গ্রাম পরিচ্ছন্ন রাখতে তালায় ‘ওয়াশ ক্যাম্পেইন’
পাটকেলঘাটা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার গ্রামগুলোকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও রোগমুক্ত রাখার লক্ষ্যে ‘ওয়াশ ক্যাম্পেইন’ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সোমবার সকালে উপজেলার খানপুর গ্রামে গ্রাম উন্নয়ন কমিটির উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ওয়ার্ল্ড কনসার্ন’-এর আলো প্রকল্পের সহায়তায় এই অভিযান পরিচালিত হচ্ছে।
কর্মসূচি উপলক্ষে খানপুর মিশন সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তালা সদর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সভায় বক্তারা স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার, বাড়ির আঙিনা পরিষ্কার রাখা এবং নিয়মিত হাত ধোয়ার মাধ্যমে রোগব্যাধি প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে একটি সচেতনতামূলক শোভাযাত্রা গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে গ্রামের রাস্তাঘাট ও বাসিন্দাদের বাড়ির আশপাশে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। অভিযানে জনপ্রতিনিধি, এনজিও কর্মী, সমাজকর্মী ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।






