শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৫:৫৬ অপরাহ্ণ
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী

 

আসন্ন জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি তুরস্কের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক হতে পারে বলে জানা গেছে।
সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) ২৩তম বিশেষ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের সাইডলাইনে তুরস্কের পররাষ্ট্র উপমন্ত্রী মুসা কুলাকলিকায়ার সঙ্গে বৈঠকে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

বৃহস্পতিবার অনুষ্ঠিত ওই বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের প্রতিনিধিরা আঞ্চলিক বিভিন্ন পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। একই সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন দুই দেশের প্রতিনিধিরা।

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে গুরুত্ব

বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়। অর্থনীতি, প্রতিরক্ষাসহ বিভিন্ন খাতে বিদ্যমান সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেন উভয় পক্ষের প্রতিনিধিরা।

পাশাপাশি দুই দেশের মধ্যে বিস্তৃত পরিসরে যোগাযোগ ও সহযোগিতা আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। বাংলাদেশ-তুরস্ক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে উভয় পক্ষ অভিন্ন আগ্রহ প্রকাশ করেছে।

কূটনৈতিক সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর তুরস্ক সফরকে সামনে রেখে এরই মধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশ নিয়মিতভাবে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে উচ্চপর্যায়ের প্রতিনিধিত্ব করে আসছে। এবারের কপ-৩১ সম্মেলনেও বাংলাদেশের সরকারপ্রধানের অংশ নেওয়ার কথা রয়েছে।

এরদোগানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা

আঙ্কারার একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, গত জুনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের ঢাকা সফরের সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে তুরস্ক সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়।

সফরকালে সম্মেলনের ফাঁকে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকের বিষয়েও আলোচনা চলছে।

এ ক্ষেত্রে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক হতে পারে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে। বৈঠকটি অনুষ্ঠিত হলে বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে আলোচনা হতে পারে।

বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা সহযোগিতা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সহযোগিতা নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আনতালিয়ায় কপ-৩১

আগামী ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আনতালিয়া শহরে অনুষ্ঠিত হবে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১। এতে বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান, মন্ত্রী, কূটনীতিক এবং জলবায়ু বিশেষজ্ঞসহ সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশ নেবেন।

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর অন্যতম বাংলাদেশ। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ঘূর্ণিঝড়, বন্যা, নদীভাঙন ও লবণাক্ততার মতো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশটি দীর্ঘদিন ধরে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করে আসছে।

কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি, অভিযোজন অর্থায়ন, জলবায়ু তহবিল এবং ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্ব দিতে পারে।

প্রধানমন্ত্রীর তুরস্ক সফর একই সঙ্গে জলবায়ু কূটনীতির পাশাপাশি বাংলাদেশ-তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Ads small one

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৭:৪১ অপরাহ্ণ
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বাংলাদেশের জনগণের কল্যাণে দায়িত্ব পালনে নতুন রাষ্ট্রপতির সাফল্য কামনা করেছেন।

ঢাকার রুশ দূতাবাস জানায়, প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পাঠানো এক অভিনন্দন বার্তায় ভ্লাদিমির পুতিন তাঁর আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান।

পুতিন রাষ্ট্রপতি মির্জা ফখরুলের মঙ্গলকামনা, সুস্বাস্থ্য এবং বাংলাদেশের বন্ধুপ্রতিম জনগণের কল্যাণে তাঁর ভবিষ্যৎ প্রচেষ্টায় সাফল্য কামনা করেন।

রুশ প্রেসিডেন্টের এই অভিনন্দন বার্তায় বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক সহযোগিতাপূর্ণ সম্পর্কের প্রতিফলন ঘটেছে।

ভারতীয় সেনাবাহিনীর বহরে যুক্ত হচ্ছে মার্কিন জ্যাভেলিন ক্ষেপণাস্ত্র

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৭:৩৮ অপরাহ্ণ
ভারতীয় সেনাবাহিনীর বহরে যুক্ত হচ্ছে মার্কিন জ্যাভেলিন ক্ষেপণাস্ত্র

মার্কিন সরকারের ফরেন মিলিটারি সেলস প্রক্রিয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে জ্যাভেলিন অ্যান্টি-ট্যাংক গাইডেড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনতে একটি লেটার অফ অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স (এলওএ) চুক্তি স্বাক্ষর করেছে ভারতীয় সেনাবাহিনী। শুক্রবার (২৮ আগস্ট) ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর বলেন, এই চুক্তিটি একটি প্রতিরক্ষা অংশীদারত্বকে প্রতিফলিত করে, যা আরও গভীর, সক্ষম এবং তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে। ভারতের সংবাদমাধ্যম উইয়ন নিউজ এ খবর জানিয়েছে।

সার্জিও গোর আরও বলেন, জ্যাভেলিন চুক্তি ভারতীয় সেনাবাহিনীর প্রতি মার্কিন সমর্থনের গভীরতা প্রদর্শন করে এবং আমাদের উভয় দেশের প্রতিরক্ষা শিল্পের যৌথভাবে কাজ করার নতুন সুযোগ তৈরি করে। উভয় দেশের প্রতিরক্ষা শিল্প ভিত্তিকে শক্তিশালী করে এমন ভবিষ্যৎ সহযোগিতার অসাধারণ সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি।

মার্কিন পররাষ্ট্র দফতর ভারতীয় সেনাবাহিনীর কাছে আনুমানিক ৪ কোটি ৫৭ লাখ বা ৪৫ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের এই অস্ত্র ব্যবস্থা বিক্রির সম্ভাব্য অনুমোদন দেওয়ার নয় মাস পর চুক্তিটি চূড়ান্ত হলো।

জ্যাভেলিন নামের এই অস্ত্র ব্যবস্থাটি মার্কিন সেনাবাহিনী, মার্কিন মেরিন কোর এবং বেশ কয়েকটি আন্তর্জাতিক ক্রেতা দেশ ব্যবহার করে থাকে। সাঁজোয়া যান থেকে শুরু করে সুদৃঢ় সুরক্ষিত অবস্থান ও বিভিন্ন ধরনের লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য এই সিস্টেমটি তৈরি করা হয়েছে। এটি আরটিএক্স এবং লকহিড মার্টিনের যৌথ অংশীদারত্ব ‘জ্যাভেলিন জয়েন্ট ভেঞ্চার’-এর মাধ্যমে তৈরি করা হয়। দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যে গত বছর ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত ১০ বছর মেয়াদি প্রতিরক্ষা কাঠামোর পথ ধরেই এই পদক্ষেপটি এলো।

ভারতে মার্কিন দূতাবাস জানিয়েছে, এই যুগান্তকারী স্বাক্ষরটি ভারতীয় সেনাবাহিনীর প্রতি চলমান মার্কিন সমর্থনের গভীরতা প্রদর্শন করে মার্কিন-ভারত প্রধান প্রতিরক্ষা অংশীদারত্বকে আরও জোরদার করবে। এটি পারস্পরিক লাভজনক যৌথ উৎপাদন এবং উভয় দেশের প্রতিরক্ষা শিল্প ভিত্তিকে শক্তিশালী করার জন্য অতিরিক্ত সুযোগের বিষয়ে আলোচনার পথ খুলে দেবে।

তালায় আজিবার হত্যা চেষ্টার মামলায় ৩ জন গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৭:৩৭ অপরাহ্ণ
তালায় আজিবার হত্যা চেষ্টার মামলায় ৩ জন গ্রেপ্তার

খলিষখালী (পাটকেলঘাটা) প্রতিনিধি: সাতক্ষীরা তালার খলিষখালী ইউনিয়নের আজিবার হত্যা চেষ্টার অভিযোগে গতকাল গভীর রাতে পুলিশ তিনজনকে আটক করেছে।

আটককৃতরা হলেন তালার এনায়েতপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের পুত্র সবুজ শেখ, দূধলী গ্রামের মৃত আমজেদ গাজীর পুত্র সেলিম গাজী এবং দুধলী চর গ্রামের চায়ের দোকানদার সাজু।

উল্লেখ্য গত এক সপ্তাহ আগে খলিশখালী ইউনিয়নের হাসখালী এলাকার একটি মৎস্য ঘেরে টিকরামপুর গ্রামের আজিবার ও রানাকে দুর্বৃত্তরা দা দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে। এ সময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

ঘটনার তিনদিন পর আহত আজিবর রহমানের স্ত্রী খাদিজা বেগম বাদি হয়ে পাটকেলঘাটা থানায় একটি মামলা দায়ের করে।

উক্ত মামলায় পুলিশ তিনজন কারো আটক করে কোটে প্রেরণ করে।