বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৬:০১ অপরাহ্ণ
একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ১০ হাজার ৮০০ কোটি ৮০ লাখ টাকা, প্রকল্প ঋণ ৪ হাজার ৮১ কোটি ৮৫ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১ হাজার ৫২৪ কোটি ৯১ লাখ টাকা।

বুধবার (৭ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন তারেক রহমান।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ১০টি নতুন, দুটি সংশোধিত এবং একটি মেয়াদ বৃদ্ধির প্রকল্প। এর মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাতটি, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দুটি এবং নৌপরিবহন, রেলপথ, পররাষ্ট্র এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের একটি করে প্রকল্প রয়েছে।

স্থানীয় সরকার বিভাগের সাতটি প্রকল্পের মধ্যে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নতুন পাঁচটি অঞ্চলের ১৮টি ওয়ার্ডের সড়ক অবকাঠামো ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, রংপুর সিটি করপোরেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন এবং ক্ষতিগ্রস্ত সড়ক পুনর্বাসন। এ ছাড়া গাজীপুর সিটি করপোরেশনের ১ থেকে ৮ নম্বর জোনে রাস্তা, নর্দমা ও ফুটপাত নির্মাণের প্রকল্প রয়েছে।

একই মন্ত্রণালয়ের অধীনে সমবায়ের মাধ্যমে নারীদের দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা সৃষ্টির একটি প্রকল্পও অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি সিরাজগঞ্জ, বগুড়া ও নওগাঁ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় সংশোধন এবং গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় সংশোধন অনুমোদন পেয়েছে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) জন্য ৩৫টি বাণিজ্যিক ও আটটি সহায়ক জলযান সংগ্রহ এবং দুটি নতুন স্লিপওয়ে নির্মাণ প্রকল্পের তৃতীয় সংশোধন অনুমোদন করা হয়েছে।

রেলপথ মন্ত্রণালয়ের ‘রেলওয়ের সক্ষমতা সম্প্রসারণ প্রকল্প’-এর আওতায় বাংলাদেশ রেলওয়ের জন্য ৩০টি মিটারগেজ ডিজেল-ইলেকট্রিক লোকোমোটিভ সংগ্রহের প্রকল্পও অনুমোদন পেয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ফ্রান্সের প্যারিসে ক্রয় করা চ্যান্সারি ভবন ব্যবহার উপযোগী করতে সংস্কার ও আধুনিকায়ন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দুটি প্রকল্পের মধ্যে রয়েছে ভজনপুর (নিজবাড়ী)-আটোয়ারী-ময়নাগুড়ি-আমতলী-মিরগড়-পঞ্চগড় সড়কের ১৫তম কিলোমিটারে দ্বিতীয় করতোয়া সেতু নির্মাণ এবং থানচি-রিমাকরি-মদক-লিকরি সড়ক নির্মাণ প্রকল্পের দ্বিতীয় সংশোধন।

এ ছাড়া বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট পিক সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পও একনেকে অনুমোদন দেওয়া হয়েছে। এর বাইরে ৫০ কোটি টাকার কম ব্যয়ের একটি প্রকল্প সম্পর্কে একনেককে অবহিত করা হয়েছে।

 

Ads small one

আইনজীবী নিরোদ কুমার মজুমদারকে স্মরণ করে আবেগঘন স্মৃতিচারণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৬:৫০ অপরাহ্ণ
আইনজীবী নিরোদ কুমার মজুমদারকে স্মরণ করে আবেগঘন স্মৃতিচারণ

মিলন বিশ্বাস: সাতক্ষীরার প্রবীণ আইনজীবী ও এড. আবুল হোসেন এন্ড এসোসিয়েটসের সিনিয়র সদস্য এডভোকেট নিরোদ কুমার মজুমদারের স্মৃতিচারণ সভা ও প্রার্থনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। তাঁর আত্মার সদগতি ও পরম শান্তি কামনায় বুধবার (৭ অক্টোবর) দুপুর ২টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির চতুর্থ তলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এড. শহীদ হাসান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় প্রয়াত আইনজীবীর কর্মময় জীবন ও ব্যক্তিগত গুণাবলি নিয়ে স্মৃতিচারণ করেন অ্যাডভোকেট সোমনাথ ব্যানার্জি, অ্যাডভোকেট তারক কুমার মিত্র, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. রনজিত সরকার, অ্যাডভোকেট তপন কুন্ড, অ্যাডভোকেট সোহরাব হোসেন, অ্যাডভোকেট অজয় সরকার, অ্যাডভোকেট পঙ্কজ দেবনাথ, অ্যাডভোকেট রঘুনাথ মন্ডল, জিপি অ্যাডভোকেট অসীম কুমার মন্ডল, অ্যাডভোকেট প্রবীর মুখার্জি, অ্যাডভোকেট শেখ ইমদাদুল ইসলাম, অ্যাডভোকেট মনীন্দ্র নাথ সরদারসহ অনেকে। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদানন্দ কুমার সরকার।

স্মৃতিচারণ করতে গিয়ে বক্তারা বলেন, এডভোকেট নিরোদ কুমার মজুমদার ছিলেন অত্যন্ত সদালাপী, বিনয়ী ও সহযোগিতাপরায়ণ মানুষ। দীর্ঘ আইন পেশাজীবনে তিনি সহকর্মী, মক্কেল ও পরিচিতজনদের পাশে দাঁড়িয়েছেন। কারও বিপদে বা প্রয়োজনে দিন-রাতের হিসাব না করে সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন। এমনকি গভীর রাতেও কেউ ফোন করলে তা গ্রহণ করে প্রয়োজনীয় সহযোগিতা করার চেষ্টা করতেন। মানুষের সঙ্গে তাঁর আচরণ ছিল আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ। কারও সঙ্গে খারাপ ব্যবহার করেছেন এমন স্মৃতি সহকর্মীদের কাছে নেই বলেও বক্তারা উল্লেখ করেন।

বক্তারা বলেন, একজন দক্ষ আইনজীবী হিসেবে তাঁর দীর্ঘ কর্মজীবনের পাশাপাশি মানুষের প্রতি আন্তরিকতা ও সহমর্মিতাই তাঁকে সবার কাছে আলাদা করে স্মরণীয় করে রাখবে। তাঁর চলে যাওয়া শুধু পরিবার নয়, আইন অঙ্গনেও একটি শূন্যতা তৈরি করেছে।

স্মৃতিচারণের সময় প্রয়াত আইনজীবীর সঙ্গে কাটানো বিভিন্ন স্মৃতি তুলে ধরতে গিয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। সহকর্মীদের কণ্ঠে উঠে আসে তাঁর হাসিমুখ, আন্তরিক ব্যবহার ও সহযোগিতার নানা স্মৃতি। প্রিয় সহকর্মীকে হারানোর বেদনায় স্মরণসভায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

জানা যায়, এডভোকেট নিরোদ কুমার মজুমদার রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৫ সালে আইন বিষয়ে পড়াশোনা শেষ করে সাতক্ষীরা জজ কোর্টে আইন পেশা শুরু করেন। দীর্ঘ প্রায় ৪১ বছর তিনি সিভিল আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন। কর্মজীবনে তিনি সততা, নিষ্ঠা ও পেশাগত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। গত ৩ অক্টোবর দিবাগত রাতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

স্মরণসভায় বক্তারা প্রয়াত এডভোকেট নিরোদ কুমার মজুমদারের আত্মার সদগতি ও পরম শান্তি কামনা করেন। একই সঙ্গে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এমন একটি স্মরণসভা আয়োজনের জন্য এড. আবুল হোসেন এন্ড এসোসিয়েটসের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানের আয়োজকরা জানান, প্রিয় সহকর্মী ও প্রবীণ আইনজীবীর কর্মময় জীবন এবং মানুষের প্রতি তাঁর ভালোবাসা ও সহযোগিতার স্মৃতি ধরে রাখতেই এ আয়োজন।

কলারোয়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৬:১০ অপরাহ্ণ
কলারোয়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা
কলারোয়া প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কলারোয়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা এলজিইডি প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, কলারোয়া থানার তদন্ত কর্মকর্তা (ওসি) হারুন অর-রশিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরশাফ হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আব্দুর রকিব মোল্ল্যা, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর কামারুজ্জামান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, পৌর জামায়াতের আমীর অধ্যাপক ইউনুস আলী বাবু, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিজিবি সদস্যরা।
এছাড়া এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন  উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি হরেন্দ্রনাথ রায়,  বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট, কলারোয়া উপজেলা শাখার সভাপতি প্রকাশ চন্দ্র হালদার, সাধারণ সম্পাদক দেবাশীষ দাস (দেবু), স্বপন কুমার পাল, নিশীত রায় চৌধুরী, প্রদীপ পাল (ঝুনি), চয়ন কুমার কুন্ডু, সরজিত, জয়ন্ত, শম্ভু, রঞ্জিত, দীপক ঘোষ ও অমিত চৌধুরীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। বিভিন্ন পূজামণ্ডপের কমিটির নেতৃবৃন্দ ও সদস্যরা সভায় অংশ নেন।
সভায় দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ পরিবেশে উৎসব সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে পূজামণ্ডপগুলোতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপজেলা প্রশাসন, পুলিশ, বিজিবি, জনপ্রতিনিধি ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, কলারোয়া উপজেলায় এ বছর মোট ৪৬টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপন করা হবে। সবগুলো পূজামণ্ডপ সিসি ক্যামেরায় আওতায় থাকছে বলে জানা যায়।

মেসির বিদায়ে পূর্ণিমা-পরীমণির আবেগঘন বার্তা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৬:০৬ অপরাহ্ণ
মেসির বিদায়ে পূর্ণিমা-পরীমণির আবেগঘন বার্তা

বুধবার (৭ অক্টোবর) আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ফুটবল মহাতারকা লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয়ে এক গোল ও দুটি অ্যাসিস্ট করে জাতীয় দলের হয়ে নিজের শেষ ম্যাচটিকেও স্মরণীয় করে রেখেছেন তিনি।

প্রিয় তারকার বিদায়ের মুহূর্তে বিশ্বের কোটি ভক্তের মতো আবেগে ভেসেছেন বাংলাদেশের শোবিজ তারকারাও।

মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পূর্ণিমা ও পরীমণি। তাদের পোস্টে ফুটে উঠেছে মেসিকে ঘিরে দীর্ঘদিনের ভালোবাসা, অসংখ্য স্মৃতি আর বিদায়ের আবেগ।

মেসিকে নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করে পূর্ণিমা লিখেছেন, ‘জীবনের সব দুঃখ এক পাশে, আর অন্য পাশে মেসিকে হয়তো শেষবারের মতো আর্জেন্টিনার জার্সি গায়ে দেখতে পাওয়ার বেদনা!’

মেসির বিদায়কে একটি যুগের সমাপ্তি হিসেবে দেখেছেন পরীমনি। দীর্ঘ এক আবেগঘন বার্তায় তিনি লেখেন, ‘আজকের এই ম্যাচ শুধু একটা ম্যাচ নয়… আজ একটা যুগের শেষ অধ্যায়।’

মেসিকে ঘিরে নিজের দীর্ঘদিনের স্মৃতিও তুলে ধরেছেন পরীমনি। তিনি বলেন, ‘কত রাত জেগে তার খেলা দেখেছি, কত গোলের পর চিৎকার করেছি, কত হারের পর কেঁদেছি—সবকিছু আজ চোখের সামনে ভেসে উঠছে।’

বিশেষ করে ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ের মুহূর্তটি স্মরণ করেছেন পরীমনি। মেসির হাতে বিশ্বকাপ ট্রফি দেখার সেই আনন্দ কখনও ভুলে যাওয়ার নয় বলেও উল্লেখ করেন তিনি।

সবশেষে পরীমনি লেখেন, ‘বিদায় নয়, লিও, তুমি তো ফুটবলের ইতিহাসে থেকে যাবে। আর্জেন্টিনার জার্সি বদলাবে, প্রজন্ম বদলাবে, কিন্তু ১০ নম্বরের গল্পটা কখনও শেষ হবে না।’