রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

ঈদে মুক্তি পাচ্ছে না পূজা চেরীর সিনেমা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬, ৫:১৯ অপরাহ্ণ
ঈদে মুক্তি পাচ্ছে না পূজা চেরীর সিনেমা

মুক্তি পাচ্ছে না আদর আজাদ ও পূজা চেরী অভিনীত সিনেমা ‘নাকফুলের কাব্য’। কোরবানির ঈদে মুক্তির ঘোষণা দিলেও এবার প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া জানাল ছবিটি আসছে না।
‘নাকফুলের কাব্য’ এর মাধ্যমে প্রথম জুটি হয়ে কাজ করেছিলেন আদর-পূজা। গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত হয়েছে ছবিটি। বানিয়েছেন আলোক হাসান। নির্মাতা জানান, সমাজপতিদের রক্তচক্ষু উপেক্ষা করা একটি অমর প্রেম ও বিরহের গল্প দেখা যাবে এতে। গল্প লিখেছেন ফেরারি ফরহাদ।

এদিকে গতকালও শনিবারও নির্মাতা জানিয়েছিলেন ছবিটি ঈদেই মুক্তি পাচ্ছে। তবে আজ সোমবার যোগাযোগের চেষ্টা করা হলে আর সাড়া দেননি তিনি।

২০২২ সালে শুরু হয়েছিল নাকফুলের কাব্য সিনেমার শুটিং। সে সময় নাম ছিল ‘নাকফুল’। তবে সেন্সর বোর্ডের আপত্তিতে নাম পরিবর্তন করতে হয়। সে সময় পরিচালক জানিয়েছিলেন, একই নামে আরেকটি সিনেমা থাকায় নাম পরিবর্তন করতে হয়েছে তাদের।

Ads small one

বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরিপ উপলক্ষে সাতক্ষীরায় সচেতনতামূলক কর্মশালা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ১১:৫১ অপরাহ্ণ
বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরিপ উপলক্ষে সাতক্ষীরায় সচেতনতামূলক কর্মশালা

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) উদ্যোগে ‘বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরিপ-২০২৬’ উপলক্ষে সঠিক ও হালনাগাদ তথ্য নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরায় এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে সদর উপজেলার তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যানবেইসের পরিচালক (পরিসংখ্যান) প্রফেসর মো. গোলাম ফিরোজ।
জেলা শিক্ষা অফিসার মোঃ আলমগীর কবীরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আজিজুর রহমান, সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ মো. মনিরুজ্জামান এবং তালতলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম।
কর্মশালায় বক্তারা বলেন, শিক্ষানীতি নির্ধারণ ও সঠিক পরিকল্পনার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের নির্ভুল তথ্য অত্যন্ত জরুরি। এতে জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার প্রধানগণ, তথ্য সংগ্রহকারী ও শিক্ষা কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

মণিরামপুরে যুব বিভাগের নেতার ওপর হামলার অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ১১:৪৯ অপরাহ্ণ
মণিরামপুরে যুব বিভাগের নেতার ওপর হামলার অভিযোগ

মামুনুর রশিদ খান, মণিরামপুর (যশোর): যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারে এক যুবনেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। রোববার জোহরের আজানের সময় এই ঘটনা ঘটে।
হামলার শিকার ব্যক্তি চালুয়াহাটি ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি গাজী এনামুল ইসলাম। ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, তিনি রাজগঞ্জ বাজারে অবস্থিত তাঁর নিজস্ব শোরুমে অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন ব্যক্তি জোরপূর্বক শোরুমে প্রবেশ করে তাঁকে এলোপাতাড়ি মারধর করেন। হামলার পর অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল থেকে কেটে পড়েন।
পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় গাজী এনামুল ইসলামকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
ঘটনাস্থলের স্থানীয় বাসিন্দারা হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তাঁরা।

তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ১১:৪৬ অপরাহ্ণ
তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন

তালা প্রতিনিধি: তালা সদর ইউনিয়নের শাহাপুর থেকে খানপুর পর্যন্ত নবনির্মিত প্রায় এক কিলোমিটার পাকা সড়কের উদ্বোধন করা হয়েছে। রোববার (২৬ জুলাই) বিকেলে শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন এলাকায় আয়োজিত অনুষ্ঠানে ফলক উন্মোচন করে সড়কটির উদ্বোধন করা হয়।
এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। তালা উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায় এবং সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, বিএনপি সবসময় জনগণের কল্যাণ ও এলাকার উন্নয়নে কাজ করছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখবে। আগামীতে যেকোনো নির্বাচন অনুষ্ঠিত হলে জনগণ অতীতের ভুলের পুনরাবৃত্তি করবে না এবং বিএনপির প্রার্থীকে বিজয়ী করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি আরও বলেন, সরকার ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে। এসব উদ্যোগের সুফল জনগণের কাছে পৌঁছে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। বক্তব্যের একপর্যায়ে তিনি স্থানীয় শাহাপুর ঈদগাহ ও মসজিদের উন্নয়নে আর্থিক অনুদান প্রদানের ঘোষণা দেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে তালা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপ-সহকারী প্রকৌশলী সজল শীল, তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম দাদুভাই, বিএনপি নেতা রেজাউল ইসলাম রেজা, সাবেক ইউপি চেয়ারম্যান ও সাংবাদিক নজরুল ইসলাম এবং সদর ইউনিয়ন যুবদলের সভাপতি আহম্মাদ সরদারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।