মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

কয়রায় আইনশৃঙ্খলা কমিটির সভা: জননিরাপত্তায় জিরো টলারেন্সের ঘোষণা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ১২:১০ পূর্বাহ্ণ
কয়রায় আইনশৃঙ্খলা কমিটির সভা: জননিরাপত্তায় জিরো টলারেন্সের ঘোষণা

 

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) বিকেল তিনটায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমনে প্রশাসনের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল্লাহ আল বাকীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মাদক, চোরাচালান ও যেকোনো ধরনের অপতৎপরতার বিরুদ্ধে প্রশাসনকে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের নির্দেশ দেন তিনি।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি সুন্দরবন সংলগ্ন এলাকায় বনজ সম্পদ রক্ষা এবং উপকূলীয় নিরাপত্তার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বক্তব্য দেন কয়রা থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহ আলম, উপজেলা কৃষি কর্মকর্তা তীলক কুমার ঘোষ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সুজিত কুমার বৈদ্য এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ।
এছাড়া স্থানীয় রাজনৈতিক নেতৃত্বের মধ্যে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব নুরুল আমিন বাবুল ও জেলা বিএনপি নেতা এম এ হাসান।
সভায় জনগুরুত্বপূর্ণ বিভিন্ন সংস্থার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুতের ডিজিএম মো. মাহফুজুর রহমান খান, আংটিহারা কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো. আরিফুর রহমান এবং বনবিভাগের কাশিয়াবাদ ও বানিয়াখালি স্টেশনের কর্মকর্তারা।
জনপ্রতিনিধিদের পক্ষ থেকে উত্তর বেদকাশি ইউপি চেয়ারম্যান মো. আবদুল্লাহ-আল মাহমুদ, আব্দুস সামাদ ও এসএম লুৎফর রহমান নিজ নিজ এলাকার আইনশৃঙ্খলার চিত্র তুলে ধরেন। সভায় কয়রা প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও সরকারি সম্পদ রক্ষায় নিয়মিত তদারকি এবং অভিযান অব্যাহত থাকবে।

Ads small one

পাটকেলঘাটায় ইসলামী আন্দোলনের ১৭ সদস্যের কমিটি গঠন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৬ অপরাহ্ণ
পাটকেলঘাটায় ইসলামী আন্দোলনের ১৭ সদস্যের কমিটি গঠন

পাটকেলঘাটা প্রতিনিধি: ইসলামী আন্দোলন বাংলাদেশ পাটকেলঘাটা থানা শাখার নতুন কমিটি গঠিত হয়েছে। ১৭ সদস্যবিশিষ্ট এই কমিটিতে মোহাম্মদ নাজিম উদ্দিনকে সভাপতি, মো. তুহিন হোসেনকে সহসভাপতি এবং মোহাম্মদ রবিউল ইসলামকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।
মঙ্গলবার বিকেলে পাটকেলঘাটা থানা শাখার ইসলামী আন্দোলনের কার্যালয়ে এ কমিটি গঠন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পাটকেলঘাটা থানা শাখার ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনটির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মুহাদ্দীস মোস্তফা শামসুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলনের সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ খাইরুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হক, পাটকেলঘাটা থানা শাখার মাওলানা মুফতি মইনুদ্দিন বুখারী ও ইসলামী যুব আন্দোলনের পাটকেলঘাটা থানা শাখার সভাপতি আব্দুল আলিম।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সমাজে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোলন কাজ করে যাচ্ছে। মানুষের পাশে থাকার এই ধারাবাহিকতা বজায় থাকবে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে নতুন কমিটি ঘোষণা করা হয়। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন মাওলানা রবিউল ইসলাম।

কলারোয়ায় সাংবাদিকের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৪ অপরাহ্ণ
কলারোয়ায় সাংবাদিকের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ

পত্রদূত ডেস্ক: কলারোয়ায় এক সাংবাদিকের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি ও তাঁকে লাঞ্ছিত করার চেষ্টার অভিযোগ উঠেছে প্রদীপ দে ওরফে গপা ডাক্তার নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী সাংবাদিক।
অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে দৈনিক পত্রদূত ও সংবাদ পত্রিকার কলারোয়া প্রতিনিধি আব্দুর রহমান জয়নগর ইউনিয়নের সরসকাটি বাজারের ‘দিশা ফার্মেসী’তে যান। সেখানে তিনি ফার্মেসির মালিক ও জয়নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মজিদের সঙ্গে ব্যক্তিগত বিষয়ে কথা বলছিলেন। এ সময় ক্ষেত্রপাড়া গ্রামের প্রদীপ দে ফার্মেসিতে প্রবেশ করে সাংবাদিক আব্দুর রহমানকে উদ্দেশ্য করে কটু মন্তব্য করতে থাকেন।
একপর্যায়ে প্রদীপ দে দাবি করেন, পুলিশে তাঁর আটকের ঘটনায় বিপুল টাকা খরচ হয়েছে এবং বাজারে আসতে হলে সাংবাদিক আব্দুর রহমানকে ৫০ হাজার টাকা দিতে হবে। এ সময় তিনি ওই সাংবাদিককে লাঞ্ছিত করার চেষ্টা করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে জয়নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বলেন, প্রদীপ দে ওরফে গপা ডাক্তারের এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তবে অভিযোগের বিষয়ে কথা বলতে প্রদীপ দের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

আশাশুনিতে ৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৩ অপরাহ্ণ
আশাশুনিতে ৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে ৩০ পিস ইয়াবাসহ হাফিজুল গাজী (৪১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আশাশুনি থানা পুলিশ জানায়, ফকরাবাদ গ্রামের আব্দুল লতিফ গাজীর ছেলে হাফিজুল গাজীর বাড়িতে তল্লাশি চালিয়ে একটি কৌটার ভেতর থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আরিফ জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আশাশুনি, তালা ও সাতক্ষীরা সদর থানায় আগে থেকেই পাঁচটি মামলা রয়েছে। বুধবার সকালে তাঁকে বিচারকের মাধ্যমে আদালতে পাঠানো হবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় থাকবে বলে জানান তিনি।