শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

গল্প: বুড়িভদ্রার ওপারে

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ণ
গল্প: বুড়িভদ্রার ওপারে

 

সৌহার্দ সিরাজ
বুড়িভদ্রা খুব বড় নদী নয়। বর্ষাকালে তার বুক কিছুটা ফুলে ওঠে, শীতকালে দুই পাড়ের মাটি যেন পরস্পরের দিকে এগিয়ে আসে। তবু নদীটির একটা নিজস্ব অহংকার আছে। এখনো তার বুকে স্রোত বয়ে যায়। সেই স্রোত কেটে প্রতিদিন খেয়ানৌকা এপার-ওপার করে। মানুষের প্রয়োজন নদীর চেয়েও শক্তিশালী। তাই নদী যতই বাধা হয়ে দাঁড়াক, মানুষ তাকে পার হওয়ার পথ ঠিকই খুঁজে নেয়।
নদীটি পূর্ব-পশ্চিমে বয়ে গেছে। উত্তর পারে ভট্টখালি গ্রাম, দক্ষিণ পারে বিলাসপুর। ভট্টখালিতে খোকনের নানার বাড়ি। দক্ষিণ পারে তাদের নিজেদের গ্রাম। মাঝখানে বুড়িভদ্রা। নদীর দুই পারে দুটি গ্রাম, অথচ মানুষের সম্পর্কের মধ্যে কত দূরত্ব!
খোকন ছোটবেলা থেকেই এই নদী দেখে আসছে। কখনো বাবার সঙ্গে, কখনো একা, কখনো নানার বাড়ি যাওয়ার জন্য খেয়ায় চড়েছে। নদীর পানি, ঢেউ, কাশবন, দুই পাড়ের গাছপালাÑসবই তার চেনা। কিন্তু নদীর ওপারের মানুষগুলো যে একদিন তার নিজের জীবনের এত বড় একটি ঘটনার সঙ্গে জড়িয়ে যাবে, তা সে কোনোদিন ভাবেনি।
খোকনের বাবা দবির গাজী। দাদা জয়নাল গাজী। বংশপরিচয়ে গাজী হলেও তাদের সংসারে গৌরব করার মতো তেমন কিছু নেই। অভাব তাদের নিত্যসঙ্গী। দারিদ্র্য যেন তাদের ঘরের দরজায় স্থায়ীভাবে বসবাস করে। সংসারে অভাবের শেষ নেই, অথচ চাহিদারও কোনো বিলাসিতা নেই। দুবেলা দুমুঠো ভাত, পরনের কাপড় আর মাথা গোঁজার একটা ঘরÑএইটুকুই তাদের স্বপ্ন।
দবির গাজীর বিলে তিন বিঘা জমি আছে। জমিটুকু তার বাবার আমলের। এই জমিই তাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। কিন্তু জমির একটা বড় সমস্যা আছে। নোনা পানি। বর্ষায় পানি জমে, শুকনো মৌসুমে মাটির লবণাক্ততা বেড়ে যায়। ধান চাষ করতে গিয়ে দবির গাজীকে প্রতিবারই প্রকৃতির সঙ্গে লড়াই করতে হয়। কখনো বীজ নষ্ট হয়, কখনো চারা মরে যায়, কখনো ধানের শিষে দানা ধরে না।
তবু জমি ছেড়ে দেওয়ার কথা দবির ভাবতে পারে না।
জমি শুধু জমি নয়। তার কাছে জমি মানে বাপ-দাদার স্মৃতি, নিজের পরিচয়, বেঁচে থাকার শেষ আশ্রয়। জমি না থাকলে সে কী করবে? কার কাছে যাবে? মানুষের কাছে হাত পাতবে, নাকি অন্যের জমিতে কামলা খাটবে?
তিন বিঘা জমির ফসল দিয়ে সারা বছর সংসার চলে না। তাই প্রতিবছরই চাষের মৌসুমে তাকে দাদন নিতে হয়। শালা-সম্বন্ধীদের কাছ থেকে টাকা ধার করে। তারা কেউ তার শ্বশুরবাড়ির আত্মীয়, কেউ স্ত্রীর ভাই, কেউ দূরসম্পর্কের আত্মীয়। আত্মীয়তার সুবাদে টাকা পাওয়া যায়, কিন্তু সেই টাকার সঙ্গে জড়িয়ে থাকে অদৃশ্য শর্ত। দবির গাজী জানে, এই টাকা দান নয়। দাদন। ফসল উঠলে ধান দিয়ে, কখনো নগদ টাকা দিয়ে শোধ করতে হবে। কিন্তু হিসাবটা সব সময় তার অনুকূলে থাকে না।
বছরের পর বছর এমনই চলছে। এক বছর ফসল কম হলে পরের বছর নতুন করে টাকা নিতে হয়। পুরোনো দেনার সঙ্গে নতুন দেনা যুক্ত হয়। সুদের হিসাব বাড়তে থাকে। কখনো দবির হিসাব বুঝতে পারে না। কত টাকা নিয়েছিল, কত টাকা শোধ করেছে, আর কত টাকা বাকিÑসব মিলিয়ে একটা জটিল অঙ্ক।
সে শুধু জানে, তার দেনা আছে। দেনা মানুষের আত্মবিশ্বাস কেড়ে নেয়। দবির গাজীরও নিয়েছে। আত্মীয়দের বাড়িতে গেলে সে আর আগের মতো স্বাভাবিকভাবে বসতে পারে না। কথা বলার সময় চোখ নিচু হয়ে আসে। কেউ একটু কঠিন স্বরে কথা বললে সে প্রতিবাদ করে না। মনে হয়, ঋণগ্রস্ত মানুষের বুঝি আত্মসম্মান থাকতে নেই।
তার স্ত্রীও এসব বোঝে। সংসারে চাল কম পড়লে সে মুখ বুজে থাকে। খোকনের নতুন জামা কেনা হয় না। কোনো উৎসব এলে অন্য ছেলেদের আনন্দ দেখে খোকনের মন খারাপ হয়। কিন্তু দবিরের করার কিছু থাকে না।
দাদু জয়নাল গাজী মাঝেমধ্যে দীর্ঘশ্বাস ফেলে বলেন, আমাগে কোপালে সুখ নেই রে দবির। জমি আছে, ফসল নেই। মানুষ আছে, আপনজন নেই। দবির কোনো উত্তর দেয় না। সে জানে, বাপের কথার মধ্যে মিথ্যা নেই। তবে খোকন অন্য রকম। বয়সে তরুণ হলেও তার চোখে অন্যায়ের বিরুদ্ধে এক ধরনের জেদ আছে। সে বাবার মতো সবকিছু মুখ বুজে মেনে নিতে শেখেনি। তার মনে প্রশ্ন জাগে, যারা আত্মীয়, তারা বিপদের সময় পাশে দাঁড়াবে না কেন? দাদন দিয়ে যদি মানুষের অসহায়ত্বকে পুঁজি করা হয়, তবে সেই আত্মীয়তার মূল্য কোথায়?
দবির এসব প্রশ্ন পছন্দ করে না। ছেলেকে বলে, Ñসব কথা সব জাগায় কতি নেই। গরিব মানুষের বেশি কথা কওয়া ভালো না।
খোকন বলে,
গরিব মানুষের কথা না থাকলে তার বিচার করবে কে?
দবির ছেলের দিকে তাকিয়ে থাকে। উত্তর দিতে পারে না।
২.
সেই বছর বুড়িভদ্রার ওপারের বাতাস যেন একটু অন্য রকম ছিল। বর্ষা শেষে জমিতে পানি কমেছে। দবির গাজী অনেক কষ্টে জমি তৈরি করেছে। দাদনের টাকা দিয়ে বীজ, সার, শ্রমিকের খরচ জুগিয়েছে। কয়েকবার মনে হয়েছে, এবারও বুঝি সব শেষ। কিন্তু শেষ পর্যন্ত ধানের গাছগুলো বেঁচে গেছে। শিষে দানা ধরেছে। মাঠের দিকে তাকালে তার বুকের ভেতর অদ্ভুত এক আনন্দ জেগে ওঠে।
এতদিন পর মনে হলো, প্রকৃতি বুঝি এবার তার দিকে মুখ তুলে তাকিয়েছে।
দবির প্রতিদিন জমিতে যায়। ধানের শিষ হাতে নিয়ে দেখে। পাকা ধানের গন্ধে তার মন ভরে ওঠে। সে মনে মনে হিসাব করেÑএবার হয়তো সংসারের কিছুটা অভাব দূর হবে। পুরোনো দেনা শোধ করতে পারবে। খোকনের জন্য একটা ভালো জামা কিনবে। ঘরের চালটা মেরামত করবে। স্ত্রীর জন্য একটা শাড়ি কেনার ইচ্ছাও আছে তার। এমনকি সে ভাবতে শুরু করে, পরের বছর আর দাদন নিতে হবে না। এবারের ফসল থেকে কিছু ধান রেখে দিলে হয়তো নতুন করে চাষের খরচ জোগাড় করা যাবে। কিন্তু মানুষের স্বপ্নের চেয়ে বাস্তবতার হাত অনেক সময় দীর্ঘ হয়।
ধান কাটার সময় এগিয়ে এল। মাঠে সোনালি রং ছড়িয়ে পড়ল। দবিরের তিন বিঘা জমিতেও এবার ভালো ফলন হয়েছে। হিসাব করে দেখা গেল, তার ভাগে চৌদ্দ মণ ধান পাওয়ার কথা।
চৌদ্দ মণ ধান! দবির গাজীর কাছে সংখ্যাটি কেবল ধানের পরিমাণ ছিল না। এর সঙ্গে জড়িয়ে ছিল তার বহু বছরের কষ্ট, ঘাম, অপেক্ষা আর স্বপ্ন।
কিন্তু ধান ঘরে তোলার আগেই বিপদ এসে দাঁড়াল।
খোকনের মামা তমিজ সানা এবং তার আত্মীয়স্বজন হিসাব নিয়ে বসল। তাদের বক্তব্য, দবির গাজীর কাছে তাদের অনেক টাকা পাওনা। পুরোনো দাদন, সুদ, নতুন দাদনÑসব মিলিয়ে দেনার পরিমাণ নাকি এত বেশি যে এবারের ধানের ওপর দবিরের কোনো অধিকার নেই।
দবির প্রথমে বিশ্বাস করতে পারেনি। সে বলল, Ñভাই, এতদিন তো তোমাগের কাছ তে টাকা নে চাষ করিছি। যা পারিছি, ধান দিছি। কিছু টাকা শোধও করিছি। এবার ফলন ভালো হইয়েচ, আমার ভাগের ধানটা দিলে সংসারডা একটু দাঁড়া’তো।
তমিজ সানা নির্বিকারভাবে বলল, তোমার কাছে আমরা অনেক টাকা পাবো দবির। এইবারের চৌদ্দ মণ ধান তোমার ভাগের ভাগ হলেও আমরা দেবো না। আগে সব দেনা শোধ করো।
দবির স্তব্ধ হয়ে গেল।
কিন্তু ভাই, সব ধান নে নিলে আমরা খাব কী? সংসার চলবেন কী দে?
তমিজ সানা এবার একটু বিরক্ত হলো।
Ñসেই হিসাব আমরা করব না। টাকা নেচো, শোধ করবা। আত্মীয় বলে কি টাকা মাফ করে দেবো?
দবির আর কথা বাড়াল না।
সে বুঝতে পারল, আত্মীয়তার সম্পর্কের চেয়ে টাকার হিসাব এখানে অনেক বড়। যে মানুষদের কাছ থেকে সে বছরের পর বছর সাহায্য চেয়েছে, আজ তারাই তার ফসলের ওপর অধিকার দাবি করছে।
কিন্তু দবিরের বুকের ভেতর একটা প্রশ্ন বারবার ধাক্কা দিতে লাগলÑঋণ শোধ করতে করতে যদি নিজের ফসলটুকুও না থাকে, তাহলে বেঁচে থাকবে কীভাবে?
সেদিন সে অনেকক্ষণ জমির পাশে দাঁড়িয়ে ছিল। চারদিকে পাকা ধান। বাতাসে দুলছে সোনালি শিষ। অন্য কৃষকেরা ধান কাটছে। কারও মুখে আনন্দ, কারও মুখে ব্যস্ততা। শুধু দবির গাজীর চোখে কোনো আনন্দ নেই। তার মনে হলো, এই জমিতে ধান ফলেছে ঠিকই, কিন্তু ধানের ওপর তার কোনো অধিকার নেই। সে যেন নিজের জমিতে পরের জন্য ফসল ফলিয়েছে।
৩.
সেদিন বিকেলে দবির গাজী বিলাসপুর হাটে এসে বসল। হাটের এক পাশে পুরোনো বটগাছ। তার নিচে কয়েকজন মানুষ বসে চা খাচ্ছে। কেউ বাজার করছে, কেউ গরু-ছাগল নিয়ে এসেছে, কেউ ধান বিক্রি করতে এসেছে।
দবির চুপচাপ বসে রইল।
তার চোখের সামনে ভেসে উঠছিল চৌদ্দ মণ ধান। সেই ধান দিয়ে সে কী কী করতে পারত! কতদিনের অভাব ঘুচত! কতগুলো রাতের দুশ্চিন্তা কমে যেত!
কিন্তু এখন সবই অনিশ্চিত।
খোকন হাটে এসে বাবাকে দেখতে পেল। বাবার মুখের দিকে তাকিয়েই বুঝল, কিছু একটা ঘটেছে।
Ñআব্বা, কী হয়েচ?
দবির প্রথমে কিছু বলল না। ছেলের দিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে নিল। তারপর ধীরে ধীরে সব খুলে বলল।
খোকন শুনল। একবারও মাঝখানে কথা বলল না। সব শোনার পর তার মুখ শক্ত হয়ে উঠল।
Ñতোমার চৌদ্দ মণ ধান ওরা দেবে না?
Ñনা।
Ñক্যান?
Ñদেনার টাকা আছে। সুদের হিসাব আছে।
Ñতুমি তো জমিতে চাষ করেচাও । খাটেচাও। ফসল ফলায়চাও। তোমার ভাগের ধান তুমি পাবা না ক্যান?
দবির দীর্ঘশ্বাস ফেলল।
Ñগরিব মানুষের আবার এত হিসেব বুঝার দরকার কী রে বাবা? ওরা যা কয়, তাই মাইনে নিতে হয়।
খোকন বাবার দিকে তাকাল। তার মনে হলো, এই কথাটাই সবচেয়ে বড় পরাজয়। একজন মানুষ এত কষ্ট করে ফসল ফলাবে, অথচ নিজের অধিকার চাইতে ভয় পাবে!
সে বলল,
Ñনা আব্বা। এই বিচার মানা যায় না।
দবির ছেলেকে থামাতে চাইল।
Ñতুই কিছু করিস না। ওরা আমার আত্মীয়। তোর মামা। ঝামেলা বাড়াইস নে।
খোকন আর কোনো কথা বলল না। কারণ তার ভেতরে সিদ্ধান্ত তৈরি হয়ে গেছে। সেদিনই সে স্থানীয় জাসদ অফিসের দিকে রওনা হলো।
৪.
জাসদ অফিসটি খুব বড় কিছু নয়। টিনের চাল, সামনে ছোট বারান্দা। দেয়ালে মেজর জলিলের কয়েকটি পোস্টার। ভেতরে কাঠের টেবিল, কয়েকটি চেয়ার, পুরোনো আলমারি। বিকেলের দিকে কয়েকজন নেতা-কর্মী সেখানে বসে আলোচনা করছিলেন।
খোকন গিয়ে তাদের কাছে দাঁড়াল। একজন নেতা জিজ্ঞেস করলেন,
Ñকী ব্যাপার? কিছু বলবে?
খোকন বলল,
Ñএকটা দরখাস্ত দিতে আইছি।
Ñকী বিষয়ে?
খোকন সব খুলে বলল। বাবার দারিদ্র্য, তিন বিঘা জমি, নোনা পানির সমস্যা, বছরের পর বছর দাদন নিয়ে চাষ করা, সুদের বোঝা, এবারের ভালো ফলন এবং তমিজ সানাদের চৌদ্দ মণ ধান আটকে রাখার ঘটনা।
সব শুনে একজন নেতা বললেন,
Ñতোমার বাবার নামে কোনো লিখিত হিসাব আছে?
খোকন বলল,
Ñযতটুকু আছে, তা ওদের কাছেই। আব্বা কত টাকা নিছে, কত টাকা দিছে, সব হিসাব আব্বার কাছে নেই। কিন্তু চৌদ্দ মণ ধান যে আব্বার পাওনা, সেটা সবাই জানে।
আরেকজন বললেন,
Ñআত্মীয়তার সম্পর্ক থাকলেও কারও শ্রমের ফসল অন্যায়ভাবে আটকে রাখা যায় না।
খোকন বলল,
Ñআমি বিচার চাই। আমার আব্বা যেন নিজের ফসলটা পায়।
একজন নেতা তার দিকে তাকিয়ে রইলেন। ছেলেটির বয়স খুব বেশি নয়, কিন্তু কথার মধ্যে দৃঢ়তা আছে।
তারপর দরখাস্ত লেখা হলো। খোকন নিজের বক্তব্য জানালো। নেতারা বিষয়টি নিয়ে নিজদের মধ্যে আলোচনা করলেন।
দরখাস্ত জমা হলো।
খোকন অফিস থেকে বেরিয়ে নদীর দিকে তাকাল। বুড়িভদ্রার ওপারে ভট্টখালি গ্রাম। সেই গ্রামেই তার নানার বাড়ি। সেই গ্রামেই মামাদের বসতি। কতবার সে এই নদী পেরিয়ে আনন্দ নিয়ে সেখানে গেছে! কিন্তু আজ নদীটির দিকে তাকিয়ে তার মনে হলো, মানুষের সম্পর্কের মাঝখানে নদীর চেয়েও গভীর কোনো বিভাজন আছে।
এক পাশে অসহায় কৃষক, অন্য পাশে পাওনাদার আত্মীয়।
৫.
পরদিন দুপুরের দিকে স্থানীয় নেতাদের উদ্যোগে বিচার বসল।
বিলাসপুরের কয়েকজন গণ্যমান্য ব্যক্তি উপস্থিত হলেন। দবির গাজীকে ডাকা হলো। তমিজ সানা ও তার আত্মীয়স্বজনও এলেন। খোকন এক পাশে বসে রইল।
বিচারকাজ শুরু হলো।
প্রথমে তমিজ সানাদের বক্তব্য শোনা হলো। তারা বললেন, দবির গাজী তাদের কাছ থেকে বহু বছর ধরে টাকা নিয়েছে। অনেক দেনা জমেছে। সুদের হিসাবও আছে। তাই এবারের ধান আটকে রাখার অধিকার তাদের আছে।
একজন নেতা জানতে চাইলেন,
Ñআপনারা যে টাকা দিয়েছেন, তার হিসাব আছে?
তমিজ সানা বললেন,
Ñহিসাব আছে। তবে সব কাগজপত্র এখন সঙ্গে নাই।
Ñকত টাকা দিয়েছিলেন? কত টাকা ফেরত পেয়েছেন? কত টাকা বাকি?
এবার তারা কিছুটা অস্বস্তিতে পড়লেন।
কেউ বললেন এক কথা, কেউ বললেন আরেক কথা। পুরোনো দেনার সঙ্গে নতুন দেনা যোগ হলো। সুদের হিসাবও স্পষ্ট নয়।
দবির গাজীকে জিজ্ঞেস করা হলো,
Ñআপনি কী বলবেন?
দবির প্রথমে চুপ করে রইল। তারপর মাথা নিচু করে বলল,
Ñআমি গরিব মানুষ। চাষের সময় টাকা নিচি, এ কথা অস্বীকার করি না। যা পারিচি শোধও করিচি। কিন্তু এবার ফসল ভালো হয়েচ। আমার ভাগে চৌদ্দ মণ ধান পাওয়ার কথা। সব ধান আটকালি আমার সংসার চলবে কী করে? আমি তো আরেকজনের জমিতে জন খাটতে পারবো না। নিজের জমির ফসলটুকু চাই।
কথাগুলো বলার সময় তার গলা কেঁপে উঠল।
একজন নেতা বললেন,
Ñআপনি এতদিন দেনা শোধ করেছেন। কিন্তু সুদের নামে যদি দেনা ক্রমাগত বাড়তেই থাকে, তাহলে একজন কৃষক কোনোদিন ঋণমুক্ত হবে না। তার শ্রমের ফসলের ওপর তার নিজের অধিকার থাকতে হবে।
আরেকজন বললেন,
Ñদাদন দিয়ে কৃষককে চাষ করতে সাহায্য করা এক কথা, আর তার অসহায়ত্বকে ব্যবহার করে ফসল কেড়ে নেওয়া আরেক কথা।
দীর্ঘ আলোচনা হলো।
শেষ পর্যন্ত সিদ্ধান্ত ঘোষণা করা হলো।
পুরোনো সুদের টাকা মওকুফ করতে হবে। সুদের নামে যে বাড়তি হিসাব দেখানো হয়েছে, তা আর দাবি করা যাবে না। আর দবির গাজীর প্রাপ্য চৌদ্দ মণ ধান এখনই তাকে বুঝিয়ে দিতে হবে।
রায় শোনার পর দবির গাজী কিছুক্ষণ নির্বাক হয়ে বসে রইল। তার মনে হচ্ছিল, সে ঠিকমতো শুনতে পেয়েছে তো?
চৌদ্দ মণ ধান সে পাবে!
তার নিজের ফসল!
অনেকক্ষণ পর সে মাথা তুলল। চোখ দুটো ভিজে গেছে।
খোকনের দিকে তাকাল। ছেলেটি চুপচাপ বসে আছে। তার মুখে বিজয়ের উল্লাস নেই, আছে এক ধরনের প্রশান্তি।
দবির মনে মনে ভাবল, এতদিন যে কথাটা সে নিজে বলতে পারেনি, তার ছেলে সেই কথাটাই সবার সামনে বলতে পেরেছে।
৬.
রায় ঘোষণার পর তমিজ সানা ও তার আত্মীয়-স্বজনদের মুখ ভার হয়ে গেল। তারা এমন সিদ্ধান্ত আশা করেনি। নিজেদের সামাজিক অবস্থান ও আত্মীয়তার সম্পর্কের ওপর তাদের একটা ভরসা ছিল। ভেবেছিলেন, দবির গাজী কোনোদিন মুখ খুলবে না। খুললেও তার কথা শোনার কেউ নেই।
কিন্তু এবার ঘটনা অন্যদিকে গড়িয়েছে।
তারা কয়েকজন নেতা-কর্মীর কাছে গিয়ে ক্ষমা চাইতে চাইলেন। বললেন, বিষয়টি আর বাড়াতে চান না। নিজেদের ভুল বোঝাবুঝি হয়েছে। পারিবারিক সম্পর্ক নষ্ট হোক, তা চান না।
নেতারা বললেন,
Ñক্ষমা চাইতে হলে দবির গাজীর কাছে চান। তার ফসলের অধিকার ফিরিয়ে দিন।
তারা দবিরের কাছে গেলেন।
দবির বলল,
Ñআমার কাছে ক্ষমা চালি কী হবে? আমি তো একা এই বিচার করিনি। আপনারা আমার বাবার সঙ্গেও অন্যায় করেছেন।
কথাটি শুনে তমিজ সানা একটু থমকে গেলেন।
দবির আরও বলল,
Ñখোকন আর আমার বাপ জয়নাল একদিন আপনাগের বাড়ি দাদনের টাকা আনতে গেল্। তখন আপনারা তাদের অপমান করেলেন। সেই অপমানের কথা আমার বাপ আজও ভুলতে পারেনি
খোকন পাশে দাঁড়িয়ে সব শুনছিল। সে জানত, ঘটনাটি অনেক পুরোনো। কিন্তু আজ আবার সেই স্মৃতি ফিরে এল।
৭.
সেদিনের কথা জয়নাল গাজী কখনো ভুলতে পারেননি। দবিরের চাষের জন্য টাকা দরকার হয়েছিল। সংসারে অভাব, জমিতে নোনা পানি, চাষের খরচ জোগাড় করা কঠিন। তাই জয়নাল গাজী পুতাছেলে খোকনকে সঙ্গে নিয়ে ভট্টখালিতে ছেলের শ্বশুর বাড়ির আত্মীয়দের কাছে গিয়েছিলেন। ভেবেছিলেন, আত্মীয়ের বাড়ি যাচ্ছেন। সেখানে অন্তত একটু সম্মান পাবেন।
কিন্তু দরজায় দাঁড়াতেই তাদের মুখের ওপর নানা কথা শুনতে হয়েছিল।
কেউ বলেছিল,
Ñটাকা কি গাছে ধরে? যখন-তখন চলে আসো!
কেউ বলেছিল,
Ñআগের টাকাই তো শোধ করতে পারো না। আবার নতুন টাকা চাইতে এসেছ?
জয়নাল গাজী মাথা নিচু করে দাঁড়িয়ে ছিলেন। তিনি বয়সে বড়, অভিজ্ঞ মানুষ। কিন্তু অভাবের কাছে তার সেই অভিজ্ঞতা, বয়স, আত্মসম্মানÑসবকিছু যেন মূল্যহীন হয়ে পড়েছিল। ছোট্ট খোকন পাশে দাঁড়িয়ে ছিল। সে সব শুনেছিল। দাদার মুখের দিকে তাকিয়েছিল। দাদার চোখে অপমানের জল দেখেছিল।
সেদিন তারা টাকা পেয়েছিল কি না, তার চেয়েও বড় হয়ে উঠেছিল অপমানের স্মৃতি। জয়নাল গাজী বাড়ি ফিরে বলেছিলেন,
Ñগরিব মানুষের আত্মীয় থাকলেও সম্মান থাকে না রে। টাকা না থাকলে আপনজনও পর হয়ে যায়।
সেই কথাটা খোকনের মনে গেঁথে ছিল। আজ এতদিন পর সে বুঝতে পারল, সেই অপমান শুধু তার দাদার ছিল না। সেটা ছিল গোটা দরিদ্র পরিবারের অপমান। আর সেই অপমানের বিরুদ্ধে দাঁড়ানোই তার দায়িত্ব।
৮.
তমিজ সানা ও তার আত্মীয়স্বজন এবার জয়নাল গাজীর কাছে গেলেন।
জয়নাল গাজী উঠোনে বসে ছিলেন। বয়সের ভারে শরীর নুয়ে পড়েছে। মুখে সময়ের ছাপ। চোখে দীর্ঘদিনের অভিজ্ঞতা।
তারা কাছে গিয়ে বললেন,
Ñতাওয়াই, সেদিনের কথায় যদি কষ্ট পেয়ে থাকেন, মাফ করে দেন। আমাদের ভুল হয়েচে।
জয়নাল গাজী কিছুক্ষণ চুপ করে রইলেন।
তারপর বললেন,
Ñকষ্ট তো পাইয়েলাম। অনেক কষ্ট। কিন্তু গরিব মানুষের কষ্টের কথা কে শোনে? তোমরা তখন টাকা দিতে চাও নাই, সেটা তোমাদের ব্যাপার ছিল। কিন্তু কথা কতি গে মানুষরে ছোট করবা ক্যান?
কেউ কোনো উত্তর দিল না।
জয়নাল আবার বললেন,
Ñআমি বুড়াে মানুষ। আর কতদিন বাঁচপো জানি নে। কিন্তু একটা কথা মনে রাখবা, গরিব মানুষের ঘরেও সম্মান থাকে। তার পেটে ভাত নাই বলে তার আত্মসম্মান থাকবে না, এমন তো কোনো কথা নাই।
তমিজ সানা মাথা নিচু করে রইলেন। জয়নাল গাজী আর কিছু বললেন না। তার কাছে ক্ষমা চাওয়ার চেয়ে বড় ছিল সেই পুরোনো অপমানের সত্য স্বীকার করা।
৯.
কয়েকদিন পর দবির গাজীর ঘরে চৌদ্দ মণ ধান উঠল। ধানগুলো উঠোনে রাখা হলো। স্ত্রী ধান দেখে খুশি হলো। অনেকদিন পর তাদের ঘরে যেন একটু স্বস্তির বাতাস বইল।
খোকন উঠোনের এক পাশে দাঁড়িয়ে ছিল। দবির গাজী ধানের দিকে তাকিয়ে বলল,
Ñএই ধান না পালি এ বছর আমাগে কী হ’তো জানি নে। স্ত্রী বলল,
Ñআল্লাহর রহমত। ছেলেটা সাহস ক’রে না দাঁড়ালি তো সবই শেষ হইয়া যাইত।
দবির খোকনের দিকে তাকাল।
Ñতুই ঠিক কাজ করছিস বাবা। আমি ভয় পাইতেলাম। ভাবদেলাম, আত্মীয়স্বজনের সঙ্গে ঝামেলা বাড়বে। তুই আমার জন্য যা করলি তা কোনোদিন ভুলা যাবে না। খোকন বলল,
Ñআমি তোমার জন্য শুধু না আব্বা। এই অন্যায়টা যেন আর কারও সঙ্গে না হয়, সেই জন্যও করিচি।
দবির ছেলের মাথায় হাত রাখল।
তার মনে হলো, যে ছেলেকে এতদিন সে অভাবের মধ্যে বড় করেছে, সেই ছেলেই আজ তাকে আত্মসম্মান নিয়ে বাঁচার সাহস ফিরিয়ে দিয়েছে।
সেদিন রাতে জয়নাল গাজী অনেকক্ষণ উঠোনে বসে ছিলেন। আকাশে চাঁদ উঠেছে। দূরে বুড়িভদ্রার দিক থেকে বাতাস আসছে। নদীর স্রোতের শব্দ খুব স্পষ্ট নয়, তবু একটা মৃদু কলকলানি শোনা যায়।
জয়নাল পোতাকে (পৌত্র) কাছে ডাকলেন।
Ñখোকন, একটা কথা কই।
Ñকও দাদা।
Ñমানুষের জীবনে টাকার দরকার আছে। টাকা ছাড়া সংসার চলে না। কিন্তু টাকার চেয়ে বড় জিনিস হইল মানুষ। গরিবের সঙ্গে অন্যায় করিস না, আর কেউ অন্যায় করলে চুপ কইরা থাকিস না।
খোকন মাথা নাড়ল।
জয়নাল আবার বললেন,
Ñআমরা গরিব। কিন্তু আমরা অন্যায় করিনি। এই কথাটা মনে রাখিস।
খোকন দাদার হাত ধরল।
১০.
বুড়িভদ্রা আগের মতোই বয়ে চলেছে।
উত্তর পারে ভট্টখালি, দক্ষিণ পারে বিলাসপুর। খেয়ানৌকা প্রতিদিনের মতো মানুষ পারাপার করছে। কেউ বাজারে যাচ্ছে, কেউ আত্মীয়ের বাড়ি, কেউ কাজের সন্ধানে। নদীর স্রোত থেমে নেই।
কিন্তু খোকনের কাছে নদীটির অর্থ যেন বদলে গেছে। সে বুঝেছে, নদী দুই পাড়কে আলাদা করে ঠিকই, কিন্তু মানুষের মধ্যে দূরত্ব তৈরি করে নদী নয়। সেই দূরত্ব তৈরি করে স্বার্থ, অহংকার আর অর্থের দম্ভ।
যারা আত্মীয়তার সম্পর্কের কথা বলে, তারাই কখনো কখনো সবচেয়ে বেশি আঘাত দেয়। আবার যারা রক্তের সম্পর্কের বাইরের মানুষ, তারাই কখনো ন্যায়বিচারের পাশে এসে দাঁড়ায়।
দবির গাজী এখনো গরিব। তার তিন বিঘা জমির নোনা পানি এখনো পুরোপুরি দুর হয়নি। আগামী বছর আবার চাষের খরচের চিন্তা আসবে। জীবনের সব সমস্যা একদিনে মিটে যায়নি। কিন্তু একটি জিনিস বদলেছে।
দবির গাজী এখন জানে, নিজের অধিকারের কথা বলা অপরাধ নয়। ঋণী হলেই মানুষ তার শ্রমের ফসল থেকে বঞ্চিত হতে পারে না। দারিদ্র্য কাউকে অন্যের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য করে না। আর খোকন বুঝেছে, প্রতিবাদ সব সময় বড় বড় মঞ্চে দাঁড়িয়ে করতে হয় না। কখনো কখনো একটি দরখাস্তও অন্যায়ের বিরুদ্ধে শক্তিশালী অস্ত্র হয়ে উঠতে পারে।
সেদিন বুড়িভদ্রার ওপারে সূর্য ডুবছিল। নদীর পানিতে লাল আলো পড়ে ঝিলমিল করছিল। খোকন ঘাটে দাঁড়িয়ে ছিল। তার মনে হচ্ছিল, নদীটি যেন তাকে কিছু বলতে চাইছে। হয়তো বলছে, স্রোত যত ছোটই হোক, তার প্রবাহ থামিয়ে রাখা যায় না।
মানুষও তেমন।
দারিদ্র্য তাকে দুর্বল করতে পারে, অভাব তাকে নত করতে পারে, অপমান তাকে কষ্ট দিতে পারে; কিন্তু তার ভেতরে যদি প্রতিবাদের স্রোত বেঁচে থাকে, তবে একদিন সে নিজের অধিকার আদায় করবেই।
খোকন নদীর দিকে তাকিয়ে রইল।
ওপারে ভট্টখালি। এপারে বিলাসপুর।
মাঝখানে বুড়িভদ্রা।
নদীটা ছোট, কিন্তু তার স্রোত এখনো আছে।

Ads small one

৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ণ
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি

মিস ইউনিভার্সের (বিশ্বসুন্দরী) মুকুট জয় মানে শুধু বিশ্বসুন্দরীর খেতাব অর্জন নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি, আর্থিক সুবিধা ও পেশাগত সম্ভাবনার নতুন দুয়ার খুলে যাওয়া। এক বছরের জন্য বিজয়ীর জন্য থাকে বিলাসবহুল আবাসন, বিশ্বভ্রমণ, ব্যক্তিগত স্টাইলিস্ট, মেকআপ বিশেষজ্ঞসহ নানা সুযোগ-সুবিধা।

এবার সেই স্বপ্নের মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনেত্রী সামিরা খান মাহি। ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’-এর মুকুট জিতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন তিনি।

 

আগামী ২৪ নভেম্বর ক্যারিবীয় দ্বীপপুঞ্জের পুয়ের্তো রিকোয় বসবে প্রতিযোগিতাটির ৭৫তম আসর। সেখানে সেরার মুকুট জিততে পারলে আন্তর্জাতিক অঙ্গনে মাহির পরিচিতি ও পেশাগত জীবনে যুক্ত হতে পারে নতুন মাত্রা। এ সময় প্রায় ৬১ কোটি টাকা মূল্যের মুকুট পরার সম্মান পাবেন তিনি।

২২৬ কোটি টাকার ঋণ, আবেগঘন বার্তা অনন্ত জলিলের২২৬ কোটি টাকার ঋণ, আবেগঘন বার্তা অনন্ত জলিলের
২০২৫ সালের বিজয়ী ফাতিমা বশের মাথায় ওঠা ‘লুমিয়ের দে লা ইনফিনি’ মুকুটটির আনুমানিক মূল্য ৫০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৬১ কোটি টাকা। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, গয়না প্রস্তুতকারক প্রতিষ্ঠান জুয়েলমার মুকুটটি তৈরি করেছে।

 

তবে এত দামি মুকুট মাথায় পরার সুযোগ পেলেও সেটির মালিকানা পান না বিজয়ী। মূলত দায়িত্ব পালনের এক বছর বিভিন্ন অনুষ্ঠান ও আনুষ্ঠানিকতায় মুকুটটি ব্যবহার করেন তিনি। পরবর্তী আসরে নতুন বিজয়ীর মাথায় মুকুট তুলে দেওয়ার মধ্য দিয়ে শেষ হয় আগের বিজয়ীর দায়িত্ব। অর্থাৎ মুকুটের মালিকানা নয়, এটি পরার সম্মানটুকুই পান বিশ্বসুন্দরী।

প্রথমবার মিললো ‘ডার্ক ম্যাজিক মাশরুম’

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ণ
প্রথমবার মিললো ‘ডার্ক ম্যাজিক মাশরুম’

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বিশ্বের প্রথম ডার্ক ম্যাজিক মাশরুম বা ভেষজ ছত্রাকের সন্ধান পাওয়া গেছে, যা একই সঙ্গে হ্যালুসিনেশন এবং মৃত্যুর কারণ হতে পারে। বৈজ্ঞানিক জার্নাল কারেন্ট বায়োলজি-তে প্রকাশিত গবেষণায় মাইকোলজিস্টরা জানিয়েছেন, গ্যালেরিনা ইন্ডিকা নামের এই প্রজাতিটি বিশ্বজুড়ে প্রথম যার মধ্যে সাইকেডেলিক বা মানসিক আবেশ সৃষ্টিকারী এবং বিষাক্ত উভয় উপাদানই রয়েছে।

এর আগে কিছু মাশরুমে শুধু সাইলোসাইবিন (ম্যাজিক মাশরুমের উপাদান) এবং অন্যগুলোতে অ্যামাটক্সিনের মতো বিষাক্ত উপাদান পাওয়া গেলেও একসঙ্গে দুটির উপস্থিতি এই প্রথম মিললো। গবেষণার সহ-লেখক অ্যান্ড্রু কুনিখ বলেন, আমরা জানতাম যে এটি সম্ভব, তবে আরও নিবিড় বিশ্লেষণ না করা পর্যন্ত আমরা খুব বেশি উচ্ছ্বসিত হতে চাইনি।

অন্যান্য সাধারণ বাদামী মাশরুমের মতো দেখতে হওয়ায় এগুলোর মধ্যে পার্থক্য করা কঠিন বলে জানান ফ্লোরিডার স্টেট মাইকোলজিস্ট ও গবেষক ম্যাথিউ স্মিথ। তিনি আরও বলেন, মানুষের জীবন বাঁচাতে এমন আবিষ্কার অত্যন্ত জরুরি। প্রজাতিগুলো সম্পর্কে জানা এবং সেগুলো কোনও সমস্যা তৈরি করতে পারে কি না, তা চিহ্নিত করাই তার কাজের অংশ।

ইউনিভার্সিটি অব ইউটার মাইকোলজিস্ট এবং গবেষণার আরেক সহ-লেখক ব্রিন ডেন্টিঙ্গার জানান, এই ছত্রাকে উভয় উপাদানের উপস্থিতির কারণ সম্ভবত হরাইজন্টাল জিন ট্রান্সফার। বিষয়টিকে তিনি এভাবে ব্যাখ্যা করেন, যেন আমরা হাত মেলালাম এবং আমার ডিএনএর কিছু অংশ আপনার জিনোমে মিশে গেলো।

সূত্র: উইয়ন নিউজ

৪ হাজার কোটির ‘রামায়ণ’ কি ফ্লপ হচ্ছে?

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ণ
৪ হাজার কোটির ‘রামায়ণ’ কি ফ্লপ হচ্ছে?

মুক্তির মাত্র আট দিনের মাথায় বিশ্বজুড়ে বক্স অফিসে এক হাজার কোটি রুপির মাইলফলক পেরিয়ে গেছে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসের অন্যতম ব্যয়বহুল সিনেমা ‘রামায়ণ: পার্ট ১’। নীতিশ তিওয়ারি পরিচালিত এই ছবিতে রামের চরিত্রে রণবীর কাপুর এবং রাবণের চরিত্রে অভিনয় করেছেন যশ। কিন্তু আকাশচুম্বী বাজেট, দুর্বল চিত্রনাট্য এবং আন্তর্জাতিক বাজারে প্রত্যাশা পূরণ করতে না পারায় ছবিটিকে ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক, এত আয়ের পরও কি আদতে সফল হলো ‘রামায়ণ’?

বিশাল বাজেটের বড় চ্যালেঞ্জ

এনডিটিভি প্রফিটের প্রতিবেদন অনুযায়ী, দুই পর্বের ‘রামায়ণ’-এর সম্মিলিত বাজেট প্রায় ৪ হাজার কোটি রুপি। প্রথম পর্বের উৎপাদন ব্যয় আনুমানিক ২ হাজার কোটি রুপি ধরা হলে শুধু প্রেক্ষাগৃহ থেকে এই অর্থ তুলে আনতে বিশ্বজুড়ে প্রায় ৫ হাজার কোটি রুপি আয় করতে হবে। ১২ নভেম্বর পর্যন্ত ছবিটি বিশ্বব্যাপী ১ হাজার ৩৩ দশমিক ৫৫ কোটি রুপি আয় করলেও প্রযোজকের হাতে প্রেক্ষাগৃহ থেকে আসা লভ্যাংশের পরিমাণ দাঁড়িয়েছে মাত্র ৪০০ থেকে ৪৫০ কোটি রুপি। স্ট্রিমিং ও স্যাটেলাইট স্বত্ব থেকে আয় যুক্ত হলেও বিশাল এই বাজেটের কারণে ছবিটির চূড়ান্ত মুনাফা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

মুক্তির দিনের হতাশা ও দুর্বল আবেগ

হিন্দুস্তান টাইমসের তথ্যমতে, প্রথম দিনে বিশ্বব্যাপী ১৬০ কোটি রুপি আয়ের পূর্বাভাস থাকলেও ছবিটি আয় করে প্রায় ১২৭ কোটি রুপি। পরবর্তী সময়ে গতি বাড়লেও নির্মাণের মান নিয়ে সমালোচনা কমেনি। এনডিটিভি ইন্ডিয়ার পর্যালোচনায় বলা হয়েছে, ছবিটির প্রোডাকশন ডিজাইন ও মহাকাব্যের কম পরিচিত অধ্যায়গুলোর উপস্থাপনা প্রশংসনীয় হলেও এর চিত্রনাট্য দুর্বল, আবহসংগীত অতিরিক্ত উচ্চশব্দের এবং আবেগের গভীরতার অভাব রয়েছে। রামের চরিত্রে রণবীর কাপুরের মানিয়ে নিতে সময় লাগলেও রাবণ চরিত্রে যশের অভিনয় ছবির অন্যতম শক্তিশালী দিক হিসেবে উঠে এসেছে।

ভিএফএক্স বনাম গল্প ও আন্তর্জাতিক বাজার

নমিত মালহোত্রার প্রাইম ফোকাস স্টুডিওস এবং অস্কারজয়ী ভিএফএক্স প্রতিষ্ঠান ডিএনইজি-র যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটিতে হলিউড মানের ভিজ্যুয়াল ইফেক্টস ব্যবহার করা হয়েছে।

তবে বিশ্লেষকদের মতে, কেবল দৃষ্টিনন্দন ভিজ্যুয়াল ইফেক্টস দর্শকের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে না, যদি গল্পের আবেগ ও নৈতিক দিকটি দুর্বল হয়।

এ ছাড়া ছবিটিকে একটি বৈশ্বিক ফ্র্যাঞ্চাইজি হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্যও পুরোপুরি সফল হয়নি।

দ্য ইকোনমিক টাইমসের মতে, প্রথম ছয় দিনে ভারতে ৪০৩ দশমিক ৯ কোটি রুপি আয় করলেও বিদেশের বাজারে আয় হয়েছে মাত্র ২৬০ কোটি রুপি।

চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক গিরিশ ওয়াংখেড়ে দ্য ইকোনমিক টাইমসকে বলেন, পশ্চিমা দর্শকদের সঙ্গে সংযোগ স্থাপনের যে প্রতিশ্রুতি ছবিটি দিয়েছিল, তা প্রত্যাশা পূরণ করতে পারেনি।

আগের নির্মাণের সঙ্গে তুলনা ও চূড়ান্ত হিসাব

রামানন্দ সাগরের জনপ্রিয় টিভি ধারাবাহিক, ১৯৯৩ সালের ইন্দো-জাপানি অ্যানিমেশন ছবি কিংবা ২০২৩ সালে সমালোচিত ‘আদিপুরুষ’ আগের এসব নির্মাণের কারণে দর্শকদের প্রত্যাশার চাপ ছিল অনেক বেশি। সব মিলিয়ে ‘রামায়ণ: পার্ট ১’-কে সরাসরি ফ্লপ বলা না গেলেও বিশাল বিনিয়োগের তুলনায় এর আর্থিক সাফল্য ও বৈশ্বিক প্রভাব এখনও পরীক্ষার মুখে রয়েছে।

উদ্বিগ্ন নন প্রযোজক

বিপুল এই লগ্নির পরও লাভ-ক্ষতি নিয়ে মোটেও উদ্বিগ্ন নন প্রযোজক নমিত মালহোত্রা। সম্প্রতি বিবিসি এশিয়ান নেটওয়ার্কে হারুন রশিদকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, প্রথম পর্ব প্রত্যাশিত অঙ্ক তুলতে না পারলেও দ্বিতীয় পর্ব সেই ঘাটতি পুষিয়ে দেবে।

টাওয়ার অব লন্ডন বা তাজমহলের দাম যেমন সংখ্যায় মাপা যায় না, তেমনি ‘রামায়ণ’-কে তিনি ‘জীবনে একবারই আসে এমন সুযোগ’ এবং ‘ঐশ্বরিক হস্তক্ষেপ’ হিসেবে দেখছেন। তার মতে, প্রতিটি ডলার ও সেন্টের হিসাব কষা বেশ ‘অশোভন’।

প্রথম পর্ব লক্ষ্যমাত্রা পূরণ না করলে কী হবে, এমন প্রশ্নে নমিত বলেন, আমরা এখনও চলচ্চিত্র যাত্রার মাঝপথে আছি। সবে প্রথম পর্ব বানিয়েছি। দ্বিতীয় পর্বটি প্রথমটির চেয়েও বড় সিনেমা হতে যাচ্ছে, তাই আমি দুটি সিনেমার শেষেই বাণিজ্যিক ফলাফল বিচার করতে চাই। এটিই বুদ্ধিমানের কাজ, কারণ এই সিনেমাটি যদি ভালোবাসা পায় কিন্তু সব অঙ্ক মেলাতে না পারে, আমরা জানি যে দ্বিতীয় পর্ব এসে সেটি সামলে নেবে।