কোরবানির চামড়া সংরক্ষণ ও বাজারজাতকরণে প্রশিক্ষণ সভা
সংবাদদাতা: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানি পশুর চামড়া সঠিক উপায়ে সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ, সরকার নির্ধারিত লবণের সুষম ব্যবহার এবং এর সঠিক বাজারজাতকরণ নিশ্চিত করতে সাতক্ষীরায় এক প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ মে) বিকেলে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোছা. কাউসার আজিজের সভাপতিত্বে সভায় চামড়ার গুণগত মান বজায় রাখা এবং মাঠপর্যায়ে এর ন্যায্যমূল্য নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মইনুল ইসলাম মইন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহিনুর চৌধুরী, সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আসাদুজ্জামান এবং সাতক্ষীরা বিসিকের ব্যবস্থাপক গৌরব দাশ।
এ ছাড়া সহকারী কমিশনার নাফিউল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্তসহ চামড়া শিল্পসংশ্লিষ্ট ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তারা সভায় অংশ নেন। বক্তারা বলেন, কোরবানি পশু জবাইয়ের পর দ্রুত ও সঠিক নিয়মে লবণ প্রয়োগ না করলে চামড়া নষ্ট হয়ে যায়। তাই এবার মাঠপর্যায়ে চামড়া সংরক্ষণ ব্যবস্থার ওপর বিশেষ নজরদারি রাখা হবে।












