কলারোয়ায় বিদ্যালয়ের দোকানঘর ভাঙচুরের অভিযোগ
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ার কামারালী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের জমি দখলের উদ্দেশ্যে নির্মিত একটি দোকানঘর ভাঙচুর করার অভিযোগ উঠেছে। গত শুক্রবার ভোরে কামারালী গ্রামের আব্দুল্লাহ সানা ও মানিকনগর গ্রামের জিয়াদ আলীর নেতৃত্বে কয়েকজন এ ভাঙচুর চালায় বলে অভিযোগে জানা যায়। এ ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার কলারোয়া থানায় একটি এজাহার দায়ের করেছেন।
এজাহারের সূত্রে জানা যায়, কামারালী বহুমুখী উচ্চ বিদ্যালয় ১০ শতক জমি ১৯৮১ সালে রেজিস্ট্রি ও রেকর্ডভুক্ত করে ভোগদখল করে আসছে। তবে গত কয়েক বছর ধরে মানিকনগর গ্রামের মৃত ইউসুফ আলী খার ছেলে জিহাদ আলী ওই জমিটি দাবি করে সাতক্ষীরা আদালতে মামলা করেন। বিজ্ঞ আদালত শুনানি শেষে জমিটির ওপর স্থিতিবস্থা জারি করেন। তা সত্ত্বেও শুক্রবার ভোরে আব্দুল্লাহ সানা ও জিহাদ আলীর নেতৃত্বে দোকানটি ভাঙচুর এবং আসবাবপত্র ও নগদ ৮৫ হাজার টাকা লুট করা হয় বলে প্রধান শিক্ষক অভিযোগ করেন।
প্রধান শিক্ষক উল্লেখ করেন, জমিটি বেদখল হলে কোমলমতি শিক্ষার্থীদের খেলাধুলা ও শিক্ষার পরিবেশ চরমভাবে ব্যাহত হবে। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন জানান, এ বিষয়ে একটি লিখিত এজাহার পাওয়া গেছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।









