সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

সমুদ্রের নিচের কেবল কেটে ফেললে কি অচল হয়ে পড়বে পুরো বিশ্বের ইন্টারনেট?

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১১:৪৭ অপরাহ্ণ
সমুদ্রের নিচের কেবল কেটে ফেললে কি অচল হয়ে পড়বে পুরো বিশ্বের ইন্টারনেট?

 

 

সমুদ্রের তলদেশের ইন্টারনেট কেবল কেটে গেলে মহাকাশের স্যাটেলাইট দিয়ে পুরো পৃথিবী সচল রাখা সম্ভব কি না, তা নিয়ে এখন বড় আলোচনা চলছে। ইলন মাস্কের ‘স্টারলিংক’ কি পারবে বিশ্বকে নিরবচ্ছিন্ন ইন্টারনেটের আলোয় রাখতে? এর সহজ উত্তর হলো, সংকটকালে স্টারলিংক জরুরি যোগাযোগ টিকিয়ে রাখতে পারবে ঠিকই, তবে সমুদ্রতলের বিশাল কেবল নেটওয়ার্কের বিকল্প হয়ে ওঠার ক্ষমতা এর নেই।

আমাদের আন্তর্জাতিক তথ্য আদান-প্রদানের ৯৯ শতাংশই ঘটে সমুদ্রের তলদেশ দিয়ে যাওয়া ফাইবার অপটিক কেবলের মাধ্যমে। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রায় ১৭ লাখ কিলোমিটার দীর্ঘ এই নেটওয়ার্কে নানা কারণে প্রতি বছর প্রায় ২০০টির মতো দুর্ঘটনা ঘটে। একটি কেবল কাটা পড়লেই লাখ লাখ মানুষ ইন্টারনেট সংকটে পড়েন এবং দেশের আন্তর্জাতিক ডাটা চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটে।

কেবল ও স্যাটেলাইটের এই ক্ষমতার তফাত বোঝা যায় সাধারণ অঙ্কের হিসাব থেকেই। সমুদ্রের একটি সাধারণ কেবল দিয়ে যদি প্রতি সেকেন্ডে ২০ টেরাবিট বা ২০ হাজার গিগাবিট তথ্য আদান-প্রদান করা যায়, তবে একটি ব্যাকআপ স্যাটেলাইট দিয়ে হয়তো যায় মাত্র ১ গিগাবিট। অর্থাৎ তথ্য সরানোর ক্ষমতায় কেবুলটি স্যাটেলাইটের চেয়ে প্রায় ২০ হাজার গুণ বেশি শক্তিশালী। ফলে একটি মাত্র কেবলের সমপরিমাণ গতি বজায় রাখতে একই সঙ্গে হাজার হাজার স্যাটেলাইট লিংক চালু রাখতে হবে, যা বাস্তবিকভাবে সম্ভব নয়।

সমুদ্রের তলদেশে ক্ষতিগ্রস্ত কেবল মেরামত করতে অনেক সময় কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত লেগে যায়। এই চরম সংকটের সময়ে স্টারলিংক বা অন্যান্য স্যাটেলাইট মূলত একটি বিকল্প নিরাপত্তা বলয় হিসেবে কাজ করে। এই প্রযুক্তি দুর্যোগের সময় হাসপাতাল, সরকারি জরুরি সেবা, সীমিত আর্থিক লেনদেন এবং বার্তা আদান-প্রদানের মতো গুরুত্বপূর্ণ কাজগুলো সচল রাখতে সাহায্য করে। কিন্তু পুরো জনগোষ্ঠীর একসাথে উচ্চমানের ভিডিও দেখা, বড় ডাটা ফাইল স্থানান্তর কিংবা বিশাল ব্যবসা প্রতিষ্ঠানের সার্বক্ষণিক ডাটা চাহিদা মেটানো স্যাটেলাইটের পক্ষে অসম্ভব।

বিশেষজ্ঞদের মতে, ইন্টারনেট ব্যবস্থাকে পুরোপুরি সুরক্ষিত রাখতে হলে শুধু স্যাটেলাইটের ওপর ভরসা করলে চলবে না। সমুদ্রের তলদেশের কেবল, মাটির নিচের ফাইবার এবং মহাকাশের স্যাটেলাইট—এই তিন প্রযুক্তির যৌথ সমন্বয়েই কেবল বড় ধরনের ডিজিটাল বিপর্যয় এড়িয়ে পুরো বিশ্বকে সচল রাখা সম্ভব।

সূত্র: গালফ নিউজ

Ads small one

বাংলাদেশ নারী ফুটবল দল পেল অন্তর্বর্তীকালীন কোচ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১১:৪২ অপরাহ্ণ
বাংলাদেশ নারী ফুটবল দল পেল অন্তর্বর্তীকালীন কোচ

বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য অন্তর্বর্তীকালীন কোচ নিয়োগ দেওয়া হয়েছে। আসন্ন সিঙ্গাপুর সফরে এই দায়িত্ব পালন করবেন ফরাসি কোচ এরিক মারে। এক মাসের জন্য তাকে এই দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

নারী ফুটবল দলের মূল কোট পিটার বাটলার। গুরুতর অসুস্থতার কারণে এখন যুক্তরাজ্যে চিকিতসাধীন তিনি। তার অনুপস্থিতিতেই পড়েছে দুটি আন্তর্জাতিক ম্যাচ। সেই ম্যাচ সামাল দিতেই এরিক মারেকে নিয়োগ দেওয়া হয়েছে। ডিসেম্বরে সিঙ্গাপুরের বিপক্ষে আসন্ন আন্তর্জাতিক ম্যাচ দুটিকে সামনে রেখে দলকে প্রস্তুত করবেন তিনি।

বাফুফের আশা, দ্রুত সুস্থ হলে বাংলাদেশে ফিরবেন পিটার বাটলার। তার আগ পর্যন্ত এরিক মারের হাতেই থাকবে নারী ফুটবল দলের দায়িত্ব।

শোবিজ ছেড়ে নিউইয়র্কে, কী করছেন সেই মোনালিসা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১১:২৩ অপরাহ্ণ
শোবিজ ছেড়ে নিউইয়র্কে, কী করছেন সেই মোনালিসা

একসময়ের জনপ্রিয় মডেল-অভিনেত্রী মোনালিসা। ফেয়ার অ্যান্ড লাভলীর বিজ্ঞাপন দিয়ে ক্যারিয়ার শুরু করেন তিনি। তবে লিলির কয়েকটি বিজ্ঞাপন দিয়ে ভীষণ জনপ্রিয়তা পান এ গ্ল্যামারকন্যা।

বর্তমানে নাটক-বিজ্ঞাপনে কোথাও নেই তিনি। অনেক বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন মোনালিসা।

প্রায় ১০ বছর ধরে নিউইয়র্কে বসবাস করছেন বলে জানান তিনি। কী করছেন সেখানে জানতে চাইলে মোনালিসা বলেন, ‘বর্তমানে যুক্তরাষ্ট্রে টম ফোর্ড বিউটির ম্যানেজার হিসেবে কাজ করছি। এছাড়া এখানকার একটি ব্যাংকের কো-অর্ডিনেটর হিসেবেও দায়িত্বে আছি।’

বিজ্ঞাপনে জনপ্রিয়তা পাওয়ার মোনালিসা প্রথম অভিনয় করেন ‘কাগজের ফুল’ নাটকে। নাটকটি পরিচালনা করেন অরুণ চৌধুরী। এতে নায়ক ছিলেন মাহফুজ আহমেদ।

 

সেই সময়ের জনপ্রিয়তার কথা বলতে গিয়ে মোনালিসা বলেন, ‘প্রচণ্ড জনপ্রিয়তা পাওয়ার পর বাসার ঠিকানায় শত শত চিঠি আসতো। চিঠি আমার তেমন একটা পড়া হতো না। বেশিরভাগ চিঠিতে প্রেম-ভালোবাসার কথা লেখা থাকতো। ভক্তরা বাসার ঠিকানায় শাড়ি উপহার পাঠাতেন। ফুলও পাঠাতেন। কখনো জন্মদিনে, আবার কখনো এমনিতেই এসব উপহার পাঠাতেন।’

তিনি আরও বলেন, ‘রাস্তায় বের হলেই অনেকেই বলতেন, ‘ওই যে মোনালিসা যাচ্ছে।’’

চিকিৎসকের পরামর্শে আর যে চরিত্রে অভিনয় করছেন না নীলাঞ্জনা নীলা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১১:১৫ অপরাহ্ণ
চিকিৎসকের পরামর্শে আর যে চরিত্রে অভিনয় করছেন না নীলাঞ্জনা নীলা

সিনেমার বাইরে টিভি নাটকেও অভিনয় করছেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা। বর্তমানে নাটকেই বেশি ব্যস্ত তিনি। সাম্প্রতিক কয়েকটি নাটকে ঝগড়াটে চরিত্রে দেখা গেছে তাকে। দর্শকের কাছ থেকে এ নাটকগুলোর জন্য বেশ প্রশংসা পেয়েছেন নায়িকা।

তবে এবার তিনি জানালেন, চিকিৎসকের পরামর্শে ঝগড়াটে চরিত্র আর করছেন না। কেন এমন সিদ্ধান্ত সেটিও স্পষ্ট করলেন অভিনেত্রী।

নীলাঞ্জনা নীলা বলেন, আমার অনেক রকম সমস্যা হচ্ছে। গলায় সমস্যা, অনেক দিন ধরে ঠিকমতো কথা বলতে পারছিলাম না। বেশির ভাগ সময় অসুস্থ থাকছি। কারণ, ঝগড়ার অভিনয় করতে গেলে অনেক শক্তি প্রয়োজন হয়। মানসিকভাবেও অনেক চাপ যায়। এসব কারণে চিকিৎসক আমাকে একটু মানা করেছেন।

তিনি আরও বলেন, এখন আমি পরিচালকদের একটু বলে দিচ্ছি যে এই ঝগড়াটে নাটকটা আমি এখন কম করতে চাই। তবে সব একেবারে বাদ দিচ্ছি না। যেসব চরিত্র আমার খুব ভালো লাগছে, সেগুলো ঠিকই করছি। একটু বেছে বেছে কাজ করছি এবং পরিচিত ছক থেকে বের হওয়ার চেষ্টা করছি।