কলারোয়ায় বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী উদযাপন
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের ৫২৫২ তম আবির্ভাব তিথি ও সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জন্মাষ্টমী উৎসব উদযাপিত হয়েছে। শুক্রবার সকালে কলারোয়া হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ ও উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে কলারোয়া পৌরসভার তুলসীডাঙ্গা গোয়ালঘাটা সার্বজনীন পূজাম-প প্রাঙ্গণে জন্মাষ্টমী উৎসব-১৪৩৩ উপলক্ষে ভজন-কীর্তন, ভক্তিগীতি, ভাগবত পাঠ, আলোচনা সভা ও পৌরাণিক নাটিকার আয়োজন করা হয়।
উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্রী হরেন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম, কলারোয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অধ্যক্ষ রইছ উদ্দীন।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রী সিদ্ধেশ্বর চক্রবর্তী, কলারোয়া পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শ্রী সন্তোষ কুমার পাল, জন্মাষ্টমী উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক শ্রী নিরাঞ্জন কুমার ঘোষ এবং সদস্য সচিব শ্রী দিলীপ অধিকারী।
আয়োজকরা জানান, শ্রীকৃষ্ণের আদর্শ, ধর্মীয় মূল্যবোধ ও মানবকল্যাণের বার্তা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি শান্তি, সম্প্রীতি ও সকল জীবের মঙ্গল কামনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করবেন শ্রী সন্দীপ রায়। এদিকে একইভাবে কলারোয়া হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আয়োজনে তুলসীডাঙ্গা কালীমাতা মন্দিরে (মায়ের বাড়ি) জন্মাষ্টমী উদযাপন করা হয়।









