক্রি হচ্ছে।
বুধহাটা বাজারে আসা ক্রেতা রায়হান হোসেন আক্ষেপ করে বলেন, “বাজারে বোতলজাত তেল নেই। খোলা তেল কিনতে হচ্ছে কেজিপ্রতি ৩০-৪০ টাকা বেশি দিয়ে। সাধারণ মানুষের সংসার চালানো এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে।”
একই অভিযোগ করেন গোয়ালডাঙ্গার মাহমুদা বেগম। তিনি জানান, কিছুদিন আগে ১৮৯ টাকায় যে তেল পাওয়া যেত, এখন ২০০ টাকা দিয়েও তা ঠিকমতো মিলছে না।
খুচরা বিক্রেতাদের দাবি, আন্তর্জাতিক পরিস্থিতি ও পরিবহন খরচ বৃদ্ধির কথা বলে পাইকাররা দাম বাড়িয়েছেন। তবে সাধারণ ক্রেতাদের অভিযোগ, প্রশাসনের তদারকি না থাকায় অসাধু ব্যবসায়ীরা ইচ্ছেমতো দাম বাড়িয়ে মুনাফা লুটছেন। বিশেষ করে বুধহাটা ও বড়দল বাজারের কিছু ব্যবসায়ীর বিরুদ্ধে বোতলজাত তেল লুকিয়ে রেখে বেশি দামে বিক্রির সুনির্দিষ্ট অভিযোগ থাকলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এ বিষয়ে স্থানীয় প্রশাসন জানিয়েছে, বাজার নিয়ন্ত্রণে তাদের অভিযান অব্যাহত রয়েছে। অতিরিক্ত মুনাফা করলে বা মজুদদারির প্রমাণ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।









