সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

স্ত্রী-মেয়ে কবর খুঁড়ে মুক্তিযোদ্ধার দাফনের ঘটনা তদন্তে কমিটি হবে: মন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১০:৪৪ অপরাহ্ণ
স্ত্রী-মেয়ে কবর খুঁড়ে মুক্তিযোদ্ধার দাফনের ঘটনা তদন্তে কমিটি হবে: মন্ত্রী

পিরোজপুরে স্ত্রী ও মেয়ে কবর খুঁড়ে এক মুক্তিযোদ্ধার মরদেহ দাফনের ঘটনা তদন্তে কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

আহমেদ আযম খান বলেন, “আমি আমার দফতরে গিয়ে আজই খোঁজ নেবো। পিরোজপুরে আমাদের যে মুক্তিযোদ্ধা সংসদ আছে, তাদের সঙ্গেও কথা বলবো। এ ধরনের ঘটনা তদন্তে কমিটি করবো এবং তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবো।”

তিনি বলেন, “মনে রাখতে হবে দেশটা স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশ। এখানে মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নেওয়ার কোনও সুযোগ থাকবে না।”

একজন মুক্তিযোদ্ধার সঙ্গে এমন আচরণের বিষয়টি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে যথাযথভাবে জানানো হয়নি উল্লেখ করে মন্ত্রী বলেন, “বিষয়টি জানানো হলে মন্ত্রণালয় আগেই তা নজরে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারতো।”

তিনি বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষের মধ্যে কিছু মানুষ মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। সেই শক্তি এখনও দেশে রয়েছে বলে তিনি মনে করেন। তারা বিভিন্ন কৌশলে নিজেদের অবস্থান তুলে ধরার চেষ্টা করছে এবং সুযোগ পেলে মুক্তিযুদ্ধকে খাটো করে বিভিন্ন আন্দোলনকে ‘দ্বিতীয় স্বাধীনতা’ হিসেবে উপস্থাপনের চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।

আহমেদ আযম খান বলেন, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে যেকোনও ষড়যন্ত্র প্রতিহত করতে মন্ত্রণালয় কাজ করছে। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় তারা সবসময় প্রস্তুত রয়েছেন।

Ads small one

নিজেকে শেষ করো দিল স্কুলছাত্রী, বিয়ের কাবিননামা আটকে রেখে টাকা দাবির অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৬ অপরাহ্ণ
নিজেকে শেষ করো দিল স্কুলছাত্রী, বিয়ের কাবিননামা আটকে রেখে টাকা দাবির অভিযোগ

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার কুলিয়া ইউনিয়নের গুনাকরকাটি গ্রামে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা এবং কাবিননামা আটকে রেখে টাকা দাবির অভিযোগের মধ্যে এক স্কুলছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। পরিবারের অভিযোগ, প্রেমিক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের অবহেলা ও হুমকির কারণে মানসিকভাবে ভেঙে পড়ে আত্মহত্যার পথ বেছে নেয় সেতু আক্তার বন্যা।

পারিবারিক সূত্রে জানা যায়, বন্যার সঙ্গে একই এলাকার মৃত সেলিম হোসেনের ছেলে ইমরান হোসেনের প্রেমের সম্পর্ক ছিল। অভিযোগ রয়েছে, বাবুল হোসেনসহ কয়েকজনের সহযোগিতায় গোপনে তাঁদের বিয়ে হয়। বিয়ের কাবিননামা বাবুল নিজের কাছে রেখে দেন। পরে ইমরান বন্যাকে স্ত্রী হিসেবে ঘরে তুলতে অস্বীকৃতি জানান। বন্যা ও তাঁর মা রেহেনা খাতুন কাবিননামা ফেরত চাইলে দুই লাখ টাকা দাবি করা হয় বলে অভিযোগ। টাকা না দিলে কাবিননামা দেওয়া হবে না জানিয়ে তাঁদের প্রাণনাশের হুমকি দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ারও অভিযোগ ওঠে।

পরিবারের দাবি, বিষয়টি ইমরান ও তাঁর স্বজনদের জানানো হলেও বন্যাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানান তাঁরা। শনিবার রাত ৯টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে বিষপান করে বন্যা। তাঁকে দ্রুত সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে তাঁর মৃত্যু হয়।
বন্যার বাবা আনিসুর রহমান জানান, মৃত্যুর আগে মেয়ে তাঁকে বলেছিল, সবাই মিলে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তিনি যেন এ ঘটনার বিচার চান।

পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়। সোমবার ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বাদ মাগরিব জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বন্যাকে দাফন করা হয়। এ ঘটনায় আশাশুনি থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছিল।

অভিযুক্ত ইমরান হোসেনের বক্তব্য জানতে যোগাযোগ করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

পাটকেলঘাটায় গৃহবধূ সাথী পারভীন নিখোঁজ ১৬ দিন, সন্ধান মেলেনি এখনো

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৩ অপরাহ্ণ
পাটকেলঘাটায় গৃহবধূ সাথী পারভীন নিখোঁজ ১৬ দিন, সন্ধান মেলেনি এখনো

 

এম এম জামান মনি, পাটকেলঘাটা: পাটকেলঘাটার পাঁচপাড়া কারিগরপাড়ার সাথী পারভীন (৩০) নামের এক গৃহবধূ নিখোঁজ হওয়ার ১৬ দিনেও তাঁর সন্ধান মেলেনি। চিকিৎসকের কাছে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি। এ ঘটনায় তাঁর স্বামী আব্দুল আলিম পাটকেলঘাটা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ অক্টোবর দুপুরে চিকিৎসক দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন সাথী পারভীন। রাতে বাড়ি না ফেরায় তাঁর স্বামী খোঁজাখুঁজি শুরু করেন। আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। পরিবারের দাবি, তাঁর মুঠোফোনও বন্ধ রয়েছে।
নিখোঁজ সাথী পারভীনের ১০ বছর বয়সী একটি মেয়ে ও চার বছর বয়সী একটি ছেলে রয়েছে। মায়ের জন্য দুই শিশু কান্নাকাটি করছে বলে জানিয়েছেন তাদের বাবা আব্দুল আলিম।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, এ ঘটনায় গত ১২ অক্টোবর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিট পুলিশ কর্মকর্তা অনুসন্ধান চালাচ্ছেন। নিখোঁজ নারীর সন্ধান এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

সাতক্ষীরায় আইনজীবীদের কর্মসূচি ঘোষণা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:২৫ অপরাহ্ণ
সাতক্ষীরায় আইনজীবীদের কর্মসূচি ঘোষণা

পত্রদূত রিপোর্ট: সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিপন বিশ্বাসের বিরুদ্ধে আইনজীবীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগের বিষয়ে আলোচনা করেছে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এ ঘটনার প্রতিবাদ জানাতে আগামী ২৮ অক্টোবর মানববন্ধন এবং জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।

সোমবার দুপুরে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির লাইব্রেরি হলরুমে আয়োজিত আলোচনা সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক আইনজীবী মো. আকবর আলী। সঞ্চালনা করেন সংগঠনের সদস্যসচিব আইনজীবী মো. নুরুল আমিন।
সভায় বক্তারা অভিযোগ করেন, গত ১৯ অক্টোবর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলার আদেশকে কেন্দ্র করে সিনিয়র আইনজীবী মো. আকরাম আলী ও আইনজীবী সমিতির সদস্যসচিব আলহাজ মো. নুরুল আমিনের সঙ্গে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিপন বিশ্বাস অসৌজন্যমূলক আচরণ করেন। এতে আইনজীবীদের পেশাগত মর্যাদা ক্ষুণœ হয়েছে বলে দাবি করেন তাঁরা। বক্তারা বলেন, আইনজীবীদের সঙ্গে কোনো বিষয়ে মতপার্থক্য দেখা দিলে তা আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে পারস্পরিক শ্রদ্ধা ও সৌজন্য বজায় রাখাও জরুরি।
সভায় উপস্থিত আইনজীবীরা ঘটনার সুষ্ঠু পর্যালোচনা ও যথাযথ সমাধানের ওপর গুরুত্ব দেন। এ বিষয়ে নিজেদের অবস্থান জানাতে আগামী ২৮ অক্টোবর সকাল সাড়ে ১০টায় মানববন্ধন এবং জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন আইনজীবী এবিএম সেলিম, আইনজীবী শহীদ হাসান, আইনজীবী আবু সাঈদ রাজা, আইনজীবী শাহরিয়ার হাসিব, আইনজীবী জি এম ফিরোজ আহমেদ, আইনজীবী মিজানুর রহমান বাপ্পি, আইনজীবী ওলিউল্লাহ, আইনজীবী সিরাজুল ইসলাম, আইনজীবী সোহরাব হোসেন বাবলু ও আইনজীবী সরদার সাইফসহ সংগঠনের নেতারা।
অভিযোগের বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিপন বিশ্বাস জানান, ভিপি ‘ল’ ইয়ার আইনজীবী নুরুল আমিনের বিরুদ্ধে সরকারের স্বার্থপরিপন্থী কাজের অভিযোগে আইন মন্ত্রণালয়ে পত্র পাঠানোয় তিনি ক্ষুব্ধ হয়েছেন বলে মনে করেন তিনি। তবে আইনজীবীদের সঙ্গে তিনি কোনো ধরনের খারাপ আচরণ করেননি বলে দাবি করেন রিপন বিশ্বাস। এ বিষয়ে তাঁদের কথোপকথনের ভিডিও সংরক্ষিত রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।