ইনস্টাগ্রামে রিলস দেখে আয়ের সুযোগ
সারা দিন ইনস্টাগ্রামে রিলস (Instagram Reels) দেখবেন, খুঁজে বের করবেন কোন ভিডিও ভাইরাল হচ্ছে এবং কোন বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। এসব কাজের জন্যই কর্মী নিয়োগ দিচ্ছে ভারতের রাজস্থান রাজ্যের উদয়পুরভিত্তিক একটি প্রতিষ্ঠান। পদের নাম ‘ডুমস্ক্রলার’ (Doomscroller)।
এনডিটিভির (NDTV) এক প্রতিবেদনে বলা হয়েছে, ইনফ্লুইশ (Influish) নামের প্রতিষ্ঠানটি দীপাবলি উপলক্ষে এই ব্যতিক্রমী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ পদের জন্য এমন একজনকে খোঁজা হচ্ছে, যিনি দিনের বড় একটি সময় ইনস্টাগ্রাম রিলস দেখবেন এবং প্ল্যাটফর্মটিতে কী ট্রেন্ড করছে, কোন ভিডিও ভাইরাল হচ্ছে, সেসব তথ্য প্রতিষ্ঠানকে জানাবেন।
প্রতিষ্ঠানটির কর্মীদের প্রকাশ করা একটি ভিডিওতে নিয়োগের বিষয়টি জানানো হয়। সেখানে একজন বলেন, ‘আপনি যদি সত্যিই ইনস্টাগ্রাম ব্যবহার করতে পছন্দ করেন, তাহলে আমরা আপনাকে এ কাজের জন্য অর্থ দেব। আমরা এমন একজন ডুমস্ক্রলার খুঁজছি, যিনি সারাদিন রিলস স্ক্রল করবেন এবং ইনস্টাগ্রামে কী ভাইরাল হচ্ছে, তা সবাইকে জানাবেন।’
আগ্রহীদের ভিডিওটিতে ‘হাই’ (Hi) লিখে মন্তব্য করার আহ্বান জানানো হয়েছে। উদয়পুরে অবস্থানরত প্রার্থীদের সরাসরি বার্তার (ডিএম) মাধ্যমে আবেদন করার লিংক পাঠানো হবে।
এ ছাড়া ইনস্টাগ্রামে ‘গ্যাংস অব স্টার্টআপ’ (gangsofstartup) নামের অ্যাকাউন্টের বায়োতে থাকা গুগল ফরমের মাধ্যমেও আবেদন করা যাবে। আবেদনকারীকে নিজের নাম, ফোন নম্বর ও ঠিকানা দিতে হবে। পাশাপাশি পূর্ণকালীন চাকরি নাকি ইন্টার্নশিপের জন্য আবেদন করছেন, কোন পদে আগ্রহী, বর্তমান ও প্রত্যাশিত বেতন কত—এসব তথ্য জানাতে হবে। আবেদন জমা দেয়ার আগে জীবনবৃত্তান্তও (সিভি) আপলোড করতে হবে। বাছাই করা প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করবে প্রতিষ্ঠানটি।
৪ নভেম্বর ইনস্টাগ্রামে প্রকাশিত নিয়োগসংক্রান্ত ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে। এনডিটিভির ৫ নভেম্বরের প্রতিবেদন অনুযায়ী, ভিডিওটি ৩ লাখের বেশি বার দেখা হয়েছে। একই সঙ্গে ১১ হাজারের বেশি মানুষ আবেদন ফরম চেয়েছেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
চাকরির বিজ্ঞপ্তিটি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে বেশ আলোচনার জন্ম দিয়েছে। কেউ এটিকে স্বপ্নের চাকরি বলেছেন, আবার কেউ এমন সুযোগের অপেক্ষায় ছিলেন বলে মন্তব্য করেছেন।









