খুলনার ১০ জেলায় তিন মাসে ১০১ বাল্যবিবাহ বন্ধ
নিজস্ব প্রতিনিধি: খুলনায় শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন এবং বাল্যবিবাহ প্রতিরোধে পৃথক বিভাগীয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এসব সভা অনুষ্ঠিত হয়।
বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতিসভায় আগামী ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের কর্মসূচি নির্ধারণ করা হয়।
কর্মসূচির মধ্যে রয়েছে ১৪ ডিসেম্বর সকাল সোয়া ৭টায় গল্লামারী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও বিশেষ প্রার্থনা। ১৬ ডিসেম্বর প্রত্যুষে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন, সকাল ৯টায় জেলা স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। এ ছাড়া বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, তিন দিনব্যাপী চারু ও কারুশিল্প মেলা, প্রীতি ফুটবল প্রতিযোগিতা এবং মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন থাকবে।
সভায় বিভাগীয় কমিশনার জাতীয় পতাকার সঠিক মাপ ও ব্যবহারের বিষয়ে প্রচার-প্রচারণা চালানোর ওপর গুরুত্বারোপ করেন।
অন্যদিকে, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো. মনজুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত বাল্যবিবাহ প্রতিরোধবিষয়ক সভায় জানানো হয়, গত তিন মাসে খুলনা বিভাগের ১০ জেলায় ১০১টি বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। এ সময়ে ৪১৮টি উঠান বৈঠক, স্কুল পর্যায়ে ৩২টি সচেতনতামূলক অনুষ্ঠান এবং ১৩টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।
সভাপতি বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলা, অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন। এ ক্ষেত্রে ইমাম, নোটারি পাবলিক ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সহযোগিতা কামনা করেন।
এদিকে, পৃথক এক তথ্যবিবরণীতে জানানো হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২ ডিসেম্বর কুষ্টিয়ার সদর উপজেলার জিয়ারখি ও কমলাপুর ব্লকের ২ হাজার ৮৫০ জন কৃষকের মধ্যে কৃষক কার্ড বিতরণ করবেন। একই সঙ্গে প্রত্যেক কৃষককে ২ হাজার ৫০০ টাকা করে মোট ৭১ লাখ ২৫ হাজার টাকা কৃষি উপকরণ ভাতা দেওয়া হবে।
বিভাগীয় প্রস্তুতিসভায় খুলনা বিভাগের ১০ জেলার জেলা প্রশাসকেরা অনলাইনে যুক্ত ছিলেন। এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।







প্রকাশ ঘোষ বিধান




