সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদর দফতর

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১০:১৬ অপরাহ্ণ
‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদর দফতর

‘ক্রসফায়ার’ নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছে পুলিশ সদর দফতর। সোমবার (২৬ অক্টোবর) এক স্পষ্টীকরণে সদর দফতর জানিয়েছে, আইজিপি আইন প্রয়োগের কঠোরতা বোঝাতে গিয়ে ‘ক্রসফায়ার’ শব্দটি আক্ষরিক অর্থে উল্লেখ করেছেন। তিনি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা বিচারিক প্রক্রিয়ার বাইরে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে শব্দটি ব্যবহার করেননি বলেও দাবি করেছে পুলিশ সদর দফতর।

সোমবার (২৬ অক্টোবর) সকালে রাজধানীর চকবাজারে কমিউনিটি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং শাখা উদ্বোধন অনুষ্ঠানে আইজিপির বক্তব্যে ‘ক্রসফায়ার’ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন সংবাদ ও শিরোনামের বিষয়ে পুলিশ সদর দফতরের দৃষ্টি আকৃষ্ট হয়। জনমনে বিভ্রান্তি নিরসনে এ স্পষ্টীকরণ দেওয়া হয়েছে বলে জানানো হয়।

পুলিশ সদর দফতরের বক্তব্য অনুযায়ী, আইজিপি তার বক্তব্যে মাদক কারবারি, সন্ত্রাসী, চাঁদাবাজ এবং জননিরাপত্তার জন্য হুমকি সৃষ্টিকারী অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে পুলিশের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন।

স্পষ্টীকরণে বলা হয়, বাংলাদেশ পুলিশ রাষ্ট্রের প্রধান আইন প্রয়োগকারী সংস্থা। অপরাধ দমন, অপরাধী গ্রেফতার, জনশৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের অন্যতম মৌলিক দায়িত্ব। এসব দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের কখনও অপরাধী, সংঘবদ্ধ হামলাকারী কিংবা আইন অমান্যকারী ব্যক্তিদের সরাসরি প্রতিরোধ ও আক্রমণের মুখোমুখি হতে হয়।

পুলিশ সদর দফতর জানায়, দেশের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধী গ্রেফতার, অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ এবং সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে চলতি বছরের প্রথম ১০ মাসে পুলিশের ওপর ১৭৬টি হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় চারজন পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন এবং ৩৭০ জন গুরুতর আহত হয়েছেন।

দেশের প্রচলিত আইন, বিশেষ করে দণ্ডবিধি-১৮৬০, ফৌজদারি কার্যবিধি-১৮৯৮ এবং পুলিশ অ্যাক্ট-১৮৬১-এ পুলিশের আত্মরক্ষার অধিকারের কথা বলা রয়েছে বলেও স্পষ্টীকরণে উল্লেখ করা হয়।

এদিকে, একই অনুষ্ঠানে সাংবাদিকদের সম্পর্কে আইজিপির মন্তব্য নিয়েও বিভ্রান্তি তৈরি হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দফতর। এ বিষয়ে স্পষ্টীকরণে বলা হয়, ‘প্রকৃত অর্থে তিনি সাংবাদিকদের সম্পর্কে ঢালাও কোনও মন্তব্য করতে চাননি, এটি অসাবধানতাবশত হয়েছে।’

উল্লেখ্য, সোমবার চকবাজারে কমিউনিটি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং সেবা চালুর অনুষ্ঠানে আইজিপি বলেছিলেন, ‘আমরা লাঠিপেটা করলে বলবেন ফ্যাসিস্ট পুলিশ। আর আমরা যদি নীরব থাকি তাহলে বলবেন দুর্বল পুলিশ। তাহলে আমাকে তো কাজ করার পরিবেশ দিতে হবে। এমপাওয়ার করতে হবে।’ একই বক্তব্যে তিনি সরকার অনুমোদন দিলে প্রয়োজনে ‘ক্রসফায়ার’ করার কথাও বলেন।

আইজিপির ওই বক্তব্যের পর হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) উদ্বেগ ও নিন্দা জানায়। সংস্থাটি সরকারের কাছে বক্তব্যের স্পষ্ট ব্যাখ্যা দাবি করে এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করার আহ্বান জানায়।

অন্যদিকে, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আইজিপির বক্তব্যের নিন্দা জানিয়ে তা প্রত্যাহার, তার জবাবদিহি এবং বিচারবহির্ভূত হত্যার বিরুদ্ধে সরকারের ঘোষিত অবস্থানের পরিপন্থি বক্তব্যের বিষয়ে জবাবদিহি নিশ্চিত করার দাবি জানায়।

পুলিশ সদর দফতর স্পষ্টীকরণে বলেছে, বাংলাদেশ পুলিশ মানবাধিকার সমুন্নত রেখে জনগণের জানমাল রক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় পেশাদারত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ।

Ads small one

ভবানীপুরে বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ করলেন রমজান আলী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:১৪ অপরাহ্ণ
ভবানীপুরে বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ করলেন রমজান আলী

সংবাদদাতা: সাতক্ষীরা সদর উপজেলার ১ নম্বর বাঁশদহা ইউনিয়নের ভবানীপুর মোড় এলাকায় বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ ও দোয়া চেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা রমজান আলী।

সোমবার আসরের নামাজের পর তিনি এলাকার বিভিন্ন বাড়িতে যান এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এ সময় তিনি বাসিন্দাদের খোঁজখবর নেন, বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন এবং সবার কাছে দোয়া চান।

শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময়

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:১১ অপরাহ্ণ
শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময়

সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন, অধিকার সুরক্ষা ও সরকারি সেবায় সহজ প্রবেশাধিকার নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় শ্যামনগর অফিসার্স ক্লাবে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। ‘নাগরিক উদ্যোগ’-এর বাস্তবায়নে এবং ‘জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থা’র সহযোগিতায় সভাটি অনুষ্ঠিত হয়। ‘ফাউন্ডেশন ফর এ জাস্ট সোসাইটি’র অর্থায়নে পরিচালিত দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষা এবং মৌলিক সেবায় প্রবেশাধিকার বৃদ্ধিবিষয়ক প্রকল্পের আওতায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক অষ্টমী মালো।
সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম ও উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী (ফিল্ড অর্গানাইজার) বিশ্বজিৎ ম-ল। এ ছাড়া বক্তব্য দেন দিশারী প্রতিবন্ধী যুব উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক বিকাশ কুমার ম-ল এবং নাগরিক উদ্যোগের প্রকল্প কর্মকর্তা চিরনজিত কুমার মালো।
বক্তারা উল্লেখ করেন, দলিত জনগোষ্ঠীরÑবিশেষ করে নারী ও কিশোরীদেরÑঅধিকার সুরক্ষা এবং মৌলিক সেবা নিশ্চিত করতে সরকারি দপ্তর, স্থানীয় প্রশাসন ও বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করা জরুরি।

সরুলিয়ায় জাসাস নেতা শেখ জিল্লুর রহমানের গণসংযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:০৯ অপরাহ্ণ
সরুলিয়ায় জাসাস নেতা শেখ জিল্লুর রহমানের গণসংযোগ

নিজস্ব প্রতিনিধি: তালা উপজেলার সরুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও বিএনপির মনোনয়নপ্রত্যাশী জেলা জাসাসের আহ্বায়ক শেখ জিল্লুর রহমান গণসংযোগ করেছেন।

সোমবার সন্ধ্যা ছয়টার দিকে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বড়বিলা এলাকায় তিনি এ গণসংযোগ ও পথসভা করেন। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার উন্নয়নে নিজের পরিকল্পনা তুলে ধরেন।
পথসভায় শেখ জিল্লুর রহমান বলেন, জনগণের সুখে-দুঃখে পাশে থেকে সরুলিয়া ইউনিয়নকে আধুনিক ও বৈষম্যহীন মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলা তাঁর মূল লক্ষ্য।

গণসংযোগে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিএনপি, জাসাস ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ সমর্থকেরা উপস্থিত ছিলেন।