গোপালগঞ্জে অপহৃত শিশু ভারতে পাচারের আগে ভোমরা থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
পত্রদূত ডেস্ক: গোপালগঞ্জে অপহরণের তিন দিন পর সাতক্ষীরার ভোমরা সীমান্ত এলাকা থেকে অপহৃত শিশু সাজিম শিকদার ইয়াছিনকে (১২) উদ্ধার করেছে পুলিশ। এ সময় মুক্তিপণ দাবিকারী ও পাচারচেষ্টায় জড়িত মুন্না শিকদার (৩০) নামে এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে।
উদ্ধার হওয়া সাজিম গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা গ্রামের আকাশ শিকদারের ছেলে। অন্যদিকে গ্রেপ্তার মুন্না শিকদার কোটালীপাড়া উপজেলার কাকডাঙ্গা গ্রামের লালন সিকদারের ছেলে এবং শিশুটির দূর সম্পর্কের আত্মীয়।
বৃহস্পতিবার রাতে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার ও আসামিকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার জানায়, গত ৬ অক্টোবর রাত ৮টার দিকে বাসার পাশের একটি দোকান থেকে খাবার কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে সাজিমকে নিয়ে যান মুন্না। পরে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে তাকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে অপহরণ করা হয়।
এরপর বিভিন্ন নম্বর থেকে কল করে শিশুটির বাবার কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন মুন্না; টাকা না দিলে সাজিমকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। এ ঘটনায় শিশুটির বাবা আকাশ শিকদার গোপালগঞ্জ সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ জানতে পারে, শিশুটিকে প্রথমে ট্রেনে করে ঢাকায় এবং পরবর্তীতে ভারতে পাচারের উদ্দেশ্যে সাতক্ষীরায় নিয়ে যাওয়া হয়েছে।
পরে সাতক্ষীরা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে পুলিশ। ঘটনার বিষয়ে ওসি আমিনুল ইসলাম জানান, শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। এ চক্রের সঙ্গে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।











